মরশুমের হওয়া ছুঁয়ে যায় , হাতের মত মুখের ওপরেও অসংখ্য কাটাকুটি খেলা এখন।
সময়ের ঘরে তোমার আমার বয়সে সোনালি ফ্রেমের চশমা ,সমস্ত বাঁধ ভেঙে কাছের পৃথিবী ক্রমশ আবছা হবার পালা ,
রুচি অরুচির দিন ফুরিয়ে যাহোক কিছু গোছের বাকি পথটুকু ।
ভালোবাসি শব্দের মানে বদলে গিয়ে অভ্যেস হয়ে যায় এই সময়ে।
বুকের সংসারে হাজারো স্বপ্নের ভাঙাচোরা আওয়াজে অভ্যস্ত মন।
সমস্ত মিথ্যে হয়ে যায় যখন সে এসে বলে এবার তোমায় যেতে হবে ...
শরীর পড়ে থাকে স্পর্শ উত্তাপ হারালেই 'জড়'র ভূমিকায় ,
সম্পর্ক পথ হারা পথিক তখন কিংবা ভোকাট্টা ঘুড়ির মত ।
মুক্তি শব্দের মানে মানুষ বোঝে কিনা জানা নেই ,
জানা নেই সময়ের চুক্তি কার ঘরে কতটুকু!
মোহ স্পৃহা সময়ের ঘরে বেঁধে রেখেও
মুঠো খালি হয়েই যায় এক পলকে।
তবু নিঃশ্বাস মানে বুকের খাঁচায় তোমায় আমায় মিলে একটা সংসার ...আর কিছু গুছিয়ে রাখা অপেক্ষা ...,, এর বেশি কিছু চাওয়ার নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন