বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

যন্ত্রণা মুক্তি

এমন নয় তুমি আগলে রেখেছিলে 
এমন নয় খুলে ফেলেছিলে বাঁধন 
ঝরে যাওয়া পাঁপড়ির মত  আজ অনেক
শব্দ তোমার ওপর সাদা চাদর বিছিয়ে দিলাম
শেষ বিদায় কিছু খই উড়োলো কিছু রজনীগন্ধা 
রইলো তোমার বুকে ।

আগুন ছুঁয়ে দেবার পর আর হয়তো বেশি করে
কিছুদিন কাছে থাকবে ...
আসলে ভিড়ে সবাই আছে শুধু তোমার বক বক 
আর বিরক্তিকর উপস্থিতিটা আজ কেমন অভ্যেসের 
সুতোয় টান দিচ্ছে ,
আগুন হাড়ে জল দিতেই। কোনো এক অজানা ওপারে 
এবার থেকে তোমার ঠিকানা ।

যন্ত্রণার থেকে মুক্তি তবু কোনো উৎসব নয়, 
ছিলো কোনো একদিন যা উৎসবের মত করে 
খিলখিলিয়ে উঠত অথচ ঘড়ির কাঁটার পায়ে পায়ে যন্ত্রণা রক্তাক্ত করত মুহুর্মুহু ,

একটা ফুরিয়ে যাওয়া 
একটা মুক্তি
একটা বন্ধনহীন সকাল 
অথচ যন্ত্রণা শুধুমাত্র রুপ বদলই করে 
পোষাক বদলে নতুন সাজগোজে।
আসলে এই বেচেঁ থাকায় কোত্থাও কোনো
মুক্তি নেই।

#সই।  ( যন্ত্রণা মুক্তি)



বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

পরের জন্মে (২)

 পরের জন্মে এই দেহের ওপর  তুমি গাছ হয়ে জন্ম নিও
আমি অন্য ভাবে আকাশ দেখবো সেই অন্য জন্মে ,

আমদের কোত্থাও যাবার থাকবে না,   একে অপরের কাছে
নিবিড় হবো সবকটা মরশুমে  তুমি রোজ আকাশের দিকে বেড়ে উঠবে একটু একটু করে যৌবন তোমায় ছোঁবে আমাদের সংসার হবে ভরপুর।
  সময় পার হবে  সুখে অসুখে ভালবাসা আর মন্দবাসায়
তারপর এক সময় তোমার শাখা ফুল ফল পাতা সব ফুরিয়ে যাবে ,
 আমাদের সংসারে বার্ধক্য আসবে আমরা একসাথে বুড়ো হবো আর একদিন তুমি আমার বুকের ওপর শেষমেশ ঘুমিয়ে পড়বে ।

এই জন্মে সমস্ত চেনা নাম থেকে নিজের দাগ মুছে শূন্য
ছুঁয়ে দাড়ালাম এবার , তুমি নাহয় বাকি পথ টুকু রইলে তোমার রাজপাট নিয়ে রইলে তোমার প্রিয় পরবাস নিয়ে।

পরের জন্মে সেই শূন্য বুকে  আকাশ ছোঁয়া গাছ হও 
শেকড় লেগে থাকবে এই শূন্য বুক পাঁজরের আনাচ কানাচে জুড়ে,
দুজনের মর্মে মাটির  সোদা গন্ধ একইরকম  
আমাদের একখানা ছাদ আকাশ ।

 জানো  এই জন্মে বাড়ি ঘর সবই ছিলো তবে আগলে রাখার আগল ছিল না বলেই  সম্পর্কগুলো খুলে খুলে  ছড়িয়ে পড়েছে   সময়ের  পৃথীবিতে,

   পরের জন্মে আমি মাটির নিচে থাকবো এই দেহের ওপর
তুমি গাছ হয়ে জন্ম নিও আমি আজন্ম সেই গাছের সাথে বেঁধে বেঁধে থাকবো ।
আর তুমিও হবে একমাত্র আমার।


#পরের জন্মে (২)

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

মিলন

যে তারাটিকে দেখে আমার উত্তরের বারান্দা রাত জাগতে 
সাহস করতো আজ সে তারাটার মৃত্যু দিন ।
শীত বাড়ছে  হাড়ের ভেতর মৃত্যুর মত হীম জমছে 
সব দরজা বন্ধ করে উপাসনায় বসতে হবে ,
মায়া আর মোহের সুতোটা এবার জাস্ট ছিঁড়ে ফেলার সময়
এসেছে ।
তার সাথে প্রেমের মিলনের এটাই মহেন্দ্রক্ষণ।

#সই

আলোর পথ

তোমার চোখ ছুঁয়ে দেখলাম
 স্বচ্ছতা 
ঠোঁটে লেগে থাকা শব্দেরা বললো 
সাত সতেরো কাহিনী ,
আমি খড়কুটো জড়ো করবো কিনা ভাবছিলাম
ভাবছিলাম শীতের উষ্ণতার ওমের কথা 

বদলায়নি কিচ্ছু 
সেই মিথ্যে সেই তীব্র অহংকার
সেই ছেলে ভোলানো গল্পের আখর 

এই শীত শহর আমায় তোমায় বারংবার 
মুখোমুখি করে কেনো জানি না 
তুমি বিশ্বাসী হতে চাও আর আমি
বিশ্বাস করতে চেয়ে হেরে ফিরি 

অথচ আশ্চর্য এই পঞ্চতত্ত্ব প্রত্যেক বার
ঝলমলে আলোয় পথ দেখিয়ে জয়ের
মুকুট আমার মাথায় পরিয়ে দেয় ।

#সই (আলোর পথ)



শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

সই

একটা দীর্ঘ নিস্তব্ধতা চিৎকার 
করছে 
তুমি কখনো সে চিৎকার শুনতে পাওনি 
শামুকের ভেতর একটা আস্ত দুনিয়া 
তবু প্রতিবার মৃত্যু ছুঁয়ে দেখতে জানলায় দাঁড়াই।

#সই

এখন

এযাবৎ এত হত্যা ভুলে যাওয়া সহজ নয়
হয়তো সহজ নয় বলেই অন্ধকারে ভেতর থেকে
আলো কুড়িয়ে আনা বেচেঁ থাকার নিয়ম,
সময় কখনো সাদা সারসের মত কখনো গাং ছিল
কখনোবা শকুন হয়ে মানচিত্রের আকাশে উড়তে থাকে ,

তোমাকে বুঝতে গিয়ে রোজ তোমাকেই কুয়াশায় হারিয়ে ফেলি
হয়তো তুমিও তাই ।

এখন শুধু থমকে দাঁড়াতে ভালো লাগে 
এখন শুধু গ্যালারীর দর্শক হতেই ভালো লাগে 
এখন সব হত্যার কারণ গুলোকে ঈশ্বর হিসেবে দেখতে ভালো লাগে ,
এখন পুরোনো সব লেখা মুছে দিতে ভালো লাগে
এখন এই হারিয়ে যাওয়া মুহূর্ত গুলোয়  ঘুরন্ত সিঁড়ি বেয়ে
 স্রেফ গভীরে ডুবতে ভালো লাগে ।

এখন আর রক্ত পাত কিংবা যুদ্ধ চাই না 
এখন আর ''আমার' শব্দের  প্রতি মোহ মায়ার 
সংসারটা নেই ,
এখন একটা মুক্তি আর উড়ান যেখানে আমি ,তুমি,
আমরা, তোমরা ,কিচ্ছু নেই  স্রেফ অন্ধকারের ভেতর থেকে কুড়িয়ে আনা আলো।

#এখন





মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫

যদি বুঝতাম

তোমার অবহেলা সেদিন চৈত্রের শেষ বেলায় আমার
কাছে এসে পৌঁছাল 
একটা গোটা ব্রহ্মান্ড তখন দুমরিয়ে মুচড়িয়ে তালগোল 
পাকিয়ে ডুবে যেতে লাগলো অন্ধকারে ,
আমি খড় কুটো আকড়ে বাঁচতে চাই বলে চিৎকার করছি
তোমার অবহেলা আমার পা টেনে চোরাবালির স্রোতে গলা চেপে ধরছে  সে বেলায়,
বিকেলের শেষ আলোটুকু কে বললাম আমায় বাঁচাও,
অন্ধকার কে বললাম তুমি একটু সময় স্থির হয়ে স্থবির দাড়াও ,,
দরজা জানলা সব বন্ধ হয়ে গেলো তোমার অবহেলার দাপটে,
আমার রং, তুলি ,ক্যানভাস ,কবিতার খাতা অবাক করে 
অচেনার মত আমাকে মরতে দেখে পাশ কাটিয়ে কোথায়
যেন হারিয়ে গেলো , 
খোঁপার মালা খানা নিমেষে শুকিয়ে গেলো
... মুহুর্তে ফুলঝুড়ি হাসি যাতনায় ভরে গেলো ,
আমার বাসন্তিকা পরিচয় থেকে পলাশের আগুন দ্যুতি 
মিলিয়ে গেলো ।
তোমার অবহেলা আমায় ঘরহীন করলো
তোমার অবহেলায় একটা ব্রহ্মান্ড লন্ডভন্ড 
হলো ....তুমি এত অহংকারী রাজা ?
যদি বুঝতাম হৃদয় রাখতাম না পুজোর অর্ঘ থালায়,।





সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

স্রেফ ভালবাসা

পুরোনো  দেওয়াল ভেঙে দৃশ্যের বাইরে উড়িয়ে দেওয়া যাক
এবার মায়ার দিন গুলো।
হিসেবের খসড়ায় শীত বিকেলের নরম রোদ্দুর পায়ের পাতা ছুঁয়ে ভালবাসা জানাতে চায়,
পসার বিছিয়ে শীত ফসল ...
আর নতুন গুড়ের মিষ্টি ভালোলাগা ।
হাতের ওপর হাত রেখে ওমের এপার ওপর
আদ্যপান্ত সুখের ঘরকন্না,
ঠোঁটের ওপর উষ্ণতার কাহিনী নকশা বুনছে 
আসলে ভালোবাসার মরসুম নিয়ে  হেমন্ত
হাত বাড়িয়ে বাকি পথ হাঁটতে চায় ।
এসো পুরোনো পিছুটান ছিঁড়ে ফেলি,
সময় এবং স্মৃতি বেশি মনে না রাখাই ভালো 
সামনে বেচেঁ থাকা হাসি মুখে আলিঙ্গনে আবদ্ধ করছে
ভালোবাসার মরসুম,, 
স্রেফ ভালবাসা ।

#সই (স্রেফ ভালবাসা)






বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫

এবার তুমি

এবার তুমি পাহাড় হও আর আমি নদী 
নানা নদী নয় আমি বাউল মেঘ 
এবার তুমি আমায় বাঁধবে 
আর আমি হব ভীনদেশী 
এবার তুমি আমায় সংসার দেবে 
দেবে  সংসারে বেঁধে রাখার জন্য বাসন ,
আসবাব, দেওয়াল জুড়ে দেবে আদর আর যত্নের 
কোলাজ,
আর আমি দল ছুট মেঘ এখান ওখান বৃষ্টি সুখে
আউল বাউল ঘরহীন।
এবার তুমি দু চোখে স্বপ্ন নিয়ে কাব্য লিখবে 
একটার পর একটা সুতোয় গাঁথবে ভালবাসা আর বেচেঁ থাকার
গাঁথা,
আর আমি সব সুতো ছিঁড়ে এক আকাশ মুক্তির দিকে .....
এবার তুমি পাহাড় হও আর আমি আউল বাউল ঘরহীন মেঘ।

#সই

সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

সই

 রোদ্দুর ছায়ার  দাগ টেনে জীবন আঁকো 
আকাশের বুকে ,
 নও প্রচ্ছদ ...নও কোনো প্রাণবায়ু,
শুধু গল্পের  আকাশেআসা যাওয়া
 এক মুঠো বাউল মেঘ।
আলো থাক ছায়া থাক বদলে যাক
রোজ কিছু প্রয়োজন ,বদলে যাক রোজ
কিছু প্রিয়জন ..... 
#সই




বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫

সই

চাওয়ার কোনো বয়স নেই নেই মৃত্যু 
চাওয়া শুধু চাওয়াই হয়ে হাঁটতে থাকে
 একের পর এক দরজা পার করে অনন্তে।
#সই


কথা বলা হলো অনেক

কথা বলা হলো অনেক ,অনেক হলো শব্দের মিছিল সাজানো
তবুও স্বচ্ছ হলো না কাঁচের সম্পর্ক,
তার চেয়ে ভালো হত যদি কোনো কথাই না বলা হত 
সহজ হত চার পাত্তির এই বেচেঁ থাকা
রূপ কথায় লাগতো না কলঙ্ক।
#সই