বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

স্বপ্ন দেখা

ভয় কেটেছে একা সফরের ?
ভিড়ের ভেতর হারানো পথ স্বভাব তো সব শহরের
সোফিয়াটোনে স্বপ্ন বুনছে বৃষ্টির  ছাঁট বারান্দাতে 
 বুনন জুড়ে থাকছি বলেই রাত বিরেতে জাগছি বটে 
কল্লোলিনী ভাসছে ভীষণ ভিজছে না মন তবুও তেমন
মনের খবর রাখছে মন  সর্দি জ্বরে  আছো কেমন?
মাথার ওপর জলের পটি দিচ্ছ নাকি নিজেই এবার
 পুড়ছে শরীর   গরম তাপে  হয়তো হৃদয়  সংগোপনে
ভীষণ রকম পুড়ছে এবার ।
পুড়ুক  নাহয় হলোই ছাই 
ভয় কেটেছে হারিয়ে ফেলার  লাগছে ভালো ভীষণ তাই
  সোফিয়াটোনে  চোখ রাখা তুমিও এবার নাও শিখেই... ♥️

#সই ( স্বপ্ন দেখা)

বৃষ্টি

একটানা রাত জুড়ে বৃষ্টি বিছিয়ে দেয় হাজারো কথপোকথন 
বিছানার পাশে যেমনটা তুমি আমার যত্নে থাকো আনমন
দিন ফুরোয় রাতের অপেক্ষায় পথ হারায় যেমনটা আরো একটা পথের আবিষ্কারে,
একটানা রাত জুড়ে বৃষ্টি বুনে যায় অজানা গল্প 
ভালোবাসো বলেই মেঘের আড়ালে দাঁড়িয়ে ছুঁয়ে দেখো আমার সব গল্প।
 দিন ফুরোয়  রাতের অপেক্ষায়  ক্ষত সেরে যায় 
যেমন ভুলে যাওয়া একটা  পুরোনো অসুখ।
একটানা রাত জুড়ে বৃষ্টি বিছিয়ে দেয় শহরময় থৈ থৈ একলা মনে 
শব্দের ভিড়ে একা  ভিজে যাও .... সিগন্যালে দাঁড়ানো সম্পর্কে মানে তুমিও এবার গিয়েছ জেনে ....💕
#সই(বৃষ্টি 

ঠিক ভুল

বুঝে গিয়ে বোঝাপড়া এক সেতুর দু কিনার নয়
গভীর রাতে মাঝে মধ্যে নিজের ঘরেও ভয় তো হয়
সময় মাপার যন্ত্র জানে লুকিয়ে রাখার যন্ত্রণা
প্রিয়জন হয় না কেউ বানান ভুলেই প্রয়োজন।
এই পৃথিবীর আকাশ একই
 কোথাও রোদ  কোথাও বৃষ্টি
পুড়ছে শরীর ভিজছের মন
খবর আছে সবই কারণ,
দাবির ভেতর নেই ঠিকানা
অধিকারেও ধারধারে না
ভুলের দেশে তাসের ঘর 
রাজা রানী সক্কলে পর,
ভুল বলে হয় না কিছুই
সময় পেরোয়  দামের কাঁটা শূন্য  ছুঁলেই 
এই যে এত গরমিল জীবন অঙ্ক জানে বলেই....?🍁
#সই (ঠিক ভুল)




বুধবার, ৩০ জুলাই, ২০২৫

অভিশাপ

কুড়িয়ে পাওয়া অভিশাপের মুখোশের ওপর ভালবাসা
কথাটায় লেখা ছিল...
অনেকটা পথ হেঁটে ক্লান্ত মনে ছায়া খুজছিলো 
..... অভিশাপ কি প্ররোদ্ধের ঋণ ? হয়তো তাই
....তুমি গাছ হতে পারলে না বলেই আমার আকাশ হওয়া হলো
....মুখোশ অতটাও ক্ষতিকর কি?......🌿

#সই(অভিশাপ)


একলা মন

চলে যাওয়া আর থেমে যাওয়ার মাঝে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে 
স্তব্ধ মুহূর্ত,
অসম লড়াই চলে ভেতর মহলের জমানো সঞ্চয়দের,
ভুলের খাতায় মূলের দাম কমে যায় যেন সেনসেক্স এর ওঠা নামা ,
শরীরের ভেতর থেকে যাওয়া আত্মাটা অদ্ভূত ছটফটানি তে না মরতে পারে ...বেচেঁ থাকাটাও তেমন একটা সহজ হয় না ।
নিজের বানানো  সৈন্য নিজের বিরুদ্ধে দাঁড় করানো এক অদ্ভুত খেলা তাই না !
চক্রব্যূহ নিজের নিজেই নিজের  রথের চাকা মাটিতে পুঁতে নিজেই নিজের রথের চাকা আপ্রাণ টেনে তোলার চেষ্টা...

বল মান্যবর আয়না কথা বলে কি ?.....🍁

#সই(একলা মন)



সংকেত

যদি খুঁজে পাস পোড়া কাঠ 
কিংবা তীরে থাকা নৌকায়
জলের ছাপ 
ভেবে নিস শহরটা
ভালবাসা মনে রাখে 
হয়তো  এখন সে  শামুকের খোলসে মন রাখে ,
কাঁচ বয়ামে তাদের দেশ হতেই পারে নেশার রেশ
একলা ঘর গঙ্গা পার জল থৈ থৈ  কি তোরও দেশ...🍁
#সই(সংকেত)





খেলার দান

আড়াল থেকে মাপছ জল
বৃষ্টি বেলায় একলা মন
আকাশ ভাঙ্গুক অসম্ভবে
 পোর খাওয়া নাবিক আমি নয়কো নবিশ 
তোমার খেলায় গুটির দান সাজাই আমি ....🖤
#সই(খেলার দান)



ঘড়ি

মুহূর্তরা ভীষণ দামি
হতেই পারে নষ্ট সময় 
হতেই পারে ব্যর্থ প্রেম
হয়তো কিছু পাওয়াও আছে
গুমোট গরমে দক্ষিণ বাতাস হয়তো বেনামী।
চিরকুটে সব রেখো লিখে 
সূর্য ডোবার একটু আগে 
হিসেব তো মিলিয়েই নেবে....💜
#সই(ঘড়ি)

তুমি

মেঘ সরে যাওয়া আকাশ থেকে রং ছুঁড়ে দিলো সে
বুকের ক্ষত মিলিয়ে দেওয়া সময়ের স্বভাব যে
তোমার ঠোঁট আমার চিবুক  মিশছে আপন খেয়ালে
রোজ কিছুটা যত্ন রাখছো আমার মনের দেওয়ালে...♥️
#সই (তুমি)




ভালো থাকা

আবেগের পারাপারে আজ আর আমার বাড়ি নয়
ঠিকানা বদলে  ঘর বাড়ি বদলে ফেলায় ভালো থাকা জুটে 
যায় ঠিকঠাক,
ছাদের তারে কান্না ভেজা সময় শুকিয়ে নিতে পারলেই
জিত নিশ্চিত ,
নিয়মের ভেতর বেচেঁ থাকে জীবন 
সফরের ভেতর বেচেঁ থাকে যন্ত্রণা ও যাপন,
তবুও তো সময়ের পেন্ডুলামে স্রেফ ভালো থাকা দুলছে আজকাল,
বস্তা পচা অনুভুতি দের মৃত্যু হোক
তুমি আমির ভেতর এই চাওয়া ভীষণ তীব্র বলেই আজ 
গুলো ভালো থাকার সূর্য মুখীর মত উজ্জ্বল ...🌻
#সই (ভালো থাকা)



আলো(২)

রাখাল সাজা হলো না বলে বাঁশি থেকে নিজেকে দূরে রাখলাম
মুখোশের আড়ালে মুখ খুঁজে নিতে পারেনি তাই বিশ্বাস থেকে 
দূরে দাঁড়ালাম ,
তোমার পথে হাঁটতে হাঁটতে সব পথ হারিয়ে গেছিলো কখনো
তাই পাহাড় কেটে স্রেফ নিজের জন্য পথ তৈরি করলাম,
পায়ে নূপুর পরে বৃষ্টি বেলায় ভিজলাম নিজের সাথে
নতুন করে ভালবাসলাম প্রেম ছুঁয়ে গেলো বোবা অন্ধকার ..
আলোর দেশে অন্ধকার শুধুমাত্র গল্পে থাকে ...
এরপরেও কি তুমি অপেক্ষার কথা বলবে ?
বেচেঁ থাকার জন্য আমার স্রেফ আমাকেই যে বড্ড দরকার মান্যবর....♥️


#সই ( আলো)







শনিবার, ২৬ জুলাই, ২০২৫

যত্ন

রোদ চশমায় আড়াল কোরো অনুভূতি নিশানা দের
তুমিও কি ভয় পেয়েছো  নাছোড়বান্দা স্মৃতি দের 
তুলছো দেওয়াল মাপছো জল ...জলের স্রোতে
তোমার যত্ন বইছে যেন তোমার মত অবিকল....🍁
#সই (যত্ন)




এসো বেঁধে থাকি

গড়িয়ে যাচ্ছে বেলা প্রহরের সাথে কিছুটা জীবনও 
আঙুলের ফাঁকে লেগে থাকা অনুভুতিরা বৃদ্ধ হচ্ছে
এর পরের বর্ষায় হয়তো ঘরের ভেতর দেওয়াল ছবি ছাড়া
পুরনো গন্ধে এক অপরকে খুঁজে নিতে হবে ,
এসো না সাক্ষী রাখি আর কিছু জড়িয়ে থাকা মুহূর্ত 
এসো না আঙুলে আঙুল বেঁধে থাকুক আরো খানিকটা 
হাতা পথ  
............বেলা গড়িয়ে যাচ্ছে প্রহরের সাথে জীবনও...♥️

#সই ( এসো  বেঁধে থাকি)

মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

জল

চিলে কোঠায় জমছে জল ভিজছে গোপন দাবির সাথে
হয়তো খানিক অভিমান
 দিনের শেষে রাতের শেষে বৃষ্টি এসে ভাসায় মন যখন  তখন,
জমির ধরন ভীষণ রকম বানজার  হলে
 বৃষ্টি বেলায় একটু আধটু সবুজ  দেরও  দেখা মেলে,
চোঁখ পাহারা মাঝে মধ্যে দিচ্ছে দিক খতিয়ে নিক
শুকিয়ে নেবো ভেজা মন বৃষ্টি শেষের রোদ্দুরে ঠিক .....🌧️💕
#সই ( জল)







ছাপ

উজার করে দিয়েছো বলেই নিঃস্ব তোমার ঘর
ঠোঁটের ওপর ঠোঁটের পরশ আজো  স্পষ্ট ছাপ তার
স্নান করোনি বহুকাল   মিশে থাকার গন্ধ ধুয়ে না যাক 
বুকের ঘরে মুখ গুঁজেছো কান্না মোছার ছলে ।
 শ্রাবণ এখন বৃষ্টি বেলা তোমার আমার হাজার খেলা 
দহন তবু ফুরোয় না উজ্জাপনের আর্তি গুলো ছাদের তারে আছে মেলা ,
একটা কবিতা যখন তোমার মুখের পরে  বুকের পরে 
আমিও তখন রঙের সাথে মুহূর্ত দের রাখছি ধরে 

সময়েরও বয়স বাড়ে ঝাপসা হয় ঘড়ির চোখ  
হাতড়ে বেড়ায় সবুজ সময় .... বয়সের এমন দোষ,
দুটো ট্রেন স্টেশন ছাড়ে  বৃষ্টি বেলায় একলা ভেজে,
এখন আর হয়না দেখা  স্মৃতি  ধুলো নিচ্ছে ঝেড়ে ।
....ঠোঁটের  ওপর ঠোঁটের ছাপ ,
 উষ্ণ বেলা ,
শ্রাবণ দিনে বৃষ্টি মেলা
 পাণ্ডু লিপি হলুদ রঙ 
কুলুঙ্গিতে জাদুর ঝাঁপি 
দরজায় পরেছে সময়ের জং.......🍁
#সই ( ছাপ)











সোমবার, ২১ জুলাই, ২০২৫

বৃষ্টি

রোজ যে বৃষ্টিতে ভিজি সে ভেজা কিংবা সে বৃষ্টি কোনোটাই 
এক রকম নয় ,
বদলে যাওয়া মেঘের মতই ওরা আলাদা ভীষণ রকম,
কোনো কোনো বৃষ্টি শান্ত করে ধুইয়ে দেয় স্নিগ্ধ করে ....
এক এক দিন বৃষ্টির মধ্যে এক অদ্ভূত সন্ত্রাস লুকিয়ে থাকে,
সমস্ত চেতনার ভেতর তোলপাড় করে তুমুল সংঘর্ষ।

প্রতিটা বৃষ্টিকে আমি চিহ্নিত করতে পারি 
ওদের আকাশ আলাদা ওদের মেঘ আলাদা 
তাই প্রতিটা বৃষ্টির চরিত্রও ভিন্ন ।

প্রতিদিন ওরা ও আমি নতুন সহবাসের গল্পে সামিল হই 
মুখোমুখী থাকে অন্তর-মহলের বোঝাপড়া 
প্রতিদিন ওরা ও আমি আপোষের বাইরে বেচেঁ থাকি জেহাদ কিংবা প্রেমের গল্পে ....
রোজ যে বৃষ্টিতে ভিজি সে ভেজা কিংবা সে বৃষ্টি কোনোটাই
এক রকম নয়.....🌧️♥️

#সই ( বৃষ্টি )







দেরাজে

বুকের দেরাজে সমঝোতা রাখা 
ফিরিয়ে সময় সাদা কাপড়ে ঢাকা,
কাঁচ দেওয়ালে বৃষ্টি গড়ালে
তোমার কবিতায় আমায় হারালে ...
কি বা আসে যায় যদি জানলায় দাঁড়িয়ে 
দেখো  থৈ জলে ভাসছে আমার ঘরের ভেতর
তোমার ট্রেনের ভিন্ন পথ ভিন্ন সফর আছে জানা
সমান্তরালে কিছুটা সময় 
একসাথে হাঁটা  ভীষণ রকম মানা ....♥️

বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

তোমার সাথে

তোমার সাথে আকাশ দেখা বাকি
বছর কুড়ি  তবুও অপেক্ষাতে থাকি
বলেছিলে বাঁচা বাকি
কবিতার ছবি গুলো  তাই এখনও আঁকা বাকি,
পথ হারানো স্বভাব নিয়ে কথার খেলাফ হতেও পারো 
হতেও পারো বুক দেরাজে নিজের নিজের বন্ধ চিঠি 
আমি কিন্তু শব্দ ছোটাই 
আসমানি রং মেখে বাঁচা জোটাই 
তোমার সাথে আকাশ দেখা বাকি
কাঁচ বারন্দায় সেই মেয়েটার বুকের ভেতর অপেক্ষাতেই থাকি...♥️
#সই

সোমবার, ১৪ জুলাই, ২০২৫

ফ্রেম

চায়ের চুমুকে যন্ত্রণা গিলে নিতে চাইছে সময়,
পুড়ে যাওয়ার যন্ত্রণা  বৃষ্টি ধুয়ে দিতে পারে কি না জন্য নেই,
ছিঁড়তে না পারা বাঁধন গাছেরা বোঝে ,সুখ আর শোক 
আলাদা করে স্পষ্ট হয় না ...তবু থেকে যাওয়া জরুরী 
জন্ম থেকে জন্মানো সম্পর্কের তাগিদে।
কথা না দিলেও না বলা অনেক কথা রাখতেই হয় 
কারণ বেচেঁ থাকাটা একটা ফ্রেম আর সেই ফ্রেম সবাই ভাঙতে পারে কি !....🍁
#সই



সময়ে রংমিলন্তে

একটা সময় থাকে যখন মানুষ সম্পর্ক খোঁজে বেঁধে থাকতে চায়  চায় আমার শব্দটার  স্নেহ যত্ন ভালবাসা মাখানো অদৃশ্য 
সুতোর গাঢ় বন্ধন খোঁজে আশ্রয় , আলোর খোঁজ,
আর এই চাওয়া গুলোর কাছে  নতজানু হয়ে জীবনের একটা  দৌড়ানো  শুরু হয়   একসময় বেচেঁ থাকার দশ আনাই খরচ হয়ে যায়,  আর ঠিক সেই সময় শুরু হয় আসল বেচেঁ থাকা   মানুষ সমস্ত আমার শব্দ , আশ্রয় খোঁজা , ভালবাসা, মন্দবাসা,
স্নেহ, যত্ন, এসব কিছুর মোহ লোভের ওপারে একটা দরজার সন্ধান চায়  ... না না মৃত্যু নয়   মৃত্যু নয় ,
  এক অমৃত বেচেঁ থাকার আলো সে দরজার ওপারে বন্ধন হীন মুক্ত হওয়া আর প্রকৃতির কাছে নিজেকে সঁপে দিতে চায়, বিস্ময় নিয়ে জানতে চায় নিজের সাথে প্রকৃতির একাত্মতা,
তখন কোনো ভালবাসা, মন্দবাসা, আশ্রয়ের লোভ কিচ্ছু স্পর্শ করতে পারে না মনকে  অথচ অদ্ভূত প্রসন্নতায় সম্পূর্ণতা অন্তর মহল আলো হয়ে থাকে  ,
আর ঠিক এই সময় সব চাওয়া পাওয়ার সম্পর্ক গুলো থেকে সেই মানুষটা বেরিয়ে আসতে চায়  ... দরজার ওপারে আসল বেচেঁ থাকাটুকু চেটেপুটে নিতে চায় দুর থেকে ফেলে আসা অতীতকে দেখা  ছেলে মানুষি খেলা  ভেবে হেসে ওঠে নিজেকে বোকা ভাবে , আগের মানুষটার সাথে দরজার এপারের মানুষটার কোনো মিল আর থাকে না তখন ।

#সই

বদলে যাচ্ছে

পোশাকের ভেতর পাল্টে যাচ্ছে চামড়া 
সেই প্রথম দিনের মতন করে এখন কেউ নেই আমরা 
বইছে রোজ রোজনামচা নতুন রকম খাতে
বৃদ্ধ সময় কিংবা জীবন সহজ খাবার পাতে
ঝাপসা হলেও  চোখের আলো স্পষ্ট ভীষণ স্মৃতি 
বছর কুড়ি  বালি ঘড়ি হাড়ের ভেতর জং এর ছোঁয়া বেশ খানিকটা  ইতি উতি ।
বলছো বটে ফিরবো চেনা পথে 
নামতা জানা সব অংক কি সিঁড়ি ভাঙ্গা জানে ?

#সই





সুখের কথা

একটা বুক আর ভেতরে রাখা আমাদের সুখের মৌনতা
আবোলতাবোল প্রেমে মাতাল মাহফিল
দুঃখ গুলো বিলকুল গায়েব....
এত ভালোবাসা   যে মরতে ভয় হয়
নিটোল  যত্নের  আখর 
সুখের ঘরে  মেদ জমেছে ভালোবাসার 
আসলে  একজন্ম মুঠোয় রাখা ,
আমার আঁচলে তোমার মুখ ঢাকা
যেন জোৎস্না বিছিয়ে স্বপ্নরা মাটিতে নেমেছে 
একটাই তো জীবন নাহয় ভালোবাসাময় হয়েই 
থাকলো ,
  না হয় দুঃখের ছায়ার কবিতারা আর নাইবা
প্রশ্রয় পেলো।
সে এক দুঃখের নেশা ছিলো কখনো ,
এখন সে নেশা  কেটে গেছে ,
আকাশ গাছ শহর বস্তি আর আমাদের  নিজস্ব
মাহফিল ।

©সই (সুখের কথা)









হারানো

পেছনে রেখে আসা পথটায় এখন আর অপেক্ষা পরে নেই,
চেনা নামের পিছুটান পুড়ে গেছে
 আকাশে সে আগুন বাতাস মিলিয়েছে,
অনামী কিংবা বেনামী প্রেম আজ বুনো ফুলের মতই পরে থাকে আশেপাশে,
পথ হারিয়ে ফেলো তুমি আমি সমস্ত ক্ষতের দাগ
মুছে গেলাম যাতে আমাকে খুঁজে না পাও ...♥️
#সই
(হারানো)



রবিবার, ১৩ জুলাই, ২০২৫

মেঘ আর সই

বৃষ্টি শেষে জল ভেজা শব্দেরা মন খুঁজে নিক
 কথারা  এলোমেলো হলেও 
কিছু কথা খুঁজে পাক দিক ...
অচেনা গঞ্জের পারে কখনো আনমনে 
ওরাও নেমে আসে ঢাল পথ বেয়ে..
মেঘ আর আমি একাকার হই 
বৃষ্টিপাতের পরেও থেকে মেঘ আর সই....🍁

#সই(মেঘ আর সই)





বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

চাঁদ

একফালি ঝাপসা চাঁদ 
বাতাবি লেবু গাছটাকে সোহাগী করে দেয় ,
এমন বৃষ্টি বেলাকে চিরকাল আমার হিংসা করতেই 
ভালো লাগে ,
চুঁইয়ে পরা প্রেমের ভেতর আমার না পাওয়া গুলো
বড্ড স্পষ্ট কথা বলে ওদের সোহাগের দিন গুলোয় ।
,
বাঁচতে চাইলে কিছুটা মিথ্যে নিয়ে ভালো থাকা শিখে
নিতে হয় ,
আমি একপক্ষ কাল  মৃত্যু ঘুমের ভেতর এক পক্ষকাল 
বেচেঁ থাকার অঙ্ক শিখে নিই,
তবুও একফালি ঝাপসা চাঁদএর সাথে একজন্ম সহবাস করতে
চাওয়া নিয়ে আমি বাতাবি লেবুর গাছটাকে কি ভীষণ রকম
হিংসা করি ... তা কিছুই আমায় বাইরে থেকে দেখে বোঝা যায় না ।
যেকোনো জোৎস্নায় আমি আয়না মুখি হলে এক অন্য হিংস্র মুখের  অবয়ব পাই ....
.......তুমিও কি তাই ?

#সই(চাঁদ)

শনিবার, ৫ জুলাই, ২০২৫

স্মৃতি

ওরা আসে নিজের খেয়ালে 
খোলা ঘরে বুক পেতে দিলে
  বসত পাতে বারংবার 

বদল হওয়া  পাড় ভাঙে কখনো কখনো
কাটাছেঁড়া জুড়ে নিতে সময় গুনতে নেই কখনো 
ঘরে ফিরলে দেওয়ালে টাঙ্গানো পুরনো ছবিতে 
পাড় ভাঙা গল্পেরা জেগে আছে দেখো বুকেতে ....🍁

#সই ( স্মৃতি)







মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

নির্লোভ

জন্মের লোভ আর নেই
ভালোবাসার লোভ ও ফুরিয়েছে
ঘর সে তো কবেই ঘর ছাড়া 
দেহ টুকু আছে সময়ের কারণে
......বেচেঁ থাকা টুকু আসলে সময়ের যাপনে।
#সই

হিসেবের খাতায়

ধ্বংসের হিসেব কিংবা 
জড়িয়ে থাকা উত্তাপ 
এক একজনের  এক একরকম 
হিসেব রাখা খাতায় 
প্রদীপ শিখা জ্বলে গিয়ে নেভে
ভালবাসা মন্দবাসার দেশে ...🍁
#সই