বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

দিন ফুরানোর কথা

পাঁজরের নীচে দফন রইলো আগুন,
বাগানের একটাও ফুল তার সৌরভ দিয়ে
তোমায় স্পর্শ করলো না এতগুলো জন্ম দিনে।
পথ বদল, রাজপথ বদল ,বদল করলে জমির আলপথ,
তাসের দেশের রাজা রানি বদলে গেলো খেলার নিরিখে।

ঝুলফির ফাঁকে হিসেব বাড়ছে ফি বছর, বুকের ভেতর মিনকারী গল্পেরা দেরাজ ভরে ফেলছে, 
তুমি সময়ের আয়নার মুখ দেখে সময় উড়িয়ে দাও বাতাসে....
 নৌকাডুবির গল্পেরা জন্মের সময়েই হারানোর ভবিষ্যত লিখে নেয় সেটা সবাই জানি....।

আজ হয়তো বুকের ভেতর একটা শীতলপাটি খুঁজে ফিরছো তুমিও। 
হয়তো জন্ম দিন গুলো  হিসেবের খসরা সাক্ষর নিতেই ফিরে আসে প্রত্যেকের বেচেঁ থাকায় ।

আসলে প্রতিটা জন্মদিন সময় ফুরোনোর কথা বলে দেয় ।
আসলে প্রতিটা জন্ম দিন বলে বেচেঁ থাকা দৈর্ঘ্যে নয় প্রস্থে 
বড় হোক  বলে যায়।
আসলে  পাঁজরের দাফন রাখা আগুনে আলোর গল্প লিখতেই বলে জীবন।


#সই ( দিন ফুরানোর কথা)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন