.আগামীর দরজায় সবটুকুই হয়তো বিস্ময়,
ঘড়ির কাঁটায় কিছু না কিছু অপেক্ষা যেমন,
সফর জুড়ে ক্রমাগত নতুন মাইল ফলকে ছুঁয়ে ফেলা যেমন,
...যেমন শেষ দরজা সকল আগন্তুকের কথা জানে,
আকাশ, মাটি, গাছেরা উত্তর জেনেও চুপ থাকায় বিশ্বাস করে যেমনটা,
তবু কবিতায় শব্দ জব্দ খেলে কবি।
যতিচিহ্ন বদলে দেয় অনুভূতির মুখ,
বাড়ি ফেরা পাখিরা রুপকথার আকাশে ডানা মেলে কিনা জানা হয়নি।
শুধু জানা আছে তাদের আশ্রয় অপেক্ষার সকাল বুনতে থাকে সময়ের সুতোয়।
পাখিদের জন্ম মৃত্যুর মাঝে শুধুই সবুজ আকাশ।
আর সে আকাশে নেই মান, নেই বেইবান, নেই প্রশ্নের মত চিহ্ন,
আছে মুগ্ধতা, আছে বিশালে মিশে যাওয়ার পরম মুক্তি স্বাদ, আছে অবাক, আছে অজানায় নিজেকে হারিয়ে এক নতুন জানা কে প্রশ্রয় দেওয়া ।
পাখিদের কাছে সময়ের দরজাটা ঠিক কেমন জানি না!
পাখিদের কাছে যতিচিহ্ন গুলো কতটা মাত্রা পায় জানি না!
পাখিদের কবিতা ঠিক কেমন হয় জানি না!
আমি ছাদের আকাশে প্রতি বিকেলে এক গুচ্ছ এমন অজানা
নিয়ে ওদের বাড়ি ফেরা ডানা গুলোর দিকে অবাক হয়ে দেখি... মনে সাধ হয় এক জন্ম পাখি হতেম যদি....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন