রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

এ শহর

এই শহর আমার মত করে আমাকে চেনে
এই শহর আমার জন্ম দাগ থেকে শুরু করে
আমার অর্জন করা ক্ষতদের দাগ গুলো আমার
মতোই চেনে ,
এই শহর জানে আমার চোখ পিটপিট ইচ্ছে পুতুলের
খবর,
এই শহর জানে আমার এক্কাদোক্কা দুপুর কবে
কখন চুপি চুপি প্রেমের আখ্যানে বদল গেছে
এ শহর জানে আমার  প্রথম শাড়ি পরা দিনের অনুভূতি
এ শহরের বুকে  রাখা আমার    গোপন পাপ আমার মত করে গুছিয়ে রাখা আজও...
এ শহর জানে আমার কোনো এক দিনের প্রথম ও শেষ
অপরাধ ঠিক কতটা তীব্র তীক্ষ্ম ছিলো 
এ শহর হয়তোবা আমার থেকে অনেকটা বেশি আমার কথা
জানে,
এ শহর আমার সিঁড়িভাঙ্গা  অঙ্কের ভুল গুলো  জানে যা আমি কখনো ঠিক মিলিয়ে দিতে পারিনি ,
এ শহর আমার যোগ বিয়োগের টানাপোড়েন জানে আমার মতোই।
এ শহর জানে আমি ভয় পাওয়া চেহারা কিভাবে লুকিয়ে
যোদ্ধার অভিনয় করি ,
এ শহর আমার প্রতিটা  জিতে যাওয়ার উৎসবে আমার মত করেই সামিল হয়
এ শহর আমার ভাঙ্গা গড়া ,আমার বৃষ্টি ভেজা ,আমার পুড়তে থাকা ঠিক আমার মতো করেই জানে
এ শহর আমার মুখ আর মুখোশের সন্ধিক্ষণে আমাকে আমার
মত করে চেনে,
এ শহর আমার মতোই আমার সমস্ত আমি টাকে জানে
এ শহর ....
এ শহর...
#সই( এ শহর)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন