মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮

হাসির আলোয়

------------------------------------------------

ছায়ার ভিতর কিছু নির্জনতা রেখে গেছো তুমি,
আর কিছুটা সুগন্ধ রেখে গেছো  পূবের ব্যালকনির
রেলিঙএ,   যেখানে কৃষ্ণচূড়া আর মাধুবীলতার
অভিসার  হয় সংগোপনে।
শুধু তোমার চোখের হাসিটা যা কিনা তোমার
ঠোঁটেরর হাসিকেও হার মানায়, সেটা আমি আমার
বুকপকেটে রাখি সবসময়।
ওই হাসির অক্ষরগুলো কেন  জানি না আমার
জিয়ন কাঠি। রোজনামচার  শিকড়ের জটিলতাকে
সরল সমীকরণে বদলে দেয়,, কখন যেন আমার
দু:খদের সব দেনাপাওনাকে ক্ষমা করে দেয়,,,
ওই হাসি আমার কবিতার ব্যঞ্জনবর্নদের
গায়ে নেমে আসা মেঘেদের ছুঁয়ে দেয়...মেঘেরা
ঢালু পথ গড়িয়ে হারিয়ে যায়।
তোমার রেখে যাওয়া  নির্জনতার।  ছায়ায়
আমার রুক্ষ তৃষ্ণার্ত স্বরেরা ঠোঁট ভিজিয়ে নেয়,,
আর তারপর আবার তারা হারিয়ে যায়  শহরের
শব্দহীন জনচিহ্নের দিকে।   ছায়াপথের ভাঙা
ভাঙা আলাপরা বড় একা হয়ে যায় আকাশ
থেকে ছিটকে পড়া তারার মতো।
তুমি জান না 'সুজন' এপথে রোজ হেঁটে
যেতে আমার বেশ ভালো লাগে,
হৃদয়তোরোণের  রংদানিতে হলুদ, লাল, গোলাপি,
সবুজ, বাদামি, রঙেরা মালিকানা পেয়ে যায়।
আর তুমি তো জান আমি এই রঙেদের  নানান
অনুভূতিরর অনুবাদে সাজাই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন