বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

পরের জন্মে (২)

 পরের জন্মে এই দেহের ওপর  তুমি গাছ হয়ে জন্ম নিও
আমি অন্য ভাবে আকাশ দেখবো সেই অন্য জন্মে ,

আমদের কোত্থাও যাবার থাকবে না,   একে অপরের কাছে
নিবিড় হবো সবকটা মরশুমে  তুমি রোজ আকাশের দিকে বেড়ে উঠবে একটু একটু করে যৌবন তোমায় ছোঁবে আমাদের সংসার হবে ভরপুর।
  সময় পার হবে  সুখে অসুখে ভালবাসা আর মন্দবাসায়
তারপর এক সময় তোমার শাখা ফুল ফল পাতা সব ফুরিয়ে যাবে ,
 আমাদের সংসারে বার্ধক্য আসবে আমরা একসাথে বুড়ো হবো আর একদিন তুমি আমার বুকের ওপর শেষমেশ ঘুমিয়ে পড়বে ।

এই জন্মে সমস্ত চেনা নাম থেকে নিজের দাগ মুছে শূন্য
ছুঁয়ে দাড়ালাম এবার , তুমি নাহয় বাকি পথ টুকু রইলে তোমার রাজপাট নিয়ে রইলে তোমার প্রিয় পরবাস নিয়ে।

পরের জন্মে সেই শূন্য বুকে  আকাশ ছোঁয়া গাছ হও 
শেকড় লেগে থাকবে এই শূন্য বুক পাঁজরের আনাচ কানাচে জুড়ে,
দুজনের মর্মে মাটির  সোদা গন্ধ একইরকম  
আমাদের একখানা ছাদ আকাশ ।

 জানো  এই জন্মে বাড়ি ঘর সবই ছিলো তবে আগলে রাখার আগল ছিল না বলেই  সম্পর্কগুলো খুলে খুলে  ছড়িয়ে পড়েছে   সময়ের  পৃথীবিতে,

   পরের জন্মে আমি মাটির নিচে থাকবো এই দেহের ওপর
তুমি গাছ হয়ে জন্ম নিও আমি আজন্ম সেই গাছের সাথে বেঁধে বেঁধে থাকবো ।
আর তুমিও হবে একমাত্র আমার।


#পরের জন্মে (২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন