মঞ্চ একটাই , পর্দার ওঠা নামায় মুখের আদল বদলে নিচ্ছে সময়ের মুখ ।
আমরা মানুষ আর চরিত্র বলেই ধরে নিই এই মুখগুলো ।
জমায়েতে সামিল হয় হাজারো চোখের ভাষা,
অভিনেতার হাসির আড়ালে লুকোনো গল্পের খোঁজ বাইরে থেকে কেউ চিনতে পারে না ।
কতসত মন-জমিন নিলামে দাঁড়ায় প্রশ্ন চিহ্ন ভুলে গিয়ে ।
চিত্রনাট্যে গুছিয়ে রাখা থাকে গোপন সংবাদ, যা কিনা তুমি আমির চোখে ধরা পড়ে না মোটেই।
চলমান সময়কে ভর করে কেউ কেউ রূপকথা এঁকে হাততালি কুড়িয়ে নেয় বুকের পকেটে।
একটাই মঞ্চ , পর্দার ওঠা নামায় মুখেরা আদল বদলে নেয় এক নিমেষে ,
ক্ষয়ে যাওয়া আলোর রোশনাই একদিন সিঁড়ির ধাপ গুনতে গুনতে ক্লান্ত হয়ে যায় ।
অন্ধকার মঞ্চ আকাশ ,নক্ষত্র ,আলো হাতড়ে বেড়ায় ।
মানুষের গল্পে হাজারো রঙের মেলা ,
মুখ সেজে নেয় চরিত্রের প্রয়োজনে,,
আবার জনতার ভূমিকায় হাততালি দেয় আরো একদল মান-হুশ,,
সময় চলে গেলে , মঞ্চের পাটাতনের বুকে জমে থাকে বদ রক্ত ...যেন ইতিহাস তার সাক্ষ রাখতে চায়।
মুখ বদলিয়ে নিয়ে চরিত্রের পোশাকে লেগে থাকে
অভিনয় ।
আসলে চরিত্র বদলে দেয় গল্প নাকি গল্প বদলায় চরিত্র কে বলবে?
সময় ফুরোয়
হাততালি ফুরোয়
মুখ সেজে নেয় নতুনভাবে নতুন গল্পের আদলে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন