জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
শব্দের আওয়াজ
মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
মন্দবাসা
সোমবার, ২০ মার্চ, ২০২৩
ছবি
বৃষ্টি তুই
রবিবার, ১৯ মার্চ, ২০২৩
মন বাউল
ভুলতে হয় কখনো কখনো
শনিবার, ১৮ মার্চ, ২০২৩
বাটোয়ারা
বাটোয়ারা
প্রত্যেকেই পাঁজরের ফাঁকে লুকিয়ে রাখতে
চায় কয়েকটি নিজস্ব চিরকুট,
সে চিরকুটে একলা কান্না থাকে, থাকে
গোপন যন্ত্রনা , থাকে একলা নদীতে বয়ে
যাওয়া অপরাধ কিংবা সুখের বানভাসি মুহুর্ত।
প্রত্যেকের নিজস্ব আয়নায় একটা নিজের মত ছবি
থাকে যে ছবি কখনো সেলাম ঠুকে সম্মান জানায়
কখনো চোখ নামিয়ে নতজানু ,
সময়ের বাক্সে এমন ঘোর লাগা মুহুর্তে কাছে মানুষ
গোলাম মাত্র।
প্রত্যেকের ভেতর ছাদের ঘরের সেই গোপনীয়
চিলেকোঠার ঘরে একলা শব্দেরা আবরণহীন,
সুখ গুলো বোহেমিয়ান, দুঃখগুলো আলুথালু,
ভুল গুলো শাস্তি বিহীন , মিথ্যে গুলো দাঁত বার করে হাসে দ্বিধা ছাড়াই,
হয়তো বা এ গোপন চিলেকোঠায় দুঃখসুখের গল্পগুলো সব একঘেয়ে।
আমি আছি তুমি আছির সত্যি গুলো সে বিস্তীর্ণ চড়াই-উতরাই ছুঁয়ে দেখতে পারে না কখনো, ওরা
সাথে থেকেও একটা মানুষকে দুটো অস্তিত্বে বাটোয়ারা করে খুব সন্তপর্ণে।
বুধবার, ১৫ মার্চ, ২০২৩
যদি
.আগামীর দরজায় সবটুকুই হয়তো বিস্ময়,
ঘড়ির কাঁটায় কিছু না কিছু অপেক্ষা যেমন,
সফর জুড়ে ক্রমাগত নতুন মাইল ফলকে ছুঁয়ে ফেলা যেমন,
...যেমন শেষ দরজা সকল আগন্তুকের কথা জানে,
আকাশ, মাটি, গাছেরা উত্তর জেনেও চুপ থাকায় বিশ্বাস করে যেমনটা,
তবু কবিতায় শব্দ জব্দ খেলে কবি।
যতিচিহ্ন বদলে দেয় অনুভূতির মুখ,
বাড়ি ফেরা পাখিরা রুপকথার আকাশে ডানা মেলে কিনা জানা হয়নি।
শুধু জানা আছে তাদের আশ্রয় অপেক্ষার সকাল বুনতে থাকে সময়ের সুতোয়।
পাখিদের জন্ম মৃত্যুর মাঝে শুধুই সবুজ আকাশ।
আর সে আকাশে নেই মান, নেই বেইবান, নেই প্রশ্নের মত চিহ্ন,
আছে মুগ্ধতা, আছে বিশালে মিশে যাওয়ার পরম মুক্তি স্বাদ, আছে অবাক, আছে অজানায় নিজেকে হারিয়ে এক নতুন জানা কে প্রশ্রয় দেওয়া ।
পাখিদের কাছে সময়ের দরজাটা ঠিক কেমন জানি না!
পাখিদের কাছে যতিচিহ্ন গুলো কতটা মাত্রা পায় জানি না!
পাখিদের কবিতা ঠিক কেমন হয় জানি না!
আমি ছাদের আকাশে প্রতি বিকেলে এক গুচ্ছ এমন অজানা
নিয়ে ওদের বাড়ি ফেরা ডানা গুলোর দিকে অবাক হয়ে দেখি... মনে সাধ হয় এক জন্ম পাখি হতেম যদি....।
শনিবার, ১১ মার্চ, ২০২৩
ভালো আছে শহর
ভালো আছে শহর
.
বেশিরভাগ সময়ই এ শহর মিথ্যে হাসিতে বোঝাতে চায়
ভালো আছে,
আসলে সময়ের ভিড়ে নিজেকে মিশিয়ে শোক গুলো মিথ্যে সুখে বদলে ফেলা শিখে নিতেই হয় কখনো কখনো।
সময়ের স্মারককে এক সময় অবহেলায় বুঝিয়ে দিতেই হয় প্রবাহেই বেঁচে থাকা প্রবাহেই ভালো থাকা সম্ভব।
আসলে এ শহরব পারে , এ শহরের তুমি আমির মত অজস্র মন পারে হৃদয়ে বিবেককে রাখতে,
অসংখ্য বিষের পেয়ালার সামনে কিংবা পেয়ালা হাতে নিয়ে খুব সহজে বলতে চিয়ার্স ,
সত্যি হলো মানুষের পোশাক যার আড়ালে জীবনের পলেস্তারা ছেড়ে যাওয়া নোনা ধরে যাওয়া কাঠামো আড়াল করা খুব সহজ।
সময়কে পরিবেশিত হয় সামাজিকতায় আর
আর নিজস্ব মৃত্যুর গেলাসে ঠোঁট রেখে তখন বলতেই হয় চিয়ার্স ।
চোখের জল আড়াল করে গোপনীয়তা গুলোকে সময়ের এপিটাফে একটা নিয়মিত নিয়ম লিখে রাখে এ শহর,
এ শহর মন্দ থাকায় বাস করলেও মুখের হাসিতে বোঝাতে চায় ভালো থাকা যায় গতিময় সভ্যতায় আগুনে পুড়তে থাকা
মন্দ থাকা গুলোকে অবহেলা করেও।
এ শহর মন্দবাসায় বাস করলেও ভালোবাসার গানের কলারটিউনে বুঝিয়ে দেয় ভালোবাসা জড়িয়ে আছে ঘুম ভাঙা থেকে ঘুম আসা প্রহর জুড়ে।
রবিবার, ৫ মার্চ, ২০২৩
যাওয়া আসা
যাওয়া আসার দিনের শেষের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা গোধুলীর আলো মাখা বাতাস...
কখনো নেশা কখনো অভ্যেস বদলে নেওয়া।
শব্দের ঘরে চিরকাল দোসরের সংসার অথচ
ভালবাসা নিজের মত বুক খুঁজে নেয় বারংবার ।
সব চলে যাওয়ার ফেরা থাকে না, হয়তোবা
বেশিরভাগই ফেরা হয়ে ওঠে না আর কারন
সময় দরজায় খিল দেয় নিজের প্রহরায়।
আকাশ বদলে যায় বদলে যায় রাজা রানী ঘোড়া
কিংবা নৌকার চলমান নিয়ম।
চোখের আলোয় বাইরে সকল হারা যতটা অন্তরের অন্ধকারে কানায় কানায় পুর্ন সকল অভিসারি মুহুর্ত ।
মানচিত্রে সভ্যতা বদল হয় বদল হয় ঠোঁটের ওপর ঠোঁট
রাখা মীরজাফরি কথারা।
গলির মোড়ে বুড়ো বট পথিকের যাওয়া আসা
পাখিদের উড়ে যাওয়ার সাক্ষী একলা... তবু
একলা হওয়া হয় না... সমস্ত একলা বেলা জড়িয়ে
একটা অদ্ভুত আশ্চর্য অজানা অপেক্ষায় দাঁড়িয়ে থাকা হয়
দৃশ্যর জন্যে দর্শক হয়ে।