দলছুট মেঘের মত শামিয়ানার বাইরে দাঁড়িয়ে
লোকটা, তার ঈশানী কার্নিশে সাজানো কিছু কালো অক্ষর,
মন পুড়ে যাওয়া লোকটা পেট পুড়তে দেয় না ,
ঘর ছাড়া লোকটা ঘর আগলে রাখার দায় নিয়ে ছুটে
যাচ্ছে দশটায় যাওয়া পাটুলীর দিকে যাওয়া বাসটার দিকে,
একটা আশ্রয় কিনতে চেয়ে চল্লিশ পেরোলো
জুলফির ওপর সাদা বরফ এর প্রেম অথচ বেঁচে থাকার গানটা লোকটা এখনো মুখস্ত করতে পারেনি ...পারেনি স্লিপিং পিলের অদম্য অবাধ্যতা কাছে মাথানিচু করতে ,,
ইদানিং লোকটা মেঘেদের থেকে অনেক দূরে দাঁড়িয়ে
কান্না লুকিয়ে রাখে,
ইদানিং লোকটা স্বপ্ন জ্বাল দিয়ে খিদের ভাত ফুটিয়ে নেয় মাঝে মাঝেই,
ইদানিং লোকটা নিজের অন্তরমহলে শুধুমাত্র একটা ভাড়াটিয়ার ভূমিকায় বাড়ি ফেরে।
ইদানিং লোকটা নিজের শব বয়ে নিয়ে বেড়ায় একলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন