ক্যালেন্ডারের নতুন পাতায় উৎসব ছুঁয়ে
এই বেশ ভালো আছি বলতে ভালো লাগে।
সভ্যতার উপন্যাসে জুড়ে যাবে নতুন গল্পেরা ,
কেউ কথা রাখবে কেউ মুছে ফেলবে সময়ের ডাস্টারে পুরোনো যাকিছু ।
সময় মুছবে ভালো মন্দ ,ক্লান্তি গ্লানি যন্ত্রনা পাওয়া হারানো ,, সময় শূন্যস্থান পূরণ করবে নতুন বাতাসে ।
হঠাৎ একলা হতে হতে নিজেকে নতুন করে খুঁজে পাবে সব হারানো মন ।
হয়তো কবির গানের সুর ভেসে আসবে তোমায় নতুন করে পাবো বলেই হারাই বারে বারে ...।
পুরোনো ঠিকানায় আবারও নতুন পাতবে সংসার।
বুকের ডাকবাক্সতে চিঠি গুলো বদলাবে সময়ের অভ্যেসে,
ভুলগুলোকে শুধরে নিতে আবারো ইচ্ছেদের রবিঠাকুরের কোনো গল্পের মত সাজাবে মানুষ।
হৃদয়ের ঘরে একলা সুখ খুঁজে মুছে নেবে সবটুকু জেহাদি দেওয়াল লিখন
একলা থাকার রোগ সেরে উঠবে নতুনের স্পর্শ লেগে,
এই ভাল
সমস্ত মুছে যায় , যাক তবে
সমস্ত মুছে নতুন এসো সব চাওয়া না চাওয়া জুড়ে,
প্রত্যাশার ভোর নিয়ে বছর আসে , কপাট বন্ধ থাকুক মিছে হয়ে যাওয়া ছবি,
এভাবেই সব পুরোনো ফিকে হয়ে যাক ,এই শহরের গল্প , সময়ের গল্প।
আলোয় আলো ছুঁয়ে আমাদের কথা, তাহাদের কথায় নতুন কাব্যে শহর ব্যাস্ত হোক
ভাল থাকা শিখে নিও শহর, ভালো রাখা শিখে নিও নদী,
রাজপথ তুমি আবারো সাক্ষী থেকো আসা যাওয়া আর অপেক্ষার।
দেখা হবে.... দেখা হবে... দেখা হবে... সমস্ত সাক্ষী মেনে আবারো কোনো নতুন অধ্যায়ে দেখা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন