১. ইদানীং শব্দের ভিড়ে আমি স্তব্ধতা খুঁজে ফিরি,
ইদানীং গাছেদের কোটোরে ভালো-বাসা খুঁজি,
বহতা অজয়ের কাছে খুঁজি মনের বাউলকে,
সময়ের টিক টিক পা ফেলার চিহ্নে খুঁজি বুকের ধুকপুক।
সম্পর্ক গুলো বিছিয়ে এক অদ্ভুত আশ্চর্যে রোজ চমক লাগে,
ইদানীং ভালবাসা শব্দটা এ শহরে গিরগিটির মত রঙ বদলায় কারনের নিশান খুঁজে ।
২.অন্ধকারে রাখা থাকে দম বন্ধ সময়ের কিছু হিসেব নিকেশ
জ্বর আসে গোপন অভিমানকে জাপটে ধরে,
যারা হৃদয় মেরামতের কাজে রেশমি সুতোর ফোঁড়ে
ভালবাসার নকশা তুলে বেড়ায় তাদের ভয় পায় এ হৃদয়।
যে মুখের আদল খুঁজতে গিয়ে বারংবার নিজেকে বোকা সাবস্ত করি সে মুখ মিথ্যে কি সত্যি এ পৃথিবীতে জানা নেই
শুধু জানি সে এক অপেক্ষা ।
.
৩.ইদানিং শব্দের মিছিলে আমার কবিতাগুলো হারিয়ে যায় ,
ইদানীং সময়ের সিড়ি বেয়ে নেমে আসি স্তব্ধতার গভীরে,
ইদানীং এক অদ্ভুত বাঁশির ক্ষীণ সুরে বাতাস ঘর ছাড়ার বার্তা পাঠায়...
ইদানীং ঘুমের ভেতরের হাঁটতে হাঁটতে একটার পর একটা
দরজা পার হয়ে আসি,
ইদানীং দরজার বাইরে সেই চেনা মুখের আদলে একটা হাসি মুখের ভোর খুঁজে ফিরি....
নিজস্ব গাছ, নদী , পাহাড়, বর্ষা , আকাশ, ইমন কল্যাণ সব সব কিছু আছে
শুধুমাত্র সেই চেনা মুখ যাকে চোখের বাইরে খুঁজে ফিরছি
একটা গোটা জন্ম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন