----------------------------
মাঝে মাঝে আমার হোগলা পাতায় পান্তা ভাত
আর নুন লংকায় খিদে উদযাপনের ইচ্ছা হয়
আমার ওই কালো নিটোল চিকন সাঁওতালি মেয়েটা
ভেতোর আত্মা হয়ে মাখতে ইচ্ছা হয় ওই সহজ জীবন,
একদিন ওই পাথুরে লালমাটিয়ার গাঁ এর পথে আমিও
মাথায় কাঠের বোঝা কিংবা খড়ের আঁটি নিয়ে হাঁটবো
খুলে ফেলবো এই আড়ম্বরপূর্ণ পোশাকি ন্যাকা ন্যাকা
সভ্যতা, সারাটা দিন রোদ মেখে স্নান করবো নোনা ঘামে
মাটি সেদিন বলবে আমার তুই আর আমি মাটির গন্ধ
বুকে নিয়ে ঈশ্বরের দিকে চেয়ে বলবো আর কিচ্ছুটি দিও না
আমায়, বটের ঝুড়ির মত একদিন আমারো মুখ বেয়ে
জীবন জাল বিছিয়ে থাকবে, শরীর ক্রমশ ওই বোহেমিয়ান
আদোরে শিথিল হবে , তুইও থাকবি কোনো আদিবাসী
প্রেমিক হয়ে..... মহুয়ার নেশায় বুঁদ তুই আমি, শেষ রাতে
আদিম আদোরে জোৎস্না ছড়াবে সলমাচুমকি,
আমার শতায়ু শরীরে কেবলি তখন বাঁচার গন্ধ ভরপুর ।
আমি পাশ ফিরে শুই শিরশিরে ঠান্ডায় ঘুম ভেঙে যায়,
এ সির টেম্পারেচার কম করে দিই,
এই হাজার স্কয়ারে রাত বড় হয়... হয় নির্ঘুম,
আমার ইচ্ছাগুলো সিলিং ছুঁয়ে আকাশ খুঁজতে হোঁচট খাচ্ছিলো বারবার
.......মন কেমনের সাথে আমার আবার সহবাস শুরু হল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন