-------------------
অন্ধকারে অন্ধকার ঘষে গিয়ে
যখন ক্ষতগুলোয় মাছি ভন ভন
করে, তখনও বলতে নেই ভালবাসার
বিস্তারিত......,
মাছের ঝোলে ভাত মেখে নিদেনপক্ষে
ভালো থাকায় আমাদের নগর বেঁচে,
মাঝে মাঝে তবু শুকোতে দেওয়া
ভালো থাকাটার অজুহাতে বেরিয়ে
আসে ছেড়া ছেড়া পোশাক, চোখ
ফেরালেই অসুস্থতা ধরা পড়ে,
নগরসংকীর্তনে সামিল আমাদের
আশ্রয় অথচ ভালবাসা কেবলই
পরকীয়া হয়ে বেড়ে ওঠে সমস্ত
অন্তরমহলে...... কখনো মুঠোফোন
কখনো উড়োচিঠি, পায়রার ঠোঁটে
সুগন্ধি প্রেম লেগে... সেটুকুই যেন উৎসব,,
যে মুহুর্তে তোমার জন্ম সে মুহুর্তে
আমার মৃত্যু তবু ফুরিয়ে যাওয়া
নেই কোনোখানে, নেই হারানোর ভয়,
এখন অভিমান গুছিয়ে ফেলার
সময় হয়েছে সময়...
হয়েছে নিরবতায় শব্দ খোঁজার,
নিয়নবাতি নিভে গেলে খোঁজা
যেতে পারে বাকি আলোটুকু,
যেটুকু রাত বাকি ঘুমিয়ে নেওয়া যাক ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন