মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

আমার কবি আমার প্রেমিক

সে এক মরমিয়া কবি ছিলো ...ছিলো সে
আমার প্রেমিক ,
প্রেম তার  একনিষ্ঠা   আকাশের মত ছিল তার
বুকের ঘর ,
সে ছিল কবি তার কবিতায় নদী ,বাতাস, আগুন, অহংকারের
মত আমায় অলংকৃত করতো ,
সে  যত্নবান প্রেমিকও ছিলো বটে  নীল বিষ গলায় আড়াল
করে  সুধাটি রেখতো আমার তরফে ...,
বড্ড অদ্ভুত কাহিনী কিংবা রূপকথার মত ছিল সে কবি আমার
প্রেমিক , আমার প্রেমের ঘরকন্না,
 আমার ক্লান্তি আমার দীর্ঘ জন্মের জমানো ঘুম নিয়ে তার বুকের ঘরে আমি  'দ'   মত নিশ্চিত শুশ্রূষায় রাত পেরিয়ে আলোর ভোর ছুঁয়ে ফেলতাম ।

এক দিন অজানা জ্বরে কবি মারা গেলো , মারা গেলো আমার
একমাত্র  প্রেমিক  , 
কালো সেপাই   আমার কবি আমার প্রেমিকের পায়ে কালো সুতো বেঁধে নিয়ে গেলো সীমা রেখার বাইরে।
 ... ঢেউ নীল বিষ ছড়িয়ে ছিটিয়ে আমাদের প্রেমের ঘর  তীব্র বিষাক্ত হয়ে গেলো , রূপকথায় রাক্ষস কিংবা রাক্ষসী কেউ একটা এলো,, ... কাহিনী ,প্রেম ,প্রেমিক  সব মৃত ঘোষিত হল এক সময় ।

এখন আমার  প্রেমিক কবি আকাশের গায়ে রোদ্দুর কিংবা বৃষ্টি দিয়ে কবিতা  লেখে আমি আকাশের নিচে সে প্রেমময় কবিতায় বাকি জন্ম হাঁটতে থাকি ,
....শুধু অনেক বছরের ঘুম জমে আছে আমার ক্লান্ত চোখে ,
আমারও যে এবার একটা অজানা জ্বর খুব দরকার।

#সই ( আমার কবি আমার প্রেমিক)




শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

সাক্ষী

সময় নিজ আবর্তে ফিরে এসে ছুঁয়ে যায় দাঁড়িয়ে থাকা বিন্দু,
দিন কাল কাটে ...কবিতা কিংবা কলমে খবর বদলায় বদলায় রং,  প্রচ্ছদ বদলালেও খড় মাটি কাঠামো আর তোমার আমার
বেঁচে থাকার গল্প তেমন বদলালো না।

এই চিৎকারের  দিন গুলোয় নদী কিংবা পাখি বোবা 
প্রেম কিংবা বিশ্বাসঘাতক এক্কেবারে চুপ 
.... যেমনটা কেমোথেরাপির পর যন্ত্রণা গুলো পোষ মেনে
নেয়  চুপ করে একটা সত্যির অপেক্ষায় দিন বুনে যায়,

এই পৃথিবীর সব কিছুই বুমেরাং এর মত ফিরিয়ে দেওয়া 
স্বভাব,
এই পৃথিবীর মুখোশ গুলো সত্যির মত ...
আলোর ভেতর বড্ড বেশি অন্ধকার মুখোশ পরে থাকে,
ভালোবাসার আড়ালে মুখোশ পরে ভালোবাসাহীন সংসার।
ভালোবাসার শহর কেবল রক্ত ক্ষরণ এর চিহ্নr সাক্ষী থেকে গেলো।

#সই (সাক্ষী)





শনিবার, ১০ আগস্ট, ২০২৪

খেলার সামগ্রী

দৃশ্যত গল্প গুলোর নক্সার সাথে
কখনো কোনো অন্তরমিল হয় না ।
আজন্মের অপেক্ষায় থাকেনা কোনো
পাওয়া ,
তবুও জীবন স্রোত উত্তর দক্ষিণ ছুঁয়ে যায় ,
সম্পর্ক তো কেবল স্রোত ছুঁয়ে থাকা ঘাটের মত,
বয়ে যাওয়া থাকে আজন্ম সাথে রাখা যায় না ।

অংকের খাতায় সিঁড়িভাঙার শেষেও ভুল উত্তর লেখাও 
সম্পর্কে স্বভাব কিংবা অংক শব্দটাই করো কারো জন্যে
আজন্ম বড্ড জটিল।

মানুষ সব পারে না তবু মিথ্যে অহংকারে উৎসব সাজায়
হাসে ,ভাবে  সে বুঝি  গল্পের কাহিনীকার ,,
তারপরেও দিন শেষে কালো সুতোয় বেঁধে কেউ যেনো
বুকের কাহিনী থেকে টেনে হিঁচড়ে নিয়ে যায় সব নিঃস্ব করে,

অসহায় রক্ত মাংসের একটা জীবন স্রেফ ফ্যালফ্যাল করে
তাকিয়ে থাকে ওই সময়ের দিকে ,
অহংকার অলঙ্কার সব স্রেফ খেলার সামগ্রী হয়েই থেকে যায়।

#সই (খেলার সামগ্রী)

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

দহন


আমাদের মাঝে যুদ্ধ আমাদের মাঝে কাঁটাতার 
আমাদের বুক ভরা দহন  মেশানো কান্না 
অথচ আশ্চর্য একই অনুভূতি নিয়ে আমরা একে অপরের থেকে বারংবার বিচ্ছেদ চেয়েছি ।
শিউরে ওঠা আমাদের একাকীত্ব  ,
একই অনুভূতিতে স্তব্ধ দীর্ঘশ্বাস  দুজনের
অথচ বারংবার আমরা এক অপরকে কেবলমাত্র
ঠকানোর জন্যেই মুখোমুখি হই।

#সই ( দহন)



আলো

শহর  থেকে দূরে একটা  ক্ষিন আলোর মত তোমার থেকে যাওয়া  
ভিড় হারানো স্বভাব আমার তাই আগলে রাখতে পারিনা 
তোমার তুমিটুকুকে, 
দূরে আকাশের থেকেও কোথাও আরো  দূরে দিকনির্ণয় 
তোমাতে  কিংবা ওম শব্দের সিঁড়ি বেয়ে তোমার দিকে
আমার  একটাই পথ ।
সৃষ্টি  বিনাশ, শব্দ আর নিঃশব্দ,  বর্ম আর ফলার আঘাত 
সবটুকু তুমি  , 
এক একটা আয়নায় দাঁড়াই স্বরুপ বদলে তুমি  কখনো 
দাতা কখনও ভিক্ষুক ,কখনো প্রেম কিংবা  প্রেম ।
যেভাবেই হোক তুমি থেকে যাও ...
যেভাবেই হোক তোমাতে রেখে দাও আমাকে ...
যেভাবেই হোক তোমাতে থাক শেষ মাইল ফলকের সংখ্যা।

#সই (আলো)


সোমবার, ৫ আগস্ট, ২০২৪

সই

তোমাকেই খুঁজতে হবে তুমি কোন রূপে আমাকে চাইছো 

#সই

সই

তুম দিখোগে নেহি তো  ভুলা দিয়া যাওগে 

শনিবার, ৩ আগস্ট, ২০২৪

খোঁজ ফুরোনো বেলায়

অদ্ভূত এক যাদুকরের ভেল্কীবাজীতে, 
তুমি উধাও হয়ে গেছো আমার সর্বস্ব থেকে।

 আলোয় কিংবা  অন্ধকারে ,
সুখ কিংবা অসুখের দিনে ,
আদর কিংবা অভিমানে ,
কোত্থাও তো তুমি নেই।

পৈশাচিক আলোর  রাতের মতো 
কিংবা মধুমাসের জোৎস্না মালা ...
পুরোনো হীর রাঞ্ঝা কিংবা প্রথম আলো 

সবই ঠিক আছে আগের মতোই  কিন্তু তুমি কই?

নিখোঁজ সংবাদ পাঠাবো আজ আর সে সব জরুরী নয়,
খোঁজ শব্দটা প্রয়োজন পেরিয়ে সন্ন্যাস পথে এগিয়ে গেছে 
চারপাশে  তোমার চিহ্ন মুছে গেছে , নষ্ট আমাতে তোমার 
মূর্তি। 
হন্যে হয়ে খুজঁছি যাকে একদিন 
আজ ঠোঁটের কোণে সে খোঁজে লেগে ছেলেমানুষী হাসি 
কোথাও তুমি নেই নেই তুমি হারানোর অসুখ নেই ..
যেনো ছিলেই না  তুমি আমাতে ।
 আসলে খোঁজ ফুরিয়ে যাওয়া এক অদ্ভুত মৃত্যু 
যেনো কখনো ছিলই না এক্কেবারে চিহ্ন হীন 
অস্তিত্ব হীন।

#সই (খোঁজ ফুরোনো বেলা)


শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সময়

মুঠো অন্ধকার চোঁখের পরিসরে ক্যানভাসে কেবল কালো 
রঙের অধিকার বোধ 
আমার মত এ শহরও আলো খুঁজছে 
পরীদের গল্পে সময় হয়েছে খরচ ,
একটা মৃত্যু কেবল এখন নতুন সকলের জন্ম দ্বারে দাঁড়িয়ে আছে,
গঙ্গায় রাত বাড়ে জমা হিসেবের বাসী ফুল 
কারা যেনো সম্পর্ক পুড়িয়ে সাদা কাপড়ে ফেরৎ যায়
পূর্ব পশ্চিম হাতে নিয়ে ।
সাদা কফিন মোড়া সময়ের চোখ পিটপিট পুতুল
আরো কিছু মুহূর্ত,
 অন্ধকারে কেবল আগুন দেখা যায় কে কতটা পুড়লো 
তার হিসেব ঠাহর হয় না ,
ঠাহর হয় না অপচয়,
সময়ের পেন্ডুলাম একই ভাবে আলো আর অন্ধকার ছুঁয়ে
বয়ান রেখে যায় নিজেরই বুকের কাঠগড়ায়।

#সই (সময়)



বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

দৃশ্য



তোমার মাথায় পিছনে আকাশমুখী জানলা
সামনের মঞ্চে সাজানো ফরিয়াদ ...অথচ তোমার
ঈশ্বরত্ব মৃৎ ।
মেরুদন্ডের সিঁড়ি বেয়ে আরো কয়েক খন্ডে আকাশ মুখী জানলা ছুঁতে চাইছো ,

তোমার সামনে যুদ্ধ সাজানো মুখ গুলোও চেনা অথচ তুমি
পার্থহীন এক অর্জুন ...
তোমার পেছনে মুক্ত আকাশের জানলা অথচ তুমি
গরাদ বন্দী ....।
তোমার ঈশ্বরত্ব তোমায় ছেড়ে যাচ্ছে অথচ তুমি 
আশ্চর্য রকম নিরুপায় এক দর্শক।
চোখ বেঁধে নিলে সামনের দৃশ্য হয়তো কেবল কালো রং
তার মানেই তো রাত নয় তাই না !

#সই। (দৃশ্য)

পৃথিবী

একটা পৃথিবী আঁকো আঁকো 
একটা ধর্ম , সে ক্যানভাসে 
থাকুক আমারও এক ফালি জায়গা 
আমি প্রদীপ জ্বালি সেথা 
বোধী বৃক্ষে সুতো বেঁধে তুমি তোমার তাকে
আগলে রাখো,
আমি উত্তরের বারান্দায় এখনো গরাদের পেছন থেকে সে গল্প দেখি ।।


একটা পৃথিবী  আঁকো আঁকো একটাই ধর্ম 
যেখানে তুমি আমাকেও  এক থালা ভাতের পাশে এক
চিমটে নুন দিয়ে বাঁচিয়ে রাখতে পারো ,
সে ধর্মে তোমার তাকে নাহয় রাজন্য সাজিয়ে দিচ্ছ 
যত্ন করে ।।

একটাই পৃথিবী  হোক হোক একটাই ধর্ম 
তুমি হও সময় তুমি হও নিষ্ঠা ,তুমিই সেখানে 
একমাত্র তুলনা ,
আমার নাহয় না বলা অনেক ইস্তেহার 
নিজের ভেতর ...
আমার না হয় পোষাক বিহীন তোমার ছবি রাখাই থাক,
তুরুপের তাস সময় জানে  বোঝে সময়ের দাম।

তুমি তোমার  মুখ 
আমার বুকে ঢাকো সে কথা গোপন রাখো 

 আমি একটাই পৃথিবীর  সাক্ষী আজও 
আমার আজান
তোমার স্তোত্র একটাই ধর্মে আজও।।


 এবার মধ্য গগনে সূর্য এবার একটাই পৃথিবী আঁকো
আঁকো একটাই ধর্ম 

তোমার রবীন্দ্রনাথ  তোমার প্রেমিকার মন মাথা নিচু না হোক
তোমার কারণ।

একটাই  পৃথিবী আঁকো,
 পারাপারের
একটিই থাক সাঁকো।।

#সই (পৃথিবী)