বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০১৬

আমন্ত্রণ


আমি বৃষ্টিকে বলি মেয়েটার বুক বেয়ে
যে রক্তক্ষরণ সভ্যতাকে ভাসিয়েছে
তুমি ধুয়ে দাও, মেঘকে বলি পাঁজর
ভাঙার শব্দকে তুমি তোমার ছন্দের
ঝংকারে হারিয়ে ফেলো,
আমি রক্তক্ষরনের আঁশটে গন্ধ ধুতে চাই
মেয়েটার অর্ধেক মৃত হৃতপিন্ডটা থেকে,
একটা সরল রেখাপথ একে দিতে ইচ্ছা হয়
বৃষ্টিজল দিয়ে সভ্যতার বুকে পা দিয়ে
দাঁড়িয়ে থাকা পুরুষটার উঠোন পর্যন্ত,
আমি বজ্রকে বলি মেয়েটার নাভিচক্র
থেকে চন্ডালের আগুন তুমি নিজেতে
সেঁধিয়ে নিয়ে পুড়িয়ে দাও জন্মমুল
থেকে জন্মমুখ, ইচ্ছে হয় এই পৃথিবীর
অভিধানে বেজন্মা শব্দটা মুছে ফেলি,
মিথ্যে আধুনিকতার ঝুলি কাঁধে সময়ের
রানার কেবলি ছুটে চলেছে,
রাতের এলো চুল মেয়েটার সারা মুখ
আজীবন ঢেকে রয়েছে, একটা পলাশভোর
জুটলো না, পূব দুয়ারে আগুনে স্নান সেরে
মৃতুর পায়ে হাত রাখে মেয়েটির শীৎকার,
একটা সাদা খামে রাখলাম বৃষ্টি, মেঘ, বজ্রের
আমন্ত্রন......
আমি বৃষ্টিকে বলি মেয়েটার বুক বেয়ে
যে রক্তক্ষরন সভ্যতাকে ভাসাচ্ছে তুমি
ধুয়ে দাও, মেঘকে বলি পাঁজর ভাঙা শব্দকে
তুমি তোমার ছন্দের ঝংকারে হারিয়ে ফেলো,
একটা ধ্বংস আর একটা জলমগ্ন পৃথিবীর
বুকে ভেসে যাক মেয়েটার পচা গলা হাড় মাংস,

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন