রবিবার, ১৯ মার্চ, ২০২৩

মন বাউল



 যে বৃষ্টি   ফিরতে দেয় না ঘরে  তার সাথে ভিজতে ভিজতে শোক ও সুখ দুইই ধুঁয়ে নেয় মানুষ
 দারুন ভাবে।   মেঘের পাপছায়ায় হারিয়ে যায়  ফুঁসমন্তর ম্যাজিকে।
 এভাবেই মেঘ নেমে আসা শহরের মন একলা হতে ভালোবাসে বারংবার ।
 জানলা খুলে চোখ দেখে নেয় ফেলা আসা আত্মিক সুখ লেগে থাকা মোড়ের শেষে  দাঁড়িয়ে থাকা মোহের নেশা হাতে লোকটা এতটুকুও ভেজেনি আজ এই থই জলে।
জীবনের নেশায় চুর হয়ে   দাঁড়িয়ে আছে শহরের আস্তাবল গুলো ...  ,


যে পথ কখনো জীবনের চেয়েও প্রিয় ছিল সে পথ
 বৃষ্টির কবিতার খাতায় নিজেই পথ হারিয়ে ফেলে।
আসলে এক একটা  গল্পের কাছে কখনো কখনো মানুষ  ঋণী হয়ে থাকে সারাটা জীবন; একটা মোহের কাছে নিজেকে কাঙাল হতে দেখতে ভালোবাসে শেষতক।
কিছু কিছু গল্পে নিজেকে বাঁচিয়ে রাখার তীব্র লোভের গোড়ায় জল ও সার দেয় মানুষ তার মন উঠোনে, 
সে গল্পে থেকে যাওয়ার জন্যে রোজ বোধিবৃক্ষ পরিক্রমা করে মন । 
 একটা পাগল-মন আদ্য প্রান্ত ভিখিরি হয়ে ঘুরে বেড়ায়  পথে পথে। 
অথচএকটা পথ সে চিরকাল হারিয়ে ফেলে নিজেকে ঠকায় ...সে যে অন্ধ হৃদয়ের কাছে পাগলের প্রলাপ কাঁদে ...
বোধহীনতার কাছে বোধি ভিক্ষা পাবার চেষ্টায় ব্যর্থতা বুনে চলে আজীবন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন