মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

একলা মন

যে জানলা গুলোর আকাশ ছিলো 
আজ জানলা গুলোর আকাশ নেই
যে গাছ গুলোর মাটি ছিলো 
সে গাছ গুলোর মাটি বলে কিছু নেই
যে সমদ্রে সব কথা বলা যেত
সে সমুদ্র এখন অপরাধী 
সহজ বাড়ি ফেরা 
আর সহজ নয়
গল্পেরা কখন কোথায় 
কোন বাকে নিজেদের
রং রূপ পাল্টে ফেলে
গল্পেরা নিজেই জানে না,
জীবনের গল্পে জীবনের মূল্য 
সব থেকে কম
হাতের মুঠোয় এক দিন বালিঘড়ি 
ফুরিয়ে যায় জানান না দিয়ে
হঠাৎ মনে হয় অনেক কিছু ছুঁয়ে দেখা আর হলো না ....♥️

#সই(একলা মন)

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

পেয়ে হারানো

পেয়ে হারানোর ভয়ে 
উপেক্ষা দিয়ে আড়াল রাখি নিজেকে
পেয়ে হারানোর ভয়ে 
পিছন ফিরে একবারও তাকাই না
পেয়ে হারানোর ভয়ে
ডাক শুনেও নির্বিকারে পথ হেঁটে যাই 
বধির মানুষের মত
পেয়ে হারানোর ভয়ে
ভালবাসা ঘুচিয়ে দিয়ে
মন্দবাসায় বাস করি
জ্বরের ঘোরে 
পেয়ে হারানোর ভয়ে
তোমাকে আর কখনোই পেতে চাই না আমি....♥️
#সই

আছো

প্রার্থনায় রেখেছি 
আঁচল বিছিয়ে  চেয়েছি
পুজোর অর্ঘে 
চাওয়া থেকে যায়,
ইবাদতে ওই নাম চায়
প্রেমের ফ্রেমে
আছো যন্ত্রণায় 
সুখের অসুখে 
রূপকথার কল্পনায় ...♥️

#সই( আছো)







কথার কি ফুরিয়ে যায়

কথারা কি একদিন শেষ হয়ে যায়?
নাকি বুকের ভেতর জমতে জমতে
পাথর আর তারপর একদিন  স্তব্ধ পাহাড় হয়ে যায়
কথারা কি একদিন ফুরিয়ে যায় ?
নাকি ইথার তরঙ্গে ভাসিয়ে দেয় নিজের ধ্যানস্থ 
অস্তিত্ব,
কথারা কি ফুরিয়ে যায় ?
নাকি নির্জন ঢেউ এর বুকে নিজেকে লুকিয়ে ফেলে
জগৎ সংসারের চাওয়া থেকে ...
কথারা কি সত্যিই ফুরিয়ে যায়!

#সই(কথারা কি ফুরিয়ে যায়)

থেকে যায়

ভালবাসি না বললেও ভালবাসা ফুরায় না...
দাগের মত মৃত্যু দরজা পর্যন্ত থেকেই যায় 
মুখ ফিরিয়ে নেওয়ার নোটিশ দেবার পরেও 
নিয়মিত ও মুখ চোখ দেওয়ালের সামনে দাঁড়ায় 
না সারা অসুখের মত মৃত্যুও দরজা পর্যন্ত থেকেই যায়,
স্মৃতি গুলো আষ্টেপৃষ্ঠে বেঁধে অজানা স্রোতে
ভাসিয়ে দিয়ে শেষকৃত্য সেরে ফেললেও 
পিছু নিয়ে ঘরে ফেরে,
প্ররোদ্ধে আসা ভাগ্যের মত মৃত্যু দরজা পর্যন্ত থেকেই যায়,
ভালবাসি না বললেও ভালবাসা ফুরায় না 
জন্ম দাগের মত মৃত্যু দরজা পর্যন্ত থেকে যায় ....♥️

#সই( থেকে যায়)

আওয়াজ

আওয়াজ ভালো লাগছে না
শব্দ থেকে অসম্ভব অদ্ভূত চিৎকার হচ্ছে
ঘড়ির চিৎকার, ঝিঁঝিঁর আতর্নাদ,
অসম্ভব বাতাসের ঝাপটা , বৃষ্টির ঝালরের 
শব্দ, ঝাড়বাতির  কথপোকথন,
আমার ভেতর  স্তব্ধতা চিৎকার করছে
.... শব্দেরা এক অসহনীয় চিৎকারে 
অস্থির করছে ভেতর মহলের পথ , ঘাট 
ঘর বাড়ি ,
তুমি স্তব্ধতা হয়ে এসো 
তুমি মৃত্যুর মত শান্তি হয়ে কাছে থেকো 
তুমি নিশুতির মত চুপ  হয়ে ঘরে থাকো
আওয়াজ ভালো লাগছে না
শব্দের বীভৎস চিৎকার থেকে আমাকে
আড়াল করো ...
তোমার শীতল শান্তির চুপ কথার অবগুণ্ঠনে
আমাকে মুড়ে গেলো .....❣️

#সই( আওয়াজ)

রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বিলাস

নৌকার গলুই ভেঙে 
জল ঢুকলো 
ভাসবো নাকি
ভাসাবো জানি না
পাটাতনে সাজানো সংসার
ছিলো তাসের দেশের
হয়তো অভাবী হতেই 
চেয়েছে এই জন্মটা 
আমি নৌকোর সংসারে 
সাঁতার না জানা  সে জন 
যে বাঁচতে চেয়ে মৃত্যুর 
কাঁধে মাথা রাখতে ভালোবাসে....♥️

#সই(বিলাস)

রাহুল

চলে যাওয়ার জন্য কথা দিতে হয় না
চলে যেতে হলে লাগে না আগাম নোটিশ 

সমুদ্র বুকে রাখে আর এক সমুদ্র 
তুমি চলে গেলে  বালুচরে রেখে শূন্যতা 
 এ গল্পের স্ক্রীপ্ট বুঝি সময়ের  লেখা 

তোমাকে হারিয়ে তোমার স্মৃতি পরে রইলো
চোখের বাইরে কোথাও তুমি নেই
চোখ বুজে তোমাকেই পাই...💔
#সই ( রাহুল)

আমাকে খুঁজে নিও

আমাকে খুঁজে নিও 
আমার অপেক্ষা করো না
আমি কোনো ঘাট ছুঁয়ে
যাওয়া ছলাৎ ছল স্রোত 
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষায় থেকো না
কোনো না কোনো গলির 
মোড়ে নতুন মুখ ,
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষায় থেকো না
শ্বশানের জ্বলন্ত আগুনে
কোনো না কোনো মুক্তিতে আমি
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষা করো না
কোনো এক আতুর ঘরে 
প্রজন্মে আমি
আমাকে খুঁজে নিও
আমার অপেক্ষা করো না
আমাকে খুঁজে নিও....♥️

#সই(আমাকে খুঁজে নিও)

শনিবার, ২৮ মার্চ, ২০২৬

গল্পে

ছবির ভেতর আর এক ছবি
শব্দ মিছিলে হাঁটছে কবি
নীরব হয়তো ভীষণ শব্দ 
আবিষ্কারে  হচ্ছে মুগ্ধ 

সীমার ভেতর  নিয়ম রাখা 
অনিয়মের  থাকছে ধাঁধা 
একদিনের ছুঁয়ে দেখা
অঙ্গীকারে জীবন রাখা
উপন্যাস তো  আগেও লেখা
তোমার আমার গল্পে হয়তো
সভ্যতার ইতিহাস লেখা ....♥️

#সই( গল্পে)



জলের দাগ

জলের দাগ ভীষণ ঘন 
ঝাপ্সা পথ ঝাপ্সা  মনও 
জল ভেবে সহজ হলেও 
জলের দাগেও খবর মেলে
চোখ কিংবা বারিশ 
নদী কিংবা অভিমানী নালিশ
শুকিয়ে গিয়েও চিহ্ন রাখা
জলের কাছেও অযুত রকম 
খাট্টা মিঠা গলয় রাখা  ....♥️

#সই(জলের দাগ)

মুগ্ধতা

মুগ্ধতা ফুরিয়ে গেলে
রঙিন রঙ গুলো হবে
ফ্যাকাশে,
প্রথম বৃষ্টি আর শেষ বারিশের
মাঝখানে আবিষ্কার ফুরিয়ে 
গিয়ে এক ঘেয়েমি নেমে আসে,

মুগ্ধতা ফুরিয়ে গেলে
ইজেল হবে ক্লান্ত 
সব রঙ দানিতে তেজপতা 
রঙে যাবে ভরে ,

প্রথম বসন্তের সাথে বসন্তের 
শেষ দিনের তফাৎ অনেক
অবাক হওয়া সমস্ত কারণ গুলো
চেনা হয়ে যাবে থাকবে না আকর্ষণ,

মুগ্ধতা ফুরিয়ে গেলে কাছে
আসার ওম তেমন উত্তাপ দেয় না
শীত প্রহরে ....,

মুগ্ধতা ফুরিয়ে গেলে
আমার শব্দেরা তোমার কাছে
স্রেফ অক্ষরের অবান্তর ভিড় 
ছাড়া কিছুই নয় ...
মুগ্ধতা ফুরিয়ে গেলে ...♥️

#সই( মুগ্ধতা)

অসুখ

মনের অসুখ মনে হয়
রোজ কি যেন এক ঝড় বয়ে যায় 
ঘর ভাঙে ফসল মরে যায়

মনের দেশে মহামারী 
মন ভাবছে কি হয় না হয়

মন ভুলিয়ে রোজ বলছি 
এ অ-সুখ তেমন গাঢ় নয় ....❣️
#সই (অসুখ)

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

খোঁজ শেষে


আকাশ দেখার গরাদ শোকে 
রং মিলন্তে গল্প খোঁজে 
সবাই কি সত্যি খোঁজে 
ভাসতে থাকা জাহাজ জানে
ফিরতে হবে অন্য গল্পে
আজের ঘরে কালের অভাব
জলের বুকে সফর করাত 
হাত বাড়ানো স্বভাব যার
দিন ফুরালে শূন্য হাতে 
ঘরে ফেরা নসীব তার ....♥️

#সই (খোঁজ শেষে)








বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

অহংকার

রোদ্দুর নিয়ে বড্ড তোমার অহংকার 
আমার পুঁজি বৃষ্টি দিনের একাকার 
প্রদক্ষিনে রইলো রাখা একটা প্রতিশ্রুতি 
আমার বৃষ্টি তোমার তোমায় কিন্তু ঢাকতে পারে ঠিকই 
দাঁড়িয়ে আছো সেরার সেরা  
বিছিয়ে দিয়ে  তোমার এরা 
ভিড়ের পথের প্রদক্ষিনে মাপছি তোমার
দুর্বলতা 
বৃষ্টি দিনে আমি কিন্তু রোদ্দুরকে ভেজাতে পারি 
হাসবে তুমি রামধনুতে 
অহংকারের বৃষ্টি দিয়ে চলতে পারে জারিজুরি...🌧️
#সই(অহংকার)

বোবা টানেল

বুকের ভেতর জমুক পাথর 
চোখের আলো নিভুক 
শব্দেরা যাক ছেড়ে 
নিজের ভেতর  নামতে থাকুক 
আরেক আমি সিঁড়ি বেয়ে
গভীর গহীন অন্ধকারে
থাক সে আমি নির্বাসনে 
হারিয়ে যাবার পরেও যেনো 
ভীষণ রকম হারায় এ মন
বুকের ভেতর জমুক পাথর 
চোখের আলো নিভুক 
শব্দেরা যাক ছেড়ে....💜
#সই (বোবা টানেল)

পাপী

তুমি  বললে 
আমি তো আছি
আমি পাপী  হয়ে 
তোমায় বিশ্বাস করলাম না 
তুমি  হাতের পরে হাত 
রাখলে 
আমি পাপী হয়ে 
অনুসন্ধানে থাকলাম
তুমি ভালবাসি বললে 
আমি পাপী হয়ে ছলনা 
মানলাম,
তুমি আমাকে আগলে রাখতে
চাইলে
আমি পাপী হয়ে সে যত্নের আগলকে 
শেকল ভাবলাম
তুমি আছি বললে
আমি মনে মনে হাসলাম ...
তুমি  আছি বললে
আমি পাপীর মত
তোমার ছবিতে পাপ রাখলাম ....♥️

#সই(পাপী)

গল্পের শেষে

কোথাও কোনো আনাচ কানাচে যদিও 
থাকো পাবো না খুঁজে
একদিন জরুরত ছিল আজ
ছবি থেকে গেছো মুছে....
হয়তো আলোকবর্ষ পরে
সভ্যতা হারানো শহরে
অস্তিত্ব তোমার গেছে জং ধরে 
একদিন তোমার কাছে নতজানু ছিল মন
এখন এক্কেবারে ভুলে গেছে বেমালুম মন
আমিও কি পারি এই আমি কে চিনতে 
প্রচ্ছদে থাকে না লেখা 
শেষ প্রহরে দৃশ্য ঠিক কেমন হবে প্রতিটা গল্পে....♥️

#সই(গল্পের শেষে)

মনে পরে না

ভালোবাসাটা থেকে যায় 
মুখটা হারিয়ে যায় 
প্রেমটা থেকে যায়
প্রেমের কারক
বদলে যায়
ছবি থেকে যায় 
শিল্পী হারিয়ে যায়
মুহূর্ত স্মৃতি
মানুষ বিস্মৃতি 
নদী থেকে যায়
স্রোত বয়ে যায়।
মনে থাকে না
তোমার মুখ,
মনে থাকে না 
কারক,
মনে নেই
স্রষ্টা তোমায়,
মনে পরে না
স্রোতের রূপ....
দাগ থাকেলও দাগের
কারন তেমন মনে পরে কই ...♥️

#সই(মনে পরে না)

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সময়

সময় তো  একই রকম বয়ে যায় 
তোমার আমার ঘড়ির কাটা 
এক হয় না কখনও 
সময় তো এক রকম বয়ে যায় 
তবু ভিড়ে হাঁটতে থাকা মানুষের কাছে
জানতে চাই সময় কত...
সময় তো একই রকম বয়ে যায়
তবু কখনও কিছু মিনিট আমি ছুঁতে 
পারিনা
কখনো তুমি আমায় ফেলে রেখে
আলোকবর্ষ পেরিয়ে যাও ...
সময় তো একই রকম বয়ে যায়
কখনো  স্বপ্নে কখনও স্মৃতিতে 
আমরা মুখোমুখি হই 
সময় তো একই রকম বয়ে যায় ...♥️

#সই( সময়)


সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সই

আবছা জানলায় 
 মন মেলা আলনায় 
শিশিরেরা টুপটাপ
চায়ের কাপে সকাল এঁকে 
নতুনের শুরুয়াত 
ভাবনায় আসে যায়
খেয়ালি পালতোলা 
দিন শেষে সংবাদে 
হিসেবের খসড়ায় 
নেই আছে অংকেরা
বেখেয়ালে ঘর বাঁধে...♥️
#সই

রবিবার, ২২ মার্চ, ২০২৬

হারাতে চাইনি বলে

হারাতে চাইনি বলে বন্দি করেছিলাম
বুক দেরাজে 
হারাতে চাইনি বলে খরচ করেছি হিসেবের থেকেও 
হিসেব রেখে 
হারাতে চাইনি বলে রোজ প্রহরে প্রহরে
ছুঁয়ে দেখেছি কাছে থাকা টুকু 
হারাতে চাইনি বলে  পুজোর ফুলে
সংকল্প রেখেছি থাকা টুকু 
হারাতে চাইনি বলে নতজানু হয়ে
ভিক্ষারি সেজেছি ভেতর বাইরে
হারাতে চাইনি বলে মুঠো শক্ত করে
রেখেছি ভীষণ রকম
হারাতে চাইনি বলে  অনেক কিছু
হারিয়েছি  খুব সহজে 
হারাতে চাইনি বলে ...
হারাবো না বলে ....
ঘর খুলে দেখেছি 
ফুল শুকিয়ে গেছে ,
খরচ হয়েছে গেছে সমস্ত অস্তিত্ব,
স্পর্শ গেছে মরে,
কবে যেন আমার অজান্তে সংকল্পের  ফুল হয়েছে
বিসর্জিত,
নতজানু ভিক্ষারী আলুথালু 
খুব সহজে যাকিছু হারালাম
সে সব কিছু  ছিল মূহুর্ত 
.....হারাতে চাইনি বলে 
স্রেফ মৃত্যু আগলে রাখলাম
হারালাম  সমস্ত বেঁচে থাকাটুকু....♥️

# সই (হারাতে চাইনি বলে)

নৌকা

নৌকা জানে ভাসা মানে আকাশ
জলের গল্প লেখা 
মুঠোর ভেতর অনেক কথা 
পারের সাথে  পারের মিলন 
খুঁজছো কেনো তুমি অযথা 
গরাদ শোক মুক্ত যখন
সোনার কাঠির রুপোর কাঠির 
সব গল্পই ভাসুক এখন 
ফিরবো পারে ভাসিয়ে পুঁজি
মন দরিয়ায় কিনার বুঝে 
নোঙর কিনার নেবে খুঁজে...🌊

#সই(নৌকা)




ঈশ্বর

 ঈশ্বর তুমি ছুঁয়ে যাও যমের মত
হঠাৎ তোমার স্পর্শ  কেমন হিম শীতল লাগে ফুরিয়ে যায়
পুরোনো  ওম  এর মত
হঠাৎ সর্বস্ব গ্রাস করে নাও শয়তানের বেশে 
কিছুই  আগের মত নেই অথচ একটা ভাবনা থেমে  থাকে শহরের গলির  মাথায়,
রাস্তার পাশে বিসর্জনের  মন কেমন,ছেঁড়া স্মৃতির ভাঙ্গা দর্পণ,
 বিষন্ন মন আর ভালোবাসা শুকিয়ে যাওয়া ফুল,
সব ছাপিয়ে একলা মুহুর্ত   উত্তরের বারান্দায় দাঁড়িয়ে থাকে চুপ করে।
কিন্তু রোশনাই  আবারো কোনো না কোনো মনের বারান্দায় অপেক্ষায় ...
ঈশ্বরের মুখেও তোমার মুখ 
মনে থাকা ভুলচুক হয় না মুহূর্তদের ভিড়ে অসংখ্য টানাপোড়েন দলা পাকিয়ে ডুকরে ওঠে। 
.
কত কথা তো মনে পরে 
কত কথা তো বলার থেকে যায়  মানুষের
পুরোনো জামার মতো হঠাৎ কেমন ছোট পরে যায় জীবন ,
হৈচৈ করে সেই অভিমানী ঈশ্বর 
আজও যার   আলতা রাঙানো পা রাখা আমার বুকে 
 দাগটুকু  থেকে গেছে স্বাক্ষর হয়ে।

আমি আজও হাসি ,ভাবতে ভালো লাগে 
ঈশ্বর হওয়া থেকে অসুর হওয়াই ভালো 
কারণ তবেই বোধহয় পৃথিবীর জন্মদ্বার দর্শন হয়। 
.
সবকিছু গোলমাল হয়ে যায় উৎসবের পরের শহরে 
দু শালিখ ,কিংবা তিন শালিখ ,কোনো পরিসংখ্যান টেকে না 
ঈশ্বর বোধহয় ফুরিয়ে মানুষের যন্ত্রনা খোঁজে। 

আমি চেয়ে থাকি দূরে রাস্তার দিকে 
আজ উদযাপন ,কাল বোধন ,
ঝপাং করে একটা শব্দ হয় চোখের জলে 
এর থেকে বোধহয় আর জোরে কাঁদা যায় না ,
ঈশ্বরের অপেক্ষায় পরে থাকে অবশিষ্ট কাঠামো আগলে জীবন 
আবার অপেক্ষা অন্যদিনের  
হা ঈশ্বর ,সত্যি কি শুধু একটা সময় 
আর উৎসব শব্দটা শুধুই সাময়িক।

#সই(ঈশ্বর)

শনিবার, ২১ মার্চ, ২০২৬

মা আর আমি

একটা ট্যানেল তার ভেতর হাঁটছি
পথগুলো জিগস অফ পাজল শেষ সে সুড়ঙ্গের মুখে
দেহ মন আটকে গেলো বেরোতে চাইছি পারছি না
এক টুকরো আলোর রেখা বুকে নিয়ে ডুবে যাচ্ছি মৃত্যুর ভেতর। ,
রথের ওপর আমি পাশের মুখ মনে পরে না তেমন,
মা কে হাত বাড়িয়ে রথের ওপর নিলাম ....
মা তুমি আমার দিকে বিমুখ করে বসলে ,
তোমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিলাম
ফুরিয়ে যাবার আগে এমন করেই তো ....
বাকি পথ শব্দহীন, হঠাৎ মিলিয়ে গেলো
সব দৃশ্য ,,
হরিয়ে যাওয়া বোধহয় খুব সহজ 
মা দেখো আমিও তোমার মত হরিয়ে যাচ্ছি ।

©সই। ( মা আর আমি)

অপরুপ

যন্ত্রণায় তুমি ঝরে পরলেই 
তোমার সর্বস্ব জুড়ে অপরূপ রূপের আগুন
লাগে ।
তোমাকে ভালো না বেশে  ভালোবাসাহীন 
হয়েছি এই সত্যি 
নিশুতির সাথে আমাকে জাগিয়ে রাখে।
হলুদ বসন্তে অ-সুখ রঙের আবির রাখলে
সুখের মন-দেহে ...
তুমি যন্ত্রণায় ঝরে পরলেই 
তোমার   সর্বস্ব জুড়ে 
অমন অপরূপ  রূপের আগুন লাগে
তুমিহীন এই আমি টা  মন পুড়ে যাওয়া নিয়ে
সারা রাত থাকে জেগে ....❤️‍🔥
#সই(অপরুপ)


বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

অভাব

অভাবে রাখতে ভালো লাগে
স্বভাবে তাই নালিশ থাকে,
ভালো থাকায় ভালো না থাকা
অ - সুখ রঙের সুখ আঁকা 
ভেতর ভেতর বাড়ছে গাছ
চোঁখ ছুয়ে থাক শেষ রাত
অভাব গুলো বড্ড দামি
ভীষণ করে চিনতে পারি
আমার ভেতর  বসত বাড়ি 
সে আমি অন্য আমি
বড্ড দেরি অভিজ্ঞতায় 
ফুরিয়ে যাওয়া পথ জানে 
অভাবই  তো বাঁচতে শেখায়...♥️
#সই(অভাব)

বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ভেতর মানুষ

এক মানুষের মধ্যে থাকে অনেক মানুষ 
 ভাবতে  থাকে হতেম যদি 
উড়তে পারা একটা ফানুস,
ভেতর মানুষ চিনছি না কেউ 
অজুহাতে থাকছে ঢাকা অনেক মানুষ
মনের ভেতর বটের শেকড় বাড়তে থাকে
অন্য মনে,
জাপটে রাখা বন্ধে মরছে ...মরছে কিন্তু 
অনেক মানুষ।

হিসেব করে বাঁচা মানে পরফেকসন 
মানুষের ভেতর মানুষটা  চায় 
অংকে মূর্খ বিবাগী মন ,
 রোজ যে কারণে সেলাই কলে 
রাখছে মানুষ ভেতর মহল
পর্দাসীন আড়াল থাকুক দর্শক মহল 
হরিয়ে কিংবা হেরে যাওয়ার ভয়গুলো 
মানুষ রাখে নজর দূরে তুলোয় তুলোয় 
মানুষ জানে বাইরে টুকু বাঁচতে হলে
মারতে হবে ভেতর মানুষ.....
এক মানুষের ভেতর যে অনেক মানুষ ...♥️

#সই (ভেতর মানুষ)




বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

সর্বনাশের তুমুল খেলা

বাতাসের ভেতর কেউ অদৃশ্য চিঠি পাঠিয়েছে 
চিঠির ভেতর কিছু রং
ফিরতি পথে হিমেল হওয়া 
লগ্ন বুঝে সে রঙ দিয়ে বাঁধছে ঘর
ও বাতাস এ কেমন তোর ডাকাত স্বভাব 
পলক ফেলায় বাঁধলি এমন আষ্টেপৃষ্ঠে 
 ডাকাতিয়া সম্মোহন  নাকি ......,
পাথর হয়ে দেখছি  ডুবছে সকল মন - দেহ
মিশছে আবেশ চিঠির  রঙে হয়তো
এ মাস চৈত্র বেলা 
হয়তো শুরু সর্বনাশের তুমুল খেলা...।
#সই

বুধবার, ১১ মার্চ, ২০২৬

মুঠো

মুঠো ভর্তি শূন্য হাত 
না থাকলেও থাকুক সাথ
চোঁখের বাইরে কথাও তো নেই
বন্ধ চোখে ভীষণ জড়াই 
উজার তুমি নেই এর ঘরে
আছের ঘরে খুঁজে মরে
মনের ভেতর রয়েছে মন
শূন্যে ঘরে নেই সে সুজন 
সবটুকু সে তবু  তবু সে নয়...♥️
#সই

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আসা যাওয়ায়

বহু সভ্যতায় এসেছি 
বহুবার মরে গেছি
ধ্বংসের পরে গড়েছি আবার
আমাদের ঘরবার 
জ্বলেছি তবু হয়নি পোড়া 
যারা যেভাবে ফিরতে চেয়েছিল 
তাদের কারো সেভাবে হয়নি ফেরা
কখনো বাতিল ট্রেনের নোটিশে
তুমি আমি ঘর ছাড়া 
ছিলোনা তেমন নালিশের দরবারি 
বেহিসেবী লেখা থাকছে হৃদয়ের কারবারি।
#সই



একলা

যেভাবে জিততে চেয়েছিলে 
ঠিক সে ভাবেই হেরে গেছি
এখন শুরুর দিনের সাথে
শেষের দিনের তফাৎ আর নেই।
অক্ষাংশে লেগে নেই সাক্ষর,
একটা জিতে যাওয়া সোনালী 
আলোর উল্টো দিকে সত্যিই কি
শুধু উজ্জাপন থাকে!?
হেরে যাওয়া কি শুধুই মুছে যাওয়া
সভ্যতার নাম?
যে ভাবে বর্ণনা করলে তোমার 
উপন্যাসের বাজারী দর 
শিখর ছুঁয়ে ফেলতে পারে সেভাবেই
সাজানো হলো মঞ্চের আলো অন্ধকারের
তাল মিল ।
আজ মেঘের ঘর একলা 
আজ হয়তো কোথাও না
কোথাও বৃষ্টি হবার কথা ...
চলো আবারও কখনো 
আমরা সৈন্য সাজাবো 
খেলার মাঠে ,
তোমার জিত নিশ্চিত করবো 
অলিখিত দলিলে,
আজ থাক এসব কথা
আজ মেঘ বড্ড একলা ....☁️

#সই(একলা)

বোমা

তোমার চাউনি বিধ্বংসী বোমা
পুড়ে ছারখার নিজের সবটুকু জমিজমা ।
মন বায়নার কাছে আমি যে ভীষণ বোকা 
দিন ফুরোলে কপালে জোটে ভীষণ রকমের ধোঁকা।
রূপকথার মত  গল্পে  সাজানো মন হরণের যোজনা 
 দিল বেচারা তুমি যে দেখছি  আসলেই কিছু বোঝোনা....♥️
#সই



সই

জীবন কাটায় সবাই 
  জীবন বাঁচে  কিছু জন...
অপশনটা নিজেকেই পছন্দ করতে হয়

সই

যেমন তুমি সবার লাইফে ভালো হতে পারবে না
তেমনি তোমার লাইফেও সবাই ভালো হতে পারবে না

সোমবার, ৯ মার্চ, ২০২৬

ফাগুনে

ফাগুন হওয়ার অজুহাতে
কিছু সময়  থেকে যাওয়া সাথে সাথে 
পুরনো রাস্তায় নরম 
অলোর নিচে  ভালোবাসতে 
চেয়ে ক্লান্ত  মন 
ক্লান্ত হয়েও ভালোবাসায় ফেরা
এইভাবেই থেকে যাকি কিছু নিয়ম....♥️
#সই








সই

কেয়ার করার মানুষ খোঁজে জীবন
ব্যবহার করার মানুষ তো না চাইতেই  জুড়ে যায়....

সই

সব পাওয়া আর সবসময় পাওয়া জরুরী নয়
ইচ্ছে গুলো  খুড়োর কল আমাদের তাড়িয়ে নিয়ে যায়...

অনিয়মের ফ্রেমে

থেমে থাক মুহূর্ত কারন ছাড়াই 
শূন্যে হারিয়ে  হাঁটতে হাঁটতে এসো
শুকনো পাতা মাড়াই।
পিঠে পিঠ ঠেকিয়ে অপ্রেমের নালিশ গুলো
বদলে যাক গোধূলির আবেশে
প্রয়োজন গুলো ভাঁজ করা থাক অন্য কোনো
শো-কেসে।
অন্য কোনো দিন ফুরোনো উপসংহারে 
সময় যাক থেমে.
এইভাবেই সাজানো স্মৃতি আবেশ থাকুক ফ্রেমে
নিয়মের সিঁড়ি বেয়ে আজ নাহয় অন্য প্রেমে
নেমে আসি  আজ কিছুটা অনিয়মের  ফ্রেমে....♥️
#সই✍️




রবিবার, ৮ মার্চ, ২০২৬

সই

মাঝে মাঝে একটা স্পর্শ 
পিঠের ওপর একটা হাত 
সব অভাব মিটিয়ে দিতে পারে
এক জীবনে বেঁচে থাকা জুড়ে 
হাতড়ে বেড়ানো শুধু 
 ....আমি তো আছি নামের
সমস্ত জুড়ে জড়িয়ে   থাকা
স্পর্শ টুকুর....💜
....সই

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

সই

হারিয়ে ফেলার অনেক আগেই
মুঠো খুলে দেওয়া ভালো....💜

বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সই

Expectation যত কম
জীবন তত হালকা 

সই(২১৮)

আবছা জানলায় 
 মন মেলা আলনায় 
শিশিরেরা টুপটাপ
চায়ের কাপে সকাল এঁকে 
নতুনের শুরুয়াত 
ভাবনায় আসে যায়
খেয়ালি পালতোলা 
দিন শেষে সংবাদে 
হিসেবের খসড়ায় 
নেই আছে অংকেরা
বেখেয়ালে ঘর বাঁধে...♥️
#সই

কোট

লাইফের রিয়েলিটি সামনে দাঁড়ালে রুপকথা ফিকে হয়ে যায় 

সই(২১৭)

চোঁখ সবাই দেখে
 সবার দেখাটা আলাদা...
#সই 

সই(২১৬)

পরিচয় ভুল নয় 
ভুল পরিচয়কে 
বয়ে বেড়ানো ভুল...♥️
#সই

সই

সব দিন জিতে যাওয়া হয় না
সবসময় হেরে যেতে নেই
মাঠ একই থাকে নবিশ 
একদিন  ওস্তাদ তো হবেই...
...#সই

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সই

বেলা ফুরোয় রঙ ধূসর হয় 
খুলে দেওয়া মুঠো সময় বয়ে যায়
যে কথা ছিলো না দেওয়া সে কথাও 
সাক্ষর রেখে যায়
সমস্ত  না থাকায় সবটুকু বড্ড বেশি থেকে যায়....♥️