রোজ নিয়মিত সুতোর বুনোন জমাটি আড়াল আর সেই আড়ালে লুকিয়ে রাখছি তোমার দৃশ্য,
কারন খুঁজে সময় বিলিয়ে সব আর্তচিৎকার আর ক্ষত দের ব্যান্ডেজ বেঁধে রেখেছি সময়ের কফিনে,
জিতে জেতে হয় এভাবেই নিজের কাছে নিজের জন্যে ,
সকালের কাঞ্চনজঙ্ঘায় লেগে থাকা মাত্রা ছাড়া কুয়াশা
শিখিয়ে দিচ্ছে দূরে থাকা মানে ভালো থাকা,
বলতে চাওয়া কথারা একদিন ঠিক এভাবেই দুরত্ব মাপতে মাপতে পাহাড়ের ঢালে আরো কোনো একলা সময়ে হারিয়ে যাবে খুব সহজে।
যাকিছু ছিল ইচ্ছাবাড়ির চিলেকোঠায় ক্যানভাসে আঁকা স্বপ্নের কথা ... তাদের গায়ে চির-শীত, যেন অভিমানের মত আঁকড়ে ধরছে,
ভালবাসার সাথে ঝগড়া তবু ভালবাসা দিয়ে আগলে রাখা স্বভাব।
প্রশ্নেরা জানে উত্তর তবু জন্মের সাথে সাথে অনবরত প্রশ্নের রক্তক্ষরণ স্বভাব।
হাত বাড়ানো বাঁচতে চাওয়া প্রতিটা সম্পর্ক আসলে সময়ের কাছে সিড়ি ভাঙা অংক, হিসেব গুলো নিজেদের মত মিলিয়ে জমা খরচের খাতায় নিজেকে ঠিক প্রমাণিতও হয়তোবা সময়ের স্বভাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন