মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

সত্যি মিথ্যের গল্প

সত্যি মিথ্যের গল্পে



রোজ ঘুম ভাঙে একটা মুখ চোখের সামনে দাঁড়ানো... 
ছুঁয়ে  দেখতেই সে মুখ  ফুসমন্তর, 
বাসের ভিড়ে অচেনা সিটে চেনা মুখের  আদলে ফিরে
আসে...  ফিরে আসে অজস্র শব্দ জব্দের ভেতর , 
আমি একা হারিয়ে যেতে চাই অথচ  সেই মুখ আমার ছায়া
মাড়িয়ে চলতে থাকে কোনো না কোনো  বাহানায় 
 চোখ তুলে খুঁজে ফিরি  সে মুখ   বেঁচে থাকার সংকল্পে কোথাও নেই। 

একটা  মুখ  আমার অভিমান  জুড়ে  ছবি আঁকে 
একটা মুখ আমার একান্ত  একলা বেঁচে থাকায় ভুমিকায়
 প্রতি প্রহরে  পাহারা দেয়, 
 একটা  মুখের কান্না হাসিতে আমার গল্প তবু
আমার গল্পে আমি ছাড়া রবিঠাকুর  সুনীল বাবু 
 শক্তি বাবু সকলের গল্পেরা ভিড় জমায়  আমি দর্শকের  আসনে স্পটলাইটের উল্টো দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকি। 

একটা মুখ আমার অপেক্ষাকে গৃহহীন  করে নিজে
অপেক্ষার বাসস্ট্যান্ডে রোজ দাঁড়িয়ে  থাকে, 
একটা মুখ  যাতায়ত এর সেতু ভেঙে  দিয়ে 
অন্য পারে আমি-হীন  ছায়াগল্পে সেতু জোড়ে শব্দ দিয়ে।

সব জেনেও   ও মুখের আদলে 
আকাশে তারাদের জুড়ে যায় একটা  ছলছল চোখ, 
সব মিথ্যে জেনেও দাবা খেলায় একটা  গোপন  জিতে যাওয়ার গল্পের  দিকে তাকিয়ে থাকে একটা  চোখ, 
লুকোনো   দু:খ মিথ্যে সত্যি দেখতে  চায়  না  সে চোখ শুধু
দেখে ... সমস্ত থাকা না থাকা জুড়ে  ঈশ্বর বোধহয় কেবল থেকে যাওয়ার  গল্পটুকুই আমাদের  লিখতে  শিখিয়ে দেয়।

#সই (সত্যি মিথ্যের গল্পে)




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন