সোমবার, ২৫ মার্চ, ২০২৪

ভালো থেকো

এ বসন্তে স্বপ্নের আগুন পুড়ে লাল
যে শব্দেরা শব্দের ঘরে বেহায়া
তারাও  আর ভালবাসা শব্দটার চিনতে পারে না
তবু বসন্তে উৎসবে মানুষ বাঁচতে চায় চায়
অশোক পলাশের রঙ মিশে যাক সমস্ত অভিমানের
চাদর সরিয়ে ।
মুখ ফিরিয়ে নেওয়া আসলে এক অমৃত সম 
মৃত্যু ,
 গাছের পুরোনো পাতায় সে মৃত্যুও 
নতুন জীবনের বার্তা দিয়ে যায় , 
অথচ গাছ সে পাতাকে মনে রাখার দায় নে না ...
মেনে নেয় এই ভেবে এমন তো কত কিছুই
আসে যায় এক  বেঁচে থাকায়  ...কিছু দুর সাথে 
থাকা তারপর হঠাৎ একদিন সময় দাড়ি টেনে
দেয়।
 বসন্ত ,শীত, চটচটে গ্রীষ্ম, অপেক্ষার ফেরিঘাট 
সব  সব কেবল চিহ্ন হীন ঘটনা তখন  ...তখন
পারিজাতের সেই বাগানে শুধু মৃত সব ছবিরা,
ওড়নায় জড়ানো আদুরে সেই ছবি অভিশাপের
নিচে শব হয়ে পুড়ছে ।

শুধু পাতা জুড়ে শব্দের যানজট  চিৎকার রেখে যায় 
কখনো জেহাদ কখনো প্যায়ারের ভূমিকায়
কখনো শেষের কবিতা থেকে
উপন্যাসে বিছিয়ে যায় রোজনামচার মতোই
প্রহরের শেষে আমাদের ঘরের  দেয়ালে স্মৃতির
কোলাজ টাঙানো অভ্যেস হয়েই যায় শেষমেষ,

 কোনো এক কবি  একবার বলেছিলো ...
তুমি যে ভাবেই ফিরতে চাও না কেনো
কোনো ভাবেই সেই আগের তুমি সেই আগের
আমি মুখোমুখি হবে না ।
আসলে গল্পটা শেষ ।
আসলে বসন্ত আসে প্রতি মরশুমে পলাশ ফোটে 
তবু সে বসন্ত একই নয় নয় সে পলাশও আগের মত ।


#সই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন