সাদা পাতায় নির্জন মন খারাপ লিখতে লিখতে
আমিও পথ হারিয়ে অচেনার গহিনে হাঁটলাম ,
সমস্ত শুন্যস্থান জুড়ে কেবল ঘন আঁচড়ে দেওয়া
শীত আর শীত ,
দেহের ভেতর শুধুমাত্র দোতারা আর বাউলের ঘুঙুর
আখড় টানে কাঁদছে তখন, আগুন খুঁজে মরে হাড় মাংসের দেহ অথচ মন পুড়ছে দাউ দাউ করে পুড়ছে , তবু দেহে কেনো শীত অসম্ভব শীত ! ?
ঘাটে বাঁধা মাঝি-হীন নৌকার দিকে গোপন প্রেমের আত্মা
এগিয়ে যেতে যেতে হঠাৎ পেছনে চেয়ে দেখে অজয়ের ধারে সাদা কাপড়ে ঢেকে ঘুমিয়ে আছে আমার মত কেউ ..., চমকে উঠি চমকে উঠে বুঝি আমার থাকা আর না থাকার মাঝের সাঁকোটা কোথাও নেই.... সত্যি কোত্থাও নেই,
ওরা কারা! ঠিক চিনতে পারি না যারা সাদা কাপড়ে মুড়ে রাখা আমার মত দেখতে দেহটা ঘিরে দাঁড়িয়ে সম্পর্ক-হীন দেহটাকে ডেড বডি বলে নামকরণ করছে,
একটা মুখ খুঁজে পেলাম না যে আমাকে খুঁজছে একটা সম্পর্ক দাঁড়িয়ে থাকতে দেখলাম না যে আমার জন্যে এক ফোঁটা নোনা পানি চোখের কোনে আগলে রয়েছে,
হ্যাঁ ছিলো স্রেফ আগুন ছিলো যে ঝাপ্টে ধরবে বলে কাছে নেবার অপেক্ষায় এক বুক আকাশের সাথে আমারই শুধুমাত্র জ্বলছিল ।
#সই(ডেড বডি)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন