বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

এখন

এখন শুধু একফালি আকাশ বরাদ্দ 
উড়তে গেলেই ডানায় ক্ষতদের আলিঙ্গন
মাটিতে কান পেতে তাই তোমার দিকে চেয়ে
থাকাটাই পারি ,
এখন না পারার তালিকা অনেক কিছু ....
এখন হাঁটতে গেলে  ২০৬ টা হাড়ের ভেতর
ঘুন পোকার মিছিল এর জেহাদ ,
এখন স্বপ্ন দেখতে চাইলে স্লিপিং পিল
এর নেশায় ডুবে যাওয়া ,
এখন ছবি আঁকতে গেলে কেঁপে যাওয়া হাতের
সামঞ্জস্য রং তুলির  কাছে অচেনা,
এখন গিটারের তারে না পারা সময়ের  জং 
সুর গুলোকে কখন যেনো অসুর গলা টিপে রেখেছে,
এখন শুধু একফালি আকাশ বরাদ্দ
উড়তে গেলেই ডানায় ক্ষতদের রক্ত কান্না 
মাটিতে কান পেতে  তোমার দিকে চেয়ে থাকা টুকুই পারি ।

#সই (এখন)



শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫

ফুরিয়ে যাওয়া

দিন কিভাবে মুঠো থেকে ঝরে যায় জানি না 
সন্ধ্যে নামার পর  সিঁড়ি বেয়ে নেমে আসে অদ্ভূত 
যন্ত্রণার দল চাপা গলায় একটা মৃত্যুদণ্ডের ফিসফিসানি 
শুনতে শুনতে ভয় পাই ,

গাঢ় রঙের পোশাকে কারা আমায় জাপটে ধরে 
তোমায় হাতড়ে বেড়াই বেচেঁ ওঠার স্বার্থে ,
মুখ ফিরিয়ে নেওয়া অভিমানী বানানরা কাঁটাতার ছিঁড়ে
রক্তাক্ত হয়ে শেষবার এক আকাশ আর এক নদীর 
সাক্ষী হয়ে চায় ।

শিরদাঁড়া বেয়ে প্রচণ্ড শীত নেমে আসে সারা শরীরে 
ছেঁড়া আস্তিনের মত স্মৃতি গুলো বুকের কাছে জড়িয়ে 
ওম খুঁজতে খুঁজতে অন্ধকার সরাবার চেষ্টা করি ,
এত ভিড় আমি হারিয়ে যাই 
এত চিৎকার আমার কণ্ঠ হারিয়ে যায় 
জানি না আজকাল বারংবার কেন হারিয়ে যাই!
সময় ঝরে পড়ছে টুপটাপ কখনো দিন ফুরাচ্ছে কখনো
রাত ....ফুরিয়ে যাওয়া 
শুধুই ফুরিয়ে যাওয়া 

#সই (ফুরিয়ে যাওয়া)









বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫

কৃষ্ণ কথা

পৃথিবীতে যাই হয়ে যাক তুমি কিন্তু খুশি থাকবে নাহলে কিন্তু...... তুমি হাসলে কাল সূর্য উঠবে।
তুমি শান্তিতে থাকলে কাল একটু শিলা বৃষ্টিও হতে পারে.
বিকেলে ছাদ বাগানে বৃষ্টি দেখতে দেখতে এক কাপ কফি
খাওয়া যাবে... শুধু তুমি আনন্দে থাকলে।
তুমি হাসলে ঝড়ও উঠতে পারে,
জানলা দিয়ে ঝড় দেখতে দেখতে চুল  খুলে দেব।





সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

সই

অনেক দূর নাই বা হাঁটলে 
এই দু এক পা  সঙ্গে থেকো পুঁজি মত 
তারপর না হয় একটা সুখের মৃত্যু জড়িয়ে
ফিরবো।

শুভ জন্মদিন (অনুপম মুখপাধ্যায়

টুপ টাপ বৃষ্টির মত ছড়িয়ে পড়ছিলে 
আসমানী আলোর নিচে নত জানু হয়ে কুড়িয়ে
নিতে চাইছিলাম  সম্বলের ছেঁড়া আস্তিনে। 

ক্যানভাসে রঙে দের অস্থিরতা বেড়ে চলছিলো 
একটা উপন্যাসের মত হয়ত পড়ে ফেলতে চাইছিলাম 
আমার কাচঁ বারান্দার ভেতরে... 
মুহুর্তে   সেই পরম্পরা অপারতা  আমার হাত পা বেঁধে দিল,
শুধুমাত্র মন দিয়ে তোমার  সৃজন শব্দ দের ইতি উতি ছড়িয়ে  পরতে দেখছিলাম, 
হঠাৎ   ডুকরে  উঠলো  তুষারে ডেকে রাখা যন্ত্রনা  
মনে হল আমার মত সুখি আর কেউ নয়। 
 উত্তরের বারান্দায় অপেক্ষা লেগে রইল তুলির টানে 
বিস্ময়কর প্রান প্রতিকৃতির, 
আগামি কোন  এক জন্মদিনে নতজানু  হতে পারি যেন 
গঙ্গা   জলে গঙ্গা  পুজো নিয়ে 
তোমার প্রতিকৃতি  তোমারই জন্য মহার্ঘ সাজিয়ে।

শুভ জন্মদিন  (অনুপম মুখপাধ্যায়)

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

তুমি আমি *

তুষার এর বুকে রাখা যন্ত্রণা হয়ে থেকো তুমি
হাসির ফুলঝুরিতে মুগ্ধ থাকতে থাকতে ভুলে যাবে
জ্বলন্ত চিতাকাঠ নিভে যায়  শুধু বাইরে থেকে ,
আজীবন কিছু আগুন পুড়িয়ে গেলোও থামে না কোথাও
 সলমা চুমকির আড়ালে বেদনা রাখার ইতিহাস তো প্রথম নয়।

তুমি আমি দেশ ভাগের মত অনন্ত কাল থেকে ভাগ হচ্ছি
তুমি আমি দাবানলের মত অনন্ত কাল ধরে পুড়ছি
তুমি আমি সহস্র কাল বরফের নিচে রাখছি নিজেদের
অথচ তুমি আর আমির গল্পটা ফুরোচ্ছে না 
এ যেন জন্ম নেই মৃত্যু নেই বন্ধন নেই মুক্তি নেই 
এক বহতা তুমি আর আমি


#সই

কাঁটাতার

কাঁটাতার দিয়ে ভাগ করে দেওয়া হলো 
মাটি ,
আকাশে হত্যার অন্ধকার ছড়িয়ে গেলো
অথচ সব হত্যা দৃশ্যে থাকে না ...
উদ্বাস্তু থেকে থাবা কিছুই তো বাদ পড়ল না।

কোনো একদিনের লেখা স্মিত কবিতা উপন্যাস 
সব ডাস্টার দিয়ে মুছে দিতে পারো তুমি 
আসলে এই তুমির মত অগুণিত তুমি আমাকে বারংবার 
মুছে ফেলেছো লিখেছো আবার মুছে ফেলেছো।

এবার আমার জন্ম নেই মৃত্যু নেই 
তাই প্রেম অপ্রেমও নেই ,
এবার আমার থাকাও নেই না থাকাও নেই 
তাই আমাতে তোমার অধিকার আর অনধিকারও নেই।

এখন রোদ্দুর ঢুকে যাওয়া জানলায় কোনো অপেক্ষা কিংবা
আক্ষেপ নেই ,
মন নেই তাই তুমিও মনে নেই 
কাঁটাতারে ভাগ করে দেওয়া হলো মাটি।

#সই (কাঁটাতার)


শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

তোমার দিকে

চক্রব্যুহ থেকে দুর কোনো জমির আল পথ
বেছে নিতে পারলেই সাধন সম্পর্ন হবে ,
ভালোবাসা এক সুধাময় অনুভূতি 
জন্ম মৃত্যু সুখ দুঃখ পোষাক বদলে নেওয়ার মত
তোমার দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর যে পথ নেই
তোমার উদ্দ্যেশে সাধন ছাড়া সাধনা নেই ,
তোমার কথা ছাড়া বর্ণের শব্দ হীন অন্ধ ,
শুধু অনেকটা সময় লেগে গেলো এই সত্যি টুকু অন্তরতম 
হতে।

#সই






বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

বাসন্তী

ক্ষয়ে যাওয়া সময়ের পাঁজরে প্রেম থাকুক ফসিল 
হয়ে,

অন্ধ হয়ে যাক মুখোশের চোখ আর মন ,

 আজ প্রথম বসন্তে ভালোবাসায় রাখো বাকি
থাকা সফর টুকু ।

ফুরিয়ে যাবার আগে চেতনায় শুধু প্রেমটুকু রেখে ও 
নিয়ে যেও ।

....ভালোবাসাময় বাসন্তী শুভেচ্ছা সব্বাইকে ।

সই

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫

অঙ্ক

বাঁচতে শেখায়নি সেই ছোট বেলার বরুণ মাস্টার তবে
সিঁড়ি ভাঙা অঙ্ক শিখিয়ে ছিলেন,
শিখিয়ে ছিলেন একবার একটা সংখ্যা ভুল হয়ে গেলে
সবটাই ভুল সংখ্যায় ভরে যায়,  শেষ ফল কেবল ভুল সারাটা পাতা জুড়ে।
তবে সেই ছোট বেলার মাস্টার মশাইরা শিখিয়ে ছিলেন
সময়ের গুরুত্ব চিনে নিতে ,
শিখিয়ে ছিলেন মনোযোগ শব্দটায় সব দরজা বন্ধ করা জরুরি  তবেই নিজের ভেতরে সিঁড়ি বেয়ে একান্তে নামতে পারা যায় ।
 আমরা সব্বাই বাইরের দরজা জানলা খোলা বন্ধ শিখলাম
শিখলাম যোগ, বিয়োগ, গুণ ,ভাগ ,ভাগ শেষ , ফলাফল ,   কিংবা কেটে বাদ দেওয়া , 
 আর এখন তো পরিচিত শব্দ ব্লক কিংবা কুইট।

বড্ড হাসি পায়  ...বড্ড হাসি পায় আমাদের এই শব্দের ব্যবহার দেখে ,
বাহ্যিক সবটুকু তে কোত্থাও অন্তরের যোগাযোগ নেই 
সে মহলের দরজা জানলা খুলতেও শিখলাম না আর বন্ধ করতেও শিখলাম না ।
তাই অঙ্ক শব্দটা খুব সহজ হয়েও  আমাদের  কারো কারো কাছে স্রেফ হিসেব আর জটিল থেকে গেলো ।

বেচেঁ থাকাটা কাটাকুটি খেলা ....
বেচেঁ থাকাটা রঙের মেলা ....
বেচেঁ থাকাটা নিজেদের গল্প 
বেচেঁ থাকার কাহিনীকার আমরা নিজেরাই
বেচেঁ থাকাটা একটা শিল্প,
এই জন্মের নাম টুকু ছাড়া সবটাই আমরা সাজাই নিজের মত করে, সংখ্যা সাজাই, মঞ্চ সাজাই , হিসেব আর জিতে যাওয়া সবটা,
...অথচ না পারা আর ব্যর্থতা গুলোর ভার সময়ের ওপর
কিংবা অন্য কারো ওপর চাপিয়ে নিস্তার পেতে চাই নিজেদের
থেকেই ,
ভয় পাই নিজেদের আয়নার সামনে পোষাক বিহীন নিজেকে
দেখতে ,
ভয় শুধু মৃত্যুর ,একটা মানুষ জন্মের পর অজস্র বার মরতে
মরতে শেষ মাইল স্টোনে এসে পৌঁছায় ।
দু ফোঁটা চোখের জলও  তখন আর অবশেষ থাকে না 
শুধু একটা দীর্ঘশ্বাস আর সেই দরজা... যে দরজার চৌকাঠ পার  হলে  ফেরা হয় না আর ,
পরে থাকে এক মুঠো ছাই ...
সব অঙ্ক না মিললেও শেষ অঙ্ক কেউ একজন দৃশ্যের বাইরে থেকে মিলিয়েই দেয় ।
একটা জীবন নিজেকে শেখার চেনার জন্য কেমন যেন কম পরে যায় তাই না!

#সই ( অঙ্ক)