----------------------------
যদি খবর দিই ভালো নেই যদি বলি
তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে.....
মন আর শরীর কেমন অসময়ের বৃষ্টিতে
ভিজে যাচ্ছে, তুমি তো দেখার জন্যে
আসবে না তুমি তো আমার এই বৃষ্টি ভেজা
রুখতে একটা ছাতা নিয়ে উর্ধশ্বাসে আমার
দিকে আসবে না,
তবে কি লাভ জেনে কেমন আছি? কি লাভ
জেনে আমি শেষমেশ নিজেকে কোনো
উইঢিপির আড়াল করলাম কিনা।
বরং আমার শুন্যতার দিকে তাকিয়ে তুমি আর
দীর্ঘশ্বাস ফেলো না , তার থেকে ভাল
নিয়মিত একটু একটু করে আমাদের অভ্যাসে
আসুক চেরাপুঞ্জির মেঘ সমেত আকাশ,
একটু একটু করে মন্থর গতিতে কোনো এক
অদৃশ্যে মিশে যাক যোগাযোগ সেতু,
ফিরে যাওয়া যাক তুমি আমির ব্যাক্তিগত
খোলোসে।
তুমি আর এই ব্যাপারটা নিয়ে ভেবো না
তুমি তো জানোই আমার গ্রহের সব, জেনেও
কেন জানতে চাও মাঝে মাঝে 'কেমন আছিস বাবু... '
তোমার শহরের লাল রক্ত প্রবাহে মিশে
আছে হয়তো আমার ধমনী কাটা স্রোত,
আঁশটে গন্ধে রোজকার হাজারো মৃত্যুর স্বাক্ষর,
আমারা যার যার মৃত্যু নিজের মত ভাগ
করে নিয়েছি, কারন খবর দেওয়া খবরের
কাগজ গুলোয় এখন লাল রঙে মৃত্যু শোক
লেখা, আর আমি জানি তুমি খবরের
কাগজ পড়ো না, খবর দেখো না,
তোমার সমস্ত যন্ত্রনা উপচে তুমি শুধু
মাত্র কবিতায় ক্ষতবিক্ষত হতে থাকো।
তোমার ভীতু শব্দ জব্দ বারংবার তরবারি
চালিয়ে কবিতার খাতায় সাহস লিখে জেহাদ
করে, আমি এসব জানি, তোমার সম্পুর্নটা
আমি দেখতে পাই... যেমনটা তুমি আমাকে,,
তবুও হঠাৎ টেলিফোনে একটা অচেনা নাম্বার
....আর
খবর পাও আমার আজ সকালে আর
ঘুম ভাঙেনি... তুমি কি একবার আমায়
শেষ দেখা দেখতে আসবে ? নাকি
স্মৃতির পাতা খুলে পুরনো ছবিতে আমাকে
স্পর্শ করবে। আর নিজেকে বলবে তোকে
ভালোবাসতে, তোকে ছুঁতে এমনকি তোকে
দেখতে আমার তোকেও প্রয়োজন নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন