রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

যেভাবে খুশি

ফেরারী মনের গহীনে থেকে যাওয়া অপেক্ষা
একদিন বিলীন হতে চায় সকালের শিশিরের 
আড়ালে
অভাবী মন জানতে দেয় না রাত জাগা চোখের
খোঁজ ঠিক কতটা দহনে পোড়ায় দেহের মনকে,
হোডিংয়ে টাঙ্গানো জীবন এক অদ্ভূত চলচিত্রের 
কাছে বিকিয়ে থাকে   চেষ্টা করেও সেসব দেখা যায় না
দেশলাই বাক্সের জানলা দিয়ে ।

 নিজেকে হারিয়ে ফেলতে পারলে দুঃখ গুলো উব যায়
কর্পূরের মত 
বয়ে যেতে পারলে পাওয়া না পাওয়ার হিসেবে শ্যাওলা ধরে
না কখনও 
সব কবিতা সব সময় কথা বলতে পারে না
সব কথা সুন্দর বন্ধনে মানায় না
অথচ হারিয়ে গেলে অনর্গল শব্দের চিৎকার হয় 
ভেতর জুড়ে 
অথচ শব্দের ভেতর আমরা কেউ কেউ আকাশ ,উড়ান,
মুক্তি , বন্ধন হার ,জিত পাওয়া ,না পাওয়া সবটুক 
আছড়ে ছিঁড়ে নখ দিয়ে খুঁটে খুঁজে নিই 
শব্দের ভেতর ফেরারী মন কখনো ঘর ছাড়া বাউল
কখনো ঘর বাঁধার গান 
.....এসো যেভাবে খুশি পথ হারাই 
এসো যেভাবে খুশি শব্দ সাজাই.....♥️

#সই(যেভাবে খুশি)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন