********************
সময় হয়ে তুমিও চলে গিয়েছ,
মৃত আজ সে রুপকথার ফিনিক্স ,
তবু হৃদয়ে নালিশ কেনইবা কার কাছে...
প্রিয়তোষ কেবল একটা নাম আজ,
বুকের কাছে নিশ্বাস রাখা... তারাদের
আলোয় বাগান বাড়ির উঠোনে বলেছিলে
"আমি তো আছি", তারপর থেকে যে সব সকাল
গড়িয়ে নেমেছে পূবের জানলায় তার কোথাও
তোমায় পাইনি, যে সব চিহ্ন ছিল বালশের পাশে
তা বহু দিন ঘুম আসতে দেয়নি কোনো
প্রহরে,,
সময় হয়ে বয়ে গেছ প্রিয়তোষ তুমি,,
এক অভিশাপে নিজেকে তোমার
শহরেই দহনের শপথে পথিক হয়ে
তোমার সমান্তরাল রাস্তায় হাঁটছি...,
তুমি ভুলে গেছ কথা দেওয়া কথাদের
তাই মৃত অপাংতেয় আজ আমাদের
সমস্ত উৎসব,,
একদিন হতে পারে ফিরবো তোমার বাড়ির পথে
কোনো অচেনা শবদেহের ভূমিকায়,,
পড়শীর অবসরের আলাপনে
জেনে নেবে.... বুকের কাছে দু'হাতের
মাঝে মুখখানি নিয়ে যে দুঃখদের মুছিয়ে দিতে
দিতে তুমি কাকে যেন বলেছিলে,
ভয় কিসের "আমি তো আছি"........... সে
ভয় পাওয়া পথ একা পার হয়ে
ফিরে গেল নামবিহীন আলোর দেশে...
প্রিয়তোষ তুমি কেবল একটা মুখোশের
নাম হয়ে রয়ে গেলে এই পৃথিবীতে....
জীবন যখন সরল রেখা নয় কবিতা কেন সহজ হবে , জীবনের থেকেই কবিতার উৎস আমি মনে করি ,যে শব্দচুক্তি মনকে ভাবায় না তা কখনই কবিতা নয় ।
বুধবার, ৩১ জুলাই, ২০১৯
প্রিয়তোষ তার নাম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন