----------------------------
রোজ তোমার নতুন রুপ খুঁজে পাই
ওই মুখে, চোখের ভাষায় শেষ কিছু
ছবি সময়ের স্রোতে ভেসে থাকা খড়কুটো..
তুমি আছো কোনো মৃত শতাব্দীর শিলালিপির
মত, শেষ কবে তোমায় আলো ছুঁয়ে গেছে
মনে রাখোনি..., ঘোর লাগা জীবনের ছেঁড়া ছেঁড়া
বুদবুদ যেন নিশ্বাস ঋণের খাতায় বেড়ে উঠছে রোজ রোজ,,
তোমার ছবির পাশে মোমবাতি জ্বালিয়ে নিশ্চিহ্ন করতে
চেয়েছি সমস্ত অন্ধকারকে,, মনে হয়েছে একটুকরো আকাশ
বুঝি তোমাকে দিতে পেরেছি...
অথচ দেখ আমি আমার বরাদ্দের পাওনাকড়ি
সব আজকাল খরচ করে চলেছি আজন্মের দেনায়,
তোমার ভাগের আকাশটুকুও রাখিনি বাকি,,
তুমি বেশি কিছু কখনওই চাওনি তবু আমি হাতটুকু
বাড়িয়ে দিতে কেবল ভয় পেয়েছি বারংবার,,
তোমায় সাহস করে বলতে পারি না যে কথাটা
.....সে কথা আর হয়তো না বলাই ভালো...
তোমার ছবি সামনে রোজ দাঁড়িয়ে তোমায় নতুন
করে খুঁজে পাই আর ভাবি এখনও তোমায় অনেকখানি
জানা বাকি হয়তো এক জীবনে এতটা সময় নেই তোমায়
চিনবো আপন করে নিজের মত,
কোনো একদিন আসবে তোমার ছবির সামনে তোমায়
আর খুঁজে পাব না.... মন মরবে, কাঁদবে, ছিড়েখুঁড়ে ফেলবো
হৃদয়, অথচ তুমি আর কোথাও নেই সুবর্ণা,,,।
.........সুবর্না প্রিয় বিচ্ছেদ,