ভুলতে হয় কখনও কখনো
*********
তুমি দাঁড়িয়ে আছ সেই কবে থেকে একই বৃত্তের ভেতর ,যে সময় কে তুমি গালাগালি দাও সে সময় তোমাকে ছেড়ে কোন দূরপাল্লার ট্রেনে হুইসেল বাজিয়ে চলে গেছে , অথচ হুইসেল সে আওয়াজে আজও ফালা ফালা হয় তোমার মাথার এক একটা শিরা ,
বাসি খবরকে বরফ কুচি দিয়ে জীবিত রাখা অভ্যাস যে বদলে ফেলা দরকার তোমায় কেউ
শেখায়নি
, তাই তোমার অভিমানের ছায়ার মাপ ক্রমশ তোমার দৈর্ঘের চেয়ে আজ লম্বা ।
যে কবর খানা খুঁড়ে তুমি প্রতিদিন তোমার জন্ম শব্দ তুলে আনো আর নিজের বেঁচে থাকা কে ব্রাত্য করে তুলছো তাতে যে কারোই কিচ্ছুটি আসে যায় না , এই পৃথিবীতে কেউ কারো জন্য দু দণ্ড দাঁড়ায় না তুমি তো জানো , তবু তোমার ক্যানভাস জুড়ে অজস্র ধারায় গড়িয়ে নামে বান্ধব রঙ আর সেই রঙের একটাও ছবি তুমি সম্পূর্ণ করতে চাওনি
কখনো ,
তোমার যুদ্ধ পরবর্তী পৃথিবীতে দেখ কে আছে একান্ত তোমার অপেক্ষায় ? দেখতো সেই সুখ দুঃখের ফেরিওয়ালা কে কি তুমি স্টেশন চত্বরে পাও কিনা যেখান থেকেও খানিক ভালো থাকা কিনে নিতে পারো ,
রোজ রোজ হারিয়ে যাচ্ছ অভিমানী ভিড়ে
যেন নেশার পাত্রে এলিয়ে পড়া সুরজ কি রোশনি ,
যেন প্রত্নতাত্ত্বিক সময়ের গা দিয়ে গড়িয়ে পড়া বয়স , যেন মৃত্যু নগরীর ঝাঁকে ঝাঁকে উড়ন্ত কবুতর , এই তুমিটা চিনতে গেলে আবিষ্কার হয় সম্পূর্ণ বিপরীত অচেনা এক মানুষ ,
শুধু জানতে ইচ্ছা করে তুমি কি এভাবে ভাল আছো দীর্ঘ কাল ! প্লিস অভিমানী ছায়াকে নিজের থেকে দীর্ঘ করে বাড়তে দিও না ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন