শনিবার, ১৮ মার্চ, ২০২৩

বাটোয়ারা

বাটোয়ারা 



 প্রত্যেকেই পাঁজরের ফাঁকে লুকিয়ে রাখতে 

চায় কয়েকটি  নিজস্ব  চিরকুট, 

সে চিরকুটে একলা কান্না থাকে, থাকে 

গোপন যন্ত্রনা , থাকে একলা নদীতে বয়ে 

যাওয়া অপরাধ  কিংবা  সুখের বানভাসি  মুহুর্ত। 

প্রত্যেকের  নিজস্ব  আয়নায় একটা  নিজের মত ছবি

থাকে   যে ছবি  কখনো  সেলাম ঠুকে  সম্মান  জানায়

কখনো  চোখ নামিয়ে নতজানু , 

সময়ের বাক্সে এমন ঘোর লাগা মুহুর্তে কাছে মানুষ 

গোলাম মাত্র।

প্রত্যেকের ভেতর ছাদের ঘরের সেই গোপনীয় 

চিলেকোঠার  ঘরে একলা শব্দেরা আবরণহীন, 

সুখ গুলো  বোহেমিয়ান, দুঃখগুলো আলুথালু,

ভুল গুলো শাস্তি বিহীন , মিথ্যে  গুলো  দাঁত বার করে  হাসে দ্বিধা ছাড়াই, 

হয়তো  বা এ গোপন চিলেকোঠায়  দুঃখসুখের গল্পগুলো সব একঘেয়ে।   


আমি আছি তুমি আছির সত্যি গুলো  সে বিস্তীর্ণ  চড়াই-উতরাই  ছুঁয়ে  দেখতে পারে না কখনো, ওরা 

সাথে থেকেও  একটা মানুষকে  দুটো  অস্তিত্বে বাটোয়ারা  করে খুব সন্তপর্ণে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন