দিন কিভাবে মুঠো থেকে ঝরে যায় জানি না
সন্ধ্যে নামার পর সিঁড়ি বেয়ে নেমে আসে অদ্ভূত
যন্ত্রণার দল চাপা গলায় একটা মৃত্যুদণ্ডের ফিসফিসানি
শুনতে শুনতে ভয় পাই ,
গাঢ় রঙের পোশাকে কারা আমায় জাপটে ধরে
তোমায় হাতড়ে বেড়াই বেচেঁ ওঠার স্বার্থে ,
মুখ ফিরিয়ে নেওয়া অভিমানী বানানরা কাঁটাতার ছিঁড়ে
রক্তাক্ত হয়ে শেষবার এক আকাশ আর এক নদীর
সাক্ষী হয়ে চায় ।
শিরদাঁড়া বেয়ে প্রচণ্ড শীত নেমে আসে সারা শরীরে
ছেঁড়া আস্তিনের মত স্মৃতি গুলো বুকের কাছে জড়িয়ে
ওম খুঁজতে খুঁজতে অন্ধকার সরাবার চেষ্টা করি ,
এত ভিড় আমি হারিয়ে যাই
এত চিৎকার আমার কণ্ঠ হারিয়ে যায়
জানি না আজকাল বারংবার কেন হারিয়ে যাই!
সময় ঝরে পড়ছে টুপটাপ কখনো দিন ফুরাচ্ছে কখনো
রাত ....ফুরিয়ে যাওয়া
শুধুই ফুরিয়ে যাওয়া
#সই (ফুরিয়ে যাওয়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন