ছকের বাইরে পথটায় হেঁটে যায় সমস্ত কাল্পনিক চরিত্ররা
জানতে ইচ্ছা করে ওরা আজকাল কেমন আছে!
নীরার বুকে কি এখনো শব্দ করে কবির কবিতা হেঁটে বেড়ায় রাতভোর!
বরুনার কাছে সেই সুগন্ধির কাঁচ বোতলটা কি যত্ন পায় আগের মত!
আর... আর সেই বনলতা সে কি এখনো স্বপ্ন বিলোয়! তার চুলে কি আজো বিদিশার নিশা অন্ধকার ছড়ায়!
পাখির নীড়ের মত চোখ কি আজো একটা দীর্ঘ কবিতাকে রচনা করে !
ছকের বাইরে পথটা বড্ড সিগন্যালহীন, কাল্পনিক সমস্ত চরিত্ররা সে পথ দিয়ে ইচ্ছে মত যাতায়ত করে,,
... ভীষণ মন চায় জানতে কেমন আছে বেনীমাধব ? তার ভাবনায় নষ্ট মেয়ে আজ কেমন দিন কাটায়!
নন্দীনি শুভংকর এরা কেমন আছে! শুভংকর কি আজো বাগান, পতাকা, ব্রীজ, কাগজ এর মত নন্দীনিকে হারিয়ে ফেলার ভয় পায়!
কেমন আছে এরা?
আরো অনেকে ওই ছকের বাইরে পথ ধরে আসে যায় সকলের নাম আজ ঠিক মত মনে পড়ে না... তাদের কথা নাহয় আর একদিন হবে।
যদি কেউ এদের কেমন থাকার খবরাখবর পাও, উৎসুক মনের ঠিকানায় ডাকবাক্সে ফেলো চিঠি,
ছকের বাইরে পথটায় হেঁটে যাওয়া সমস্ত কাল্পনিক চরিত্ররা
আজকাল কেমন আছে জানতে ইচ্ছা করে।
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন