বুধবার, ২৪ মে, ২০২৩

আলোর দিকে যারা যায় (২)

সময় কখনো কখনো তীব্র দহনের ভেতর হাত ধরে নিয়ে যায়, 
সময় কখনো কখনো  ভেঙে যাওয়া  আয়নার মুখোমুখি  আনে,
সে সব অনুভূতির ভেতরে এক ধরনের মৃত্যু অনুভূতি লুকোনো 
থাকে অথচ  সময়ের কোনো  দায়ভার  থাকে না সে মৃত্যুর , 

থাকে কিছু অধিকার বিহীন  তেতো  স্বাদ, থাকে পুড়তে থাকা
ছাইয়ের বুকে মুক্তির উড়ান, 
তবু মানুষ চিরকাল  সময়ের জাহাজে একা নাবিক... দুরের
স্পটলাইটের হাতছানিটুকুতে নির্ভর তার চলমান  স্রোতের যাত্রা। 

কখনো কখনো  সময় শরীর  জুড়ে অনাত্মিক যন্ত্রনার 
আত্মিক প্রেম দফন করে অথচ  মানুষ  না পারে
চিৎকার করতে না পারে যন্ত্রনা  গিলে নিতে,
সে এক অভ্যেসে  নিজেকে প্রবেশ  করিয়ে নেয় ক্রমাগত, 
একটা 'বোধ' এর প্রেমে নিজেকে ডুবিয়ে নিতে থাকে, 

আর মানুষ  তখন নিজের থেকে বিতারিত  আর এক অসহ্য 
নিজের খোলসে নিপাট করে নিজেকে গুছিয়ে রাখার 
অভিনয় টা শেষমেশ  রপ্ত করতে শিখেই নেয়।


#সই ( আলোর দিকে যারা যায় ২)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন