যোদ্ধা আর যুদ্ধের সঙ্গে ঠিক কতটা অন্তমিল
কতটা অমিল
মহাকাল যোদ্ধার অসিতে তুলে দিলো ঝলকে ঝলকে রক্ত
ভিজে যাচ্ছে এই সময় ,
জানি একদল মানুষের এই সময় চরম অস্থিরতায়, আর একদল মানুষেরই মাথা ব্যাথা নেই
আসলে যারা বাঁচতে পারে দুঃখ আগলে
তারাই তো হাসতেই পারে শেষের হাসি ।
.
হাজার বছর সময়ের কলমের নিব হোঁচট খায়
কাল জয়ী কিছু কিছু জেহাদ এর পাথরে ,,
কিছুতেই পুরোনো হয় না সে জেহাদ ,পুরোনো হয় না যুদ্ধ,
লেখকের আঙ্গুল বেঁয়ে ভাবনারা গুটি গুটি পায়ে হেঁটে গেছে ইতিহাসের পাতা থেকে সময়ের সামিয়ানায় চিরকাল ,
সময় বদল হয়েছে
অথচ ইতিহাস বদলে ফেলে নতুন কিছু লিখতে পারেনি সময়ের কলম ।
.
এই পৃথিবীতে সমস্ত দুঃখ সংগ্রহ করা যায়
কিন্তু শান্তি সংগ্রহ করা যায় কি না কেউ বলতে পারেনা ,
থাকবে না জেনেও স্মৃতি হেঁটে চলে সেই পুরোনো পুকুরের পাঁড় ধরে ,
খসে যাওয়া পাখির পালকে ফেলে আসা সময়ের
আব্দারী বেলা খুঁজতে চায়
জীবন যেন হাজারো বছর কিংবা শতাব্দীর বয়ান লেখার লাল খাতা
মরশুম চলে যাবে , একদিন কবির কলম থেকে নিশ্চিত খসে যাবে বসন্তর কিংশুক আর পলাশ,
তবু মাটি তার বুকে রেখে দেবে কিছু পার্থিব , যা কিনা কালজয়ী
অথচ কে যেন বলেছিলো কালজয়ী শব্দটা আজকাল হাস্যকর ভীষণ
তবুও আমার মত কেউ সময়ের হাত ধরে থেকে যাবে যুদ্ধের শেষেও ,
তুমি থাকবে তো শান্তির প্রথম সূর্যদয় ভোরে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন