--------------------------------
কাটাকুটি খেলায় কেটে যায় সব কালবৈশাখী
বেলা... যে বৃষ্টি শুরু হয়েছে তাতে জমি
ভিজবে না সে কথা মন জানে... আরো কিছু
জন্মান্তরীণ তৃষ্ণা জমি জুড়ে থেকে গেছে, হয়তো-বা
থেকেও যাবে,
হাওয়া বদল কেবল মন খারাপের অভ্যাসকে
ভুলে থাকা, দক্ষিণের জানলায় কখনো সামান্য ঝাপটা
বলে দেয় বুকের ভেতরে সবটুকু বাস্প ফুরিয়ে
যেতে নেই, তাহলে উপকূল জুড়ে পড়ে থাকে
মৃত সভ্যতার শিলালিপি,
উপন্যাসের শেষের কিছু পাতা জুড়ে কিছুটা
বেঁচে থাকা রেখে যেতে বড় সাধ...
বাকিটা নিয়মিত রোদ্দুরে হাঁফধরা কোনো
চলন্ত বাসের হাতলে ঝুলতে ঝুলতে পথ
পার হওয়াই বিধাতার লিপি,
জমি জুড়ে প্রয়োজনের বেশি শেকড় জাল
ছড়ানোছিটানো এ বৃষ্টি পারেনা সামান্য সবুজ
আনতে সেখানে, রোজ নিয়ম করে কিছুটা
ভেজা হাওয়া মুঠো ছুড়ে দেয় মেঘ আমার দিকে,,
সারাদিন
কোনো পেশাদার প্রহরীর মত তৃতীয়চক্ষুর
চলাচলকে ফাঁকি দিয়ে খুঁজতে থাকি অবিকল
বেঁচে থাকা ,
কাটাকুটি খেলায় মেতে থাকা এমনই কোনো
তপ্ত বৈশাখী দিনে মেঘ এসে বলবে আমি
আর নাই বা ফিরলাম এসেছি যখন এই
আকাশেই থেকে যেতে চাই, জমি
তুমি সবুজ বুনতে পারো আমার সাথে
তোমাকে ভেজাতে আমারও জন্মান্তরএর
সাধ.....,, মন জানে বাকিটা নিয়মিত আয়োজন,,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন