রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

সই(১৯৭)♥️

ভাসতে ভাসতে ফিরছে মন
মনের ঘরে শূন্য কোন
পাঁজর বাঁধে পাঁজরে তার
সুরের থেকে অসুর বেশি
ঠাণ্ডা লেগে বাড়ছে কাশি
রোজ কিছুটা এগিয়ে গিয়ে
ভাবনা গুলো হচ্ছে বাসী 
তোমার চোখ আমার ঠোঁট 
বাঁচার সূত্রে একজোট 
হাতড়ে দেখা স্বভাবে 
কমছে সময় এভাবে
অজুহাতের তিনটে আঙ্গুল
নিশান রাখে হৃদয়টাকে....♥️
#সই









মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চুপ মূহুর্ত ♥️

কথা বলা মূহুর্ত এখন চুপ 
বোধ আর বোধীর মাঝে অনেকটা
সময় শুন্যতা ভরতে চুপ থাকতে হয়
পুড়তে থাকা চন্দন কাঠ নিথর 
দেহের ইতিহাস জানতে চায় না 
সময় কেবল কথা থেকে কথামৃত হয়ে যায় 
দর কষাকষি থেকে দামি হয়ে যায়  সময়,
জীবন সহজ হতে হতে কখন যেনো 
ঝর্না হয়ে গেছে ।
সন্ধ্যে হতে আরো কিছু সময় হয়তো আছে
তবুও কিছুটা হিসেব নিকেষ বুঝে নেওয়া
সময়ের দাবি কিংবা বেচেঁ থাকার ,
লাল হলুদ সুতোয় দেওয়াল নকশী 
বুনতে বুনতে  শেষের লাইনটা বোধী দরজায়
শেষ হয় ।
জড়িয়ে থাকা আঙুলের সাথ ভিড় পেরিয়ে 
নিজের মত হারিয়ে যায় ...
রোজ কিছু বিস্ময় চেতনা ছুঁয়ে যেতে চায়
প্রতিটা সকাল যে এক গল্প বলে না তবু প্রতিটা
সকলকে আমরা চেনা মনে করি ..🍁

#সই( চুপ মূহুর্ত)







সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

অভাবের দিনে

অভাবের দিন গুলোয় তুই  আসিস 
দিনান্তের  নিঃস্ব বেলায় তুই আসিস,
আমি  তো কখনও গাছ হতে চাইনি 
অভাবী অতি সাধারণ একজন মানুষ হতে চেয়েছিলাম 
মনে মনে ভীষণ ওরকম পরজীবী প্রাণী আমি,,

তোর অভাবের দিনে আমি সম্রাজ্ঞী হয়ে উঠি 
সাত মহলা বাড়ি তখন আমার 
শরীরের সলমা চুমকির রোশনাই 
ছায়া জুড়ে শীতল পরশ ...
আমাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিংড়ে শুষে 
নিস তোর অভাবের দিনে 
আমি ক্লান্ত হয়ে যাই তোর এমন 
এলোমেলো চাওয়াতে,
অভাবী হতে চেয়ে তোর দিকে ফিরতে চাই
আমিও কখনও ফাঁকা মাঠে শুকনো গাছ 
জল হীন নদী ছাড়া তোকে খুঁজে পাই না ...🍁
#সই ( অভাবের দিনে)

অন্য রূপ ♥️

যুবতী কবিতা পাঠায় সময়ে সময়ে,
যে জমি জুড়ে এখন ফলন্ত ধান গাছ
যে জমি এখন নিজস্ব  হবার দাবী রাখে,
কখনো কোনো না কোনো বেলায় 
লুকিয়ে হাত বাড়ায় জমি যুবতীর দিকে,
যুবতী কবিতা পাঠায়  সে সব জমিতে 
শরীর জুড়ে অক্ষরের খেলা চলে দিন রাত্রি ।

যারা সবুজ ধানি জমি হতে চেয়ে সাবধানী 
হয়েছিলো তারা সকলেই কখনো না কখনো 
যুবতিটির কাছে গোপনে কবিতা চেয়েছে ,
যুবতী ওদের মত ভাবতে শিখলো না জন্মভোর 
ফলন্ত জমি আর যুবতীর কবিতা ইতিহাসে কোথাও নেই
কিংবা দৃশ্যত নয় কোনো এক বারণ এর নিয়মে,
তোমারা হয়তো শহরের উঁচু হোডিংয়ে দেখবে অন্য
রূপে ওদের মেলবন্ধন  ,
চিনে নিতে পারবে না যুবতীর কবিতা আর ধানি জমি 
কাউকেই ,
আসলে ওরা মঞ্চে ওঠে অন্য রূপে 
আলোর নিচে ওরা এক্কেবারে আলাদা ,
তবু বিকেল কিংবা একলা বেলায় ,সকাল ,রাতে যুবতী 
কবিতা পাঠায় 
ফলন্ত ধানি জমি আশ্রয় চায় যুবতীর শরীর জুড়ে অক্ষরের 
কাছে ....🍁

#সই ( অন্য রূপ)


শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

এক সুরে ♥️

বুকের ভেতর দরবারী রাগ বেজে চলেছে
রাতের নক্ষত্র আর আমি তার সাক্ষী থাকছি,
যারা শহরের আলোর নিচে মাহফিল সাজিয়েছিল 
একদিন তারা সব্বাই এখন গভীর ঘুমের ভেতর নিজেদের
রেখেছে ।
শুধু আমি আর ওই নক্ষত্র গুলো ক্লান্ত হতে শিখিনি
বুকের বোতাম আলগা করে বেজে যাওয়া রাগের স্রোত 
মিশিয়ে দিতে দিতে মনে হচ্ছিলো কিছুই তো হারাবার নেই
কিই বা ছিলো মূল্যবান কিছু যার জন্য ক্লান্ত হয়ে অমলতাস 
গাছ খুঁজে যাবো ।
আমি নক্ষত্র আর এই নির্ঘুম রাত কেউ করো ওপর নির্ভরশীল
না হয়েও একই সুরে বেঁধে থাকি বুকের তারের কাছে ....🍁

#সই(এক সুরে)







শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

সই (১৯৬)

১)বৃদ্ধ হয় অজুহাত 
সময় চির সবুজ
হাতের রেখায়
দেওয়া নেওয়া
বুঝেও আমরা অবুঝ 
হিসেব রেখে চলছো 
হচ্ছো সাবধানী 
সন্ধ্যে হাঁটলে রাতের
কিনারে তুমিও বুঝবে
হিসেব আসলে স্রেফ হয়রানি....🍁
#সই




শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সই (১৯৫)

পুড়ছে সবাই দিন দুনিয়ায় 
পুড়লেই তো সোনা
কেউ হাসছে কেউ বা নালিশ 
ঈশ্বরেরও কি আছে সব জানা ?
জ্বলছে পুড়ছে ছুঁয়ে যাচ্ছে কখনো 
আকাশ  কখনো দফন মাটি
আবার ফেরা একই পথে  
অনুকরণে রয়ে গেছে যা কিছু দাবী....♥️


#সই

মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সই (১৯৪)


সাপ সিঁড়ির লুডোয়
ওঠা নামা বেচেঁ থাকার আপ্রাণ
প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকেই চাই
কবিয়ালের গাওয়া গান....♥️



রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

যেভাবে খুশি

ফেরারী মনের গহীনে থেকে যাওয়া অপেক্ষা
একদিন বিলীন হতে চায় সকালের শিশিরের 
আড়ালে
অভাবী মন জানতে দেয় না রাত জাগা চোখের
খোঁজ ঠিক কতটা দহনে পোড়ায় দেহের মনকে,
হোডিংয়ে টাঙ্গানো জীবন এক অদ্ভূত চলচিত্রের 
কাছে বিকিয়ে থাকে   চেষ্টা করেও সেসব দেখা যায় না
দেশলাই বাক্সের জানলা দিয়ে ।

 নিজেকে হারিয়ে ফেলতে পারলে দুঃখ গুলো উব যায়
কর্পূরের মত 
বয়ে যেতে পারলে পাওয়া না পাওয়ার হিসেবে শ্যাওলা ধরে
না কখনও 
সব কবিতা সব সময় কথা বলতে পারে না
সব কথা সুন্দর বন্ধনে মানায় না
অথচ হারিয়ে গেলে অনর্গল শব্দের চিৎকার হয় 
ভেতর জুড়ে 
অথচ শব্দের ভেতর আমরা কেউ কেউ আকাশ ,উড়ান,
মুক্তি , বন্ধন হার ,জিত পাওয়া ,না পাওয়া সবটুক 
আছড়ে ছিঁড়ে নখ দিয়ে খুঁটে খুঁজে নিই 
শব্দের ভেতর ফেরারী মন কখনো ঘর ছাড়া বাউল
কখনো ঘর বাঁধার গান 
.....এসো যেভাবে খুশি পথ হারাই 
এসো যেভাবে খুশি শব্দ সাজাই.....♥️

#সই(যেভাবে খুশি)



প্রাপ্তির


  না পাওয়ায় ভেতর এক প্রাপ্তি 
তবু মন এক খোঁজে আকাশ মুখী বরাবর,
হলুদ কালো ট্যাক্সির ভেতর অনুভূতির হাতে হাত 
শরীরের কালসিটে লুকিয়ে দেয় নিমেষে ।
বিকেল ফুরিয়ে যায় আদুরে আলাপে
চার দিশা থেকে পবিত্র আযান আর শঙ্খ ধ্বনি 
সহবাসে বেচেঁ নেয় আরো খানিকটা ,
শেষমেষ কথা রাখা হয় না
কথারা ফুরিয়ে যায় ডালভাত চচ্চড়ির 
আলাপে ....ভুলে যাওয়া হয় তোমাকে
স্পর্ষ করার কথা।

দেখা হয়ে যায় কোনো এক ফুটপাতে পুরোনো
সোহাগী বেলার এক টুকরোর সাথে 
ভালো থাকার পোশাক চোঁখ থেকে চোঁখ যায় ছুঁয়ে
যে সব কথা বলা হয় নি এত কাল কিংবা যে সব
কথা পলাশের শুকিয়ে যাওয়া দিনেও জানানো গেলো না
তারা নিপাট ভাঁজে সাতমহলার ভেতর থেকে
বাক্সবন্দী,

মনে থাকে কখনো বা মন রাখে নিজের কাছে,
কাছে রাখতে না পারলে কাছে থেকে যাওয়া
এক শতরঞ্জ এর খেলার মতই ,
মন মাথার তালগোল পাকানো এ খেলায়
হার আর জিত দুটোই এক উঠোন বারো ঘরের
ভেতর 
যা পাওয়া হলো না  সেটুকু বুকের ভেতর
ধ্যানস্থ হয়ে বলে ভালো থেকো দেখা হবে
তুমি ভালো থাকলে .....♥️

#সই ( প্রাপ্তি)




বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

জুটে যায়

জুটে যায় জুট যায়  ভালোবাসা 
জুটে যায় আশ্রয় 
জুটে যায় আসা যাওয়া 
জুটে যায় নদী বুকে ডোবা ভাসা 
জুটে যায় আসমান
কিছুটা রঙের খেলা
জুটে যায় একমুঠো খিদের ভাতের থালা 
জুটে যায় ইচ্ছে উড়ান
জুটে যায় প্রজাপতি মন
জুটে যায় সব চাওয়া 
স্রোতের চলতে কখনও না কখন
জুটে যায় হাতে হাত 
জুটে যায় কাঁধে কাঁধ
জুটে যায় একলা মন
জুটে যায় লেনদেন 
জুটে যায় ভরসা
জুটে যায় চাষীদের বৃষ্টি
ফসলের আঘ্রাণ  বাঁশি সুর মিষ্টি
জুটে যায় অন্ধ
জুটে যায় বিশ্বাস
জুটে যায় ঘর ছাড়া 
বাউলের একতারা
জুটে যায় হেরে যাওয়া
জুটে যায় মীরজাফর 
জুটে যায় বেচেঁ থাকায় 
ঘর ভাঙ্গা  নতুন ঘর
জুটে যায় যত্ন 
জুটে যায় অবহেলা
জুটে যাওয়া আসলে
জীবনের সত্যি খেলা .....♥️

#সই(জুড়ে যায়)

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

তুমি

তুমি না থাকলে এ শহরে কথারা শুধুই চিৎকার
তুমি না থাকলে কাঁটাতার জুড়ে যুদ্ধ যুদ্ধ খেলা
তুমি না থাকলে মানুষ কেমন অমানুষ হয়ে বাঁচে 
তুমি না থাকলে ধর্ম কেমন জীবনের থেকেও বড়
তুমি না থাকলে রাজনীতি যেন নীতি টুকু যায় ভুলে 
তুমি না থাকলে মরশুম গুলো ঠিকানা যায় ভুলে
তুমি না থাকলে গাছের পাতায় সবুজ রঙের কম
তুমি না থাকলে ফুলেরা সেভাবে হাসে না আগের মতন 
তুমি না থাকলে পাওয়া গুলো বৃত্তে  পায় না পুর্নতা 
তুমি না থাকলে এ শহরের দিন কেটে যায় শুধুই যাপনে 
তুমি না থাকলে জীবন তখন  তেজপাতা রং  চেনে ...
তুমি না থাকলে ...
তুমি না থাকলে ...♥️

#সই(তুমি)


রবিবার, ২ নভেম্বর, ২০২৫

শেষ

ডাকনাম ফুরিয়ে যায়
সুতোর সেতু ছিঁড়লে 
ঘুমের ভেতর কান্না রাখা
হাতের আগল সরলে
ওসে ভরা কাঁচ জানালায় 
অপেক্ষার আঙুল ছাপ 
তুমিও কি জানতে 
ফুরিয়ে যাওয়ার আগে
থেকেই যায় নিশান দাগ....♥️
#সই(শেষ)

জোৎস্না ♥️

সমর্পিত জ্যোত্স্না জড়িয়ে ধরেছে মেয়েটাকে
গাল বেয়ে চুইয়ে পড়ছে পরিপূর্ণতা 
ঘাড়ের কাছে এখনো হয়তো কিছু অভিশাপ
মৃদু শ্বাস নিচ্ছে ...
অ-সুখ গিলতে গিলতে জীবন একদিন অভ্যেস
করে নেয়  বলেই সেরে যাওয়া সুখের দিনে
মন কেঁপে ওঠা থেকে যায় ।
 ঝিমিয়ে  পরা ওষুধের বোতলে এখন খানিকটা 
অবহেলা ছুঁয়ে আছে  যেমন চলে যাবার  আগে শেষের 
কিছু দিন সাথে থাকা।
চাঁদ জানতো না এবারের সফরে তার মাথার মুকুটে
একটা পলক যোগ হবে 
মেয়েটা বহুদিন পর মুখ গুঁজে ' দ ' এর মত ঘুমিয়ে পরেছে 
জ্যোত্স্না জড়িয়ে রেখেছে মেয়েটাকে 
সদ্য অ-সুখ সারা মেয়েটা আলোর অভিসারে শিশুর মত নিশ্চিন্তে ঘুমাচ্ছে....♥️

#সই (জ্যোত্স্না)




মৃত্যু ♥️


মাটি শেকড়ের মত জড়িয়ে জাপটে 
রাখছো 
 দুহাতের আগলে রাখছো মুখ  
মায়ার যত্নে সোহাগী হয়ে উঠছে জীবন
 সাতমহলার  সুখে দিনমান  কোনায় কোনায়
হয়তোবা কখনো কানা বেয়ে  উপচে পরছে,
ফুল নদী গাছ সব কিরকম কাব্যিক মোহে 
সম্মোহিত ...নাম তার ভালবাসা প্রেম যত্নে আগলে রাখা।
জড়িয়ে থাকা মাটি শেকড়ের বিছিয়ে যাওয়া
টুকুই জগৎময়  এখন  সময় যেন মাথা নত করে
ডালি সাজিয়ে বলছে  হুকুম কিজিয়ে আকা ।

......  ঘুম ভাঙ্গা এক সকাল অদ্ভুত নির্মম মৃত্যু
নিয়ে আসে হাতড়ে বেড়ায় মখমলি যত্ন জড়িয়ে 
রাখা ওম কে ।
আসলে মৃত্যু অনেক রকম সব মৃত্যু  দেখতে এক নয়
কাউকে সহজে  মৃত্যু দণ্ড দিতে চাইলে অসম্ভব যত্নে 
আদরে ভরিয়ে তাকে পঙ্গু করে দিতে জানতে হয় 
আর তারপর একদিন ভ্যানিশ হয়ে যাওয়া শিখে নিলেই
ব্যাস ......♥️
#সই (মৃত্যু)