শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিঃসঙ্গতা

নিঃসঙ্গতাই তো চেয়েছি  চেয়েছি একার থেকেও আরো
আরো একলা হতে ।
যেমন  পাহাড়ী বরফের ভেতর হারিয়ে যাওয়া আরোহীর শরীর.... ।
যেমন আত্মা-সফরের  প্রথম দিনে প্ররোদ্ধ হীন আত্মা...
তেমন একলা হতে চেয়েছি এই অজানা আত্ম-সফর ভিড়ে।
কেউ ছিনিয়ে নিক এই আলো অন্ধকার যা চিরন্তন 
সেই অন্ধকারে মিশে একাকার হতেই চেয়েছি এই অনন্তে 
আলো তো ক্ষণিকের ...আলোর আগে আর পরে সেই অন্ধকার সত্যি ,
আর কোনো মিথ্যে প্রশ্রয়ে মোহ নয় মোক্ষ কেবল নিঃসঙ্গতার 
ভেতর অন্ধকারের ভেতর ।

#সই




শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

পরের জন্মে

পরের জন্মে মানুষ হই যদি
হবো লম্পট 
হবো বিশ্বাস ঘাতক,
হবো দ্বি চারিত এক মানুষ, 
হবো অকৃতজ্ঞ, 
হবো স্বার্থপর, 
হবো বাহানা বাজ এক মিথ্যুক, 
হবো চরিত্রহীনতায় বুঁদ 
এক জঘন্য মানুষ 
হবো ঠকবাজ । 
 হবো দায় হীন অপরাধী 
কিংবা মারাত্মক এক খুনি, 
হাতে কিংবা মনে থাকবে ধারালো অস্ত্র,
পরের জন্মে মান-হুস হীন এক দারুন
রকম মানুষ হয়ে বাচাঁর মত বাচঁবো 
এ জন্মটা বাচঁতে চেয়ে স্রেফ বারে বারে মরতে হলো। 


বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

ডেলিসোপ আর শহর

ডেলিসোপের শহরে আশ্রয় বলে কিছু হয় না 
সবটাই সময় কাটানো ...
সবটাই প্লাস্টিকের....
সবটাই কাঁচ ব্যায়ামে সাজানো সো পিস।
আর বেচেঁ থাকাটা শুধুমাত্র পুতুল খেলা ।

সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

পুড়িয়ে ফেললাম

 তোমার জন্য এবার কেবল আগুন টুকুই লেখার ছিলো
ভালো খারাপ সব স্মৃতিই দহনের কারণ ,
...পুড়িয়ে ফেলতে না পারলে রোজ নিজেকে পোড়াতে হয়।
অসুস্থ্ হয়ে বাঁচতে বড্ড কষ্ট হয় তুমি বুঝবে না ,
নিজেকে সুস্থ রাখতে এবার তোমাকে শেষমেশ পোড়াতেই হলো।

সময় ফেরৎ হয় না বলেই ভালো কিংবা খারাপ সব স্মৃতির সাথে তোমায় আহুতি দিলাম ,,
ভালোবাসা ,আশ্রয় , মন্দবাসা , যত্ন এবং তারও পরে 
বহুকাল ধরে ঘৃণা লিখতে লিখতে  হাঁপ ধরেছে ,
নিজেকে সুস্থ রাখতে চাওয়ায় দোষ নেই 
তাই তোমাকে শেষমেশ পুড়িয়ে ফেলোতেও কোনো অপরাধ বোধ কাজ করলো না ।




মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ক্রমশ

ক্রমশ দুচোখের আকাশ থেকে তুমি সরে যাচ্ছো 
কিংবা  মাটির আরো আরো গভীরে  তলিয়ে যাচ্ছি আমি ,
ক্রমশ মাঝের  সাকোটা কুয়াশায় ডুবে যাচ্ছে
কিংবা আমি গভীর ঘুমের সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি অতলান্তে।
ক্রমশ শহর ফুরিয়ে আসছে আমাদের গল্প থেকে 
 কিংবা উপন্যাস হয়তবা উপসংহারে মাইল স্টোন ছুঁয়েছে।
ক্রমশ শীত হাওয়া আমাদেরকে বরফে মুড়ে ফেলছে 
কিংবা দীর্ঘ নীরবতা তোমার আমার ওপর ব্যাধির মত বিছিয়ে 
যাচ্ছে ।
ক্রমশ লেখা গল্পের অক্ষরেরা অন্ধ হয়ে যাচ্ছে 
 কিংবা স্মৃতি থেকে সময়ের আগুন গল্প লেখার খাতা পুড়িয়ে ফেলছে ।
ক্রমশ মাটি চাপা দিচ্ছি  আমারা সময়কে
 কিংবা এক অপরের সব টুকু  গোপন কবরে  করছি দফন ।
ক্রমশ আমাদের কাহিনী থেকে  তোমার আমার আর তারপর আলাদা আলাদা কাহিনীতে তুমি আর আমি অন্য চরিত্রে।

#সই ( ক্রমশ)



মানচিত্রের কথা

মানচিত্র পালটে ফেলতে ফেলতে কখন যেন
ঘর হীন হয়ে গেছি হাতের মুঠোয় চারফুট জমির মাটিটুকুই 
এখন সম্বল ।
শীত মাখা শহরে পুরোনো উষ্ণতার কথা সুখের দিনের
মতোই লাগে ....তুমি আমি দুজনেই মানচিত্র এঁকেছি নতুন করে  তাই স্মৃতিদের কেবল সুখের খেতাব মুড়ে রাখি ।

এই খালপাড় ,ফেরি ঘাট , স্টেশন , আমার কফিন বন্দী শরীরে নিচে আরো নিচে বুক পাঁজরের তলায় রাখা ... এদের কাছে
চাওয়ার দিন আজ আর নেই ।

তোমার শেষের কবিতার শেষ ছত্র টুকু আমায় লিখতে দিও 
বলেছিলাম একদিন  সেসব ছেলে মানুষী কথারা 
স্বেচ্ছা মৃত্যুতে খুশি এখন ।

তোমার জন্য  জীবনের রিয়ারভিউ গ্লাসে বেচেঁ থাকার গল্প রাখা রইলো ,
সে গল্পের শোকেসে কাঁচ ব্যায়ামে আরো একটা গল্প থাকবে 
তোমার দিকে তাকিয়ে ,
একটা দীর্ঘ ব্যাধির মত আমার কথা মনে পড়বে তোমারও।
কিছু ছাপ নাম বিহীন আর দৃশিত হয় না তবুও বড্ড গাঢ় তার
অনুভব ।

#সই (মানচিত্রের কথা)




শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

বলেছিলাম


বলেছিলাম হয়তো ফেরা হবে না 
বলেছিলাম গোঙ্গার পারে অশ্বত্থ গাছটা হয়তো ভুলে যাবে
আমাকে ,
বলেছিলাম স্বর্গ দুয়ারে দাঁড়িয়ে সেদিনের আমাদের কথপোকথন একটা ফুলস্টপ,
বলেছিলাম একবার মুখ ফিরিয়ে নিলে  আমি শত চেষ্টা করেও ফিরতে পারিনা ।

বলেছিলাম আগামী কোনো বসন্ত কে তুমি টিপের পাতা আর চকলেট দিও না ভালোবেসে ,
বলেছিলাম এক দিন পাহাড়ী ঝর্ণার পাশে এক চিলতে বারান্দায় একটা কবিতা আঁকব ক্যানভাস জুড়ে ...

বলেছিলাম আমায় দত্তক নেবে ?
বলেছিলাম বছর কুড়ি সময়টা তেমন বেশি নয় ।
বলেছিলাম তুমি কিংবা আমি স্বচ্ছ কাঁচের মত থাকবো আজন্ম।

 ফিরেছিলাম একদিন ....
গঙ্গার পারে অশ্বত্থ গাছটা আমায় দেখে হেসেছিল আগের মতই ,
স্বর্গ দুয়ার ছিল নয়ন বাতির নিচে মাথা নিচু করে দাঁড়িয়েছিল,,
মুখ ফিরিয়ে নেওয়া আমি ফিরেছিলাম ট্রাম লাইনের শহরে ,
ঋতু বদল হয়েছে আকাশের গায়ে শহরের বুকে,
বসন্ত এসেছে যেমন আসে ...তুমি বিশ্বাসী হতে পারোনি,
আমার ক্যানভাসে কেবল তেজপাতা রং  বড্ড বেশি রকম তীব্র,
পাহাড়ে গেছি বহুবার কবিতা আঁকব বলে কিন্তু হয়নি কিছুই ,

তুমি দত্তক নিয়েছো অন্য কোনো কবিতাকে 
আমি ফিরতে পারিনি আগের মত করে ।
শুধু বুঝেছিলাম স্পর্শ মরে গেছে চোখ ও মন থেকে ।