এগিয়ে যাচ্ছি মাইলের পর মাইল
ঝুলে থাকা কোনো পাহাড়ের শেষ ঢালে তোমার আঁকা অষ্ঠপ্রহরের ভালোবাসার মুখোশ ,
সময় কিংবা ঈশ্বর ঠেলছে তোমাকে অন্য অজানা গহীনে।
ভালো থাকা আমার চিরকালীন অভ্যেস সে কথা তুমি হয়তো জানো না মান্যবর ।
.
সূর্যের ওঠানামায় সময়ের তোরঙ্গে কিছু মুহূর্ত পুরোনো পোশাকের মতোই
একলা সময়ের অবকাশে স্মৃতি খুঁজে ফিরছে বুক জুড়ে
খুঁজে ফিরছে ছেলেবেলার সোনালী রোদ্দুর নেমে আসা উঠোন টা,
খুঁজে ফিরছে সময়ের হাত ধরে হাঁটা সেই গলি, চৌরাস্তা।
.
আমি আগমনী গান শুনতে পাই না
তাই আমার প্রচ্ছদে কোনো বিসর্জনের সুর নেই...
নেই নাভিমূলে জমানো কোনো প্রাগৈতিহাসিক অভিশাপ
একটা বিন্দু তে এসে দাঁড়িয়েছি বহুদিন হলো,
যেখানে সবকিছু মুঠো আলগা হয়ে যায় মোহ থেকে মায়া পর্যন্ত।
হ্যাঁ আমার আলনায় ঝোলানো শেষ বায়না
আমার বাড়ির বাইরে সেই পুরোনো বাগান ,পুরোনো বান্ধব মন ... এসব
হাঁপিয়ে উঠেছে।
ও বুকের পাহাড়ের উচ্চতা
আমার প্রতিটা ভাঙ্গনে এখন তুমি নামছো কেৱল হাওয়ায় ভর করে
মান্যবর তুমি চিরকাল দাঁড়িয়ে চৌরাস্তায় আর আমি জমির উপর ইঁটের ইমারত সাজানোয় ব্যস্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন