---------------------------
আমি বাজে মেয়ে ...., আমি সেই বাজে মেয়ে
যার চরিত্রে খুব সহজে লাগানো যায়
মুখোরোচক কোনো চরিত্রহীনার তকমা, তবু আমি
বাজে মেয়েই হয়ে থাকতে ভালোবাসি,
আমি সেই বাজে মেয়েটা যার স্বভিমান তাকে
কখনো কোনো প্রেমিক, স্বামি, পিতা, কিংবা
সন্তান, বলা যায় কোনো পুরুষ কে
বাহন করে বাঁচতে চায়নি ,
সেই বাজে মেয়েটা সময়ে সময়ে হয়ে উঠেছে
পাড়ায় ঘরে বাইরে সামাজিক বাহকদের
সাতকাহন আলোচনার ঝড়, তবু সেই বাজে মেয়েটা
কখনো চায়না ভালো হতে,
সেই বাজে মেয়েটা ভাগ্যের অখণ্ড লেখা কে
তাচ্ছিল্য করে নিজের হাতে অস্ত্র তুলে নেয়
বরাবর , বুকের বারুদে তার সর্বদাই পূর্ণাঙ্গ
দেশলাই কাঠি জ্বালিয়ে রাখে , বাজে মেয়েটা
অন্ধকারকে ভালোবাসে আলোর থেকে দ্বিগুণ,
সে হাঁটতেই পারতো নির্দেশিত পথে, তবু বরাবর
পাহাড় জংগল কেটে কেটে নিজেই পথ তৈরি করে,
বাজে মেয়েটা সোহাগি হতে চায়নি কখনো
বরং রুদ্র রুপের সমুখে দাঁড়াতেই সাবলীল সে।
বাজে মেয়েটা সু-গৃহীনির থেকে সহ যোদ্ধায়
সুখ দেখে , তাই বাজে মেয়েটা লক্ষ্মীছাড়া, বেহায়া।
সংসার শাড়ী গয়না শাশুড়ী ননদ অথবা
পাড়ার কুটকাচালিতে মন নেই, মন নেই
,তার ঠোঁট রাঙানোর রং দানি বা চোখের
কাজলে, তার চোখে তীক্ষ দৃষ্টি, ঠোঁট
তার ধারালো শানিত ছুরি, সেই বাজে মেয়েটা
রুপ কথা পড়ে না... পড়ে পাল্টে ফেলার ইতিহাস,
সেই মেয়েটা সমাজের জন্য মানুষ দেখে না..
দেখে মানুষের জন্য সমাজ,
আমি সেই বাজে মেয়েটা হয়ে থাকতে চাই
আজ এবং আগামির প্রতিটা জন্মে,
আমিই তোমাদের সেই চিরাচরিত বাজে মেয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন