সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪

পাথরের দরজা

আগামীর খাতায় কিছু গাঁটছড়া রেখো  না আর ,
প্রয়োজনের সামনে বেঁচে থাকা খুব জরুরী মেনে নিতেই হয় ,,
তবুও ভালোবাসার কপালে একখানা লাল টিপ
ছুঁয়ে দেখার ইচ্ছে হতেই পারে ,
হতেই পারে  অভিমানী নালিশের 
আড়ালে জড়িয়ে ধরার ইচ্ছে আরো কাছে আসতে ইচ্ছে হয় ,  হতেই পারে বসন্তের আগুন রঙা পলাশ বনে হতে হাত রেখে ঠোঁটেরা গান্ধর্ব সেরে নিতে চাইছে,

এত ইচ্ছের গলা টিপে তুমি কিংবা আমির মত বেঁচে থাকা গুলো সম্পর্ককে কেবল নিয়ম ভেবে যাপনে আগলে চলি, ঈশ্বরের সংলাপে খুঁজি মোক্ষ... খুঁজি
নিজেকে অহল্যায় রূপান্তরের মহেন্দ্রক্ষণ,
আসলে নিয়মের বাইরে বেঁচে থাকার লোভকে রূপকথা বলে জীবন  , আর একটা সময়ের পর জীবনে রূপকথা গুলো বড্ড হাস্যকর মনে হয় ,
তাই সময়ের সাথে সাথে ইচ্ছার দুয়ারে একটা বিশাল পাথর চাপা দিয়ে মানুষ শৃঙ্খলে রাখতে অভ্যস্ত করে নেয়।

#সই(পাথরের দরজা)






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন