শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

তুমি আসবে বলে

----------------------------

তুমি আসবে বলে আমার সকল জুড়ে নিঃস্বতা,
যেহেতু আসা যাওয়া পথ ছিল ছায়াহীন তাই তুমি
বৃষ্টি...
তুমি আসবে বলে কবিতার শব্দরা ছিল   বোবা...
তুমি আসবে বলেই আলুথালু ভিখারিনী আমার আমি
তুমি আসবে বলে পথ ছিল  অপেক্ষায়...
তুমি  আসবে বলেই নির্ঘুম রাতেরা চোখের দরজায়
রাত জেগে বসে..,
তুমি আসবে তাই সব কাজে হয়ে যায় ভুল বোঝাবুঝি
তুমি আসবে বলে   আকাশের গায়ে আজন্ম   মেঘ
কেটে গেছে, 
তুমি আসবে বলে সকালের মুকুট তোমার নামেই রাখা,
তুমি আসবে বলেই ভালবাসার নাম দিয়েছি  মন্দ বাসা, 
তুমি আসবে বলে দিনগুলো কাটে কৃতজ্ঞতার ঋনে,
তুমি আসবে বলে জনম দুখিনীর গাল বেয়ে সুখ নামে,
তুমি আসবে বলে আমার আজ আগামির মুখ চেয়ে...
তুমি আসবে বলে...          

বুধবার, ১৩ মার্চ, ২০১৯

সুবর্না (২৬)

বিকেল চারটে কুড়ি স্টেশন উপচে ব্যেস্ততা
ফিরে আসা ফিরে যাওয়া.... তুই চলে যাবি
আরো কিছু টা সময়  যদি এ শহরে তোর নূপুরের
সুরে সুরে.... এমন ভাবিনায় দাড়ি টেনে ফিরে এলি তুই,
ট্রেন ছেড়ে গেল স্টেশন চত্ত্বর,
এমন করে কখনো কখনো    জীবন দিয়ে যায় পড়ে পাওয়া
চোদ্দ আনা।  দৃশ্যেরা রঙিন ক্যানভাসে নিজেদের সাজিয়ে নেয়,
কিছুটা বৃষ্টি নামতে গিয়েও থেমে গেল ওই কাজল কালো চোখে,
পোড়া দাগের যন্ত্রনা উপচে আসছিল তোর গলায়..... বুঝি আজকাল
তুই আশ্রয় খোঁজা ছেড়ে দিয়েছিস  ,  আগুন মাখতে মাখতে তুই কি ভাবে
যেন সব বন্ধনের সুতোগুলোকে বুনতে থাকিস জানি না,
বয়ে যাচ্ছিস স্রোতের মত অসংখ্য পরিধিতে তোর
সমস্ত দৃশ্যেরা, তবু    তুই কোথাও নেই,,
একবার তোকে বলেছিলাম যে দিন তোর মনে হবে
চলে আসবি আমার কাছে  জানি,
কিন্তু সুবর্না তুই কি আর আশ্রয় চাইবি এই শুকিয়ে
যাওয়া মাটির বুকে,,,
তুই জানিস তুই ফুরিয়ে যাবি এভাবেই দাবিহীন হয়ে হঠাৎ
কোনো শিশির গড়ানো সকালে....  ঘুমন্ত তোর চোখে পড়ে  
থাকবে কেবল স্নিগ্ধ হাসি "তুম হার কে দিল আপনা মেরে
জিত অমর কর দো"
ঘড়ির দিকে তাকাতেই পাঁচটা কুড়ি তোর ফেরার ট্রেনের বাঁশি
সুবর্না আবার আসিস এ শহরে,  মনে মনে  বলি ফিরে দেখ
একবার.... তুই হঠাৎ হারিয়ে গেলি ভিড়ে।
সুবর্না প্রিয় মন খারাপ,,,            

সুবর্না(২৫)

----------------------------
আধখানা চাঁদ খবার থালায়,  খিদেতে পেট
জ্বলছে ভীষণ রকম,
মিথ্যে সম্পর্কগুলোর ভাংচুর  খেলায় বেলা গড়িয়ে যায়,
গড়ানো বেলা চুপিসারে চোখের দোড়গোড়ায় ঘোমটায়
মুখ ঢাকে।
আমি আজ কাল ভালো আছি এই কথাটা চিৎকার
করে বলেও নিজের ভেতোরে পৌঁছাতে পারেনা,
সহস্র যোজন দুরত্ব পেরিয়ে হারিয়ে যায় শব্দগুলো,
আমিটাকে পারে না ছুঁতে,
প্রান হীন গাছের ডালে কাক ডেকে বলে.. তোমার
সমস্ত অভিমান মরে গেছে কান্নার শুকিয়ে পৃথিবীতে
আজ খরা..., 
যে বসন্ত আসে মন্দবাসার সমস্ত উপকরণ ছেয়ে,
তোমার আগুনে পলাশ রাঙে,  অথচ....ঘরের ভেতোর
সম্পর্কগুলোয় পচন ধরে গেছে কবেই,,
আমার পেটে খিদের আগুন সুবর্না, আধখানা চাঁদ
খাবার থালায় ---- তবু চিৎকার করে বলি
আমি আজ কাল ভাল আছি,
আলোকবর্ষ  পেরিয়ে যায় আমার শব্দরা
আমি একা  পড়ে থাকি.... পেটে খিদের আগুন
আধখানা চাঁদ আর মিথ্যে সম্পর্ক   আমার থালায়,
তবু আমি আজকাল ভাল আছি....,,,, 
       সুবর্না প্রিয় জীবন,
                         

তবু বলতে পারলি না..

----------------------------
তবু বলতে পারলি না তোর ডাকের অপেক্ষায়
আমি মুহুর্তগুলো খুঁটে খুঁটে নিজেকে বুনতে থাকি,
জরুরী ছিল না কোন দায়বদ্ধতার হিসেব,  তবু  বলা
হয়ে ওঠে না সে কথা,, 
এমন অনেক কথা অযথা জন্ম নেয় বুকের  সমাধিতে
সময়ের নিরিখে.... কেন বলি না সেসব কথা!
না বলা কথারা কোথাওবা অধিকার খুঁজতে থাকে
খুঁজতে থাকে বেঁচে থাকার বাতাস,  অথচ সেসব কথা
অবৈধ নামকরণ, সে কথা তুই জানিস অনেক বেশি,
যে কথা কবিতায় লিখেছিস অযুত বার সে কথা
সমুখে বলতে পারিস নি আজতক।
.....আজ না হয় মুক্ত করে দিলাম সে সব অধিকৃত কথকতা
থেকে ,  সেসব কথা আর  নাইবা আসুক আমাদের বিনিসুতোর সাঁকোতে,
খুঁচরো পয়সার দুঃখদের ঘাসে পা ডুবিয়ে নিদেন বেঁচে থাকায়
আমি যথেস্ট.... তুই ভালো থাক চালে ডালে. সবুজের সমারোহে
আর কখনো  সে কথারা জন্মাবে না  যে কথায় মেঘ আসে তোর
উঠোন জুড়ে,,,