----------------------------
কথাগুলোর স্বেচ্ছামৃত্যু কবেই যেন হয়ে গেছে
তবু প্রেম রয়ে গেছে অভিযোগের অগোচরে,
তুমি আমি থেকে জন্মানো "আমরা" র সেতু--
যোগাযোগ ফুরিয়ে যায় তবু কবরস্থ হয়না
"আমরা " শব্দটা ... শব্দটা নিজেরা বেঁধে বেঁধে
থাকে চুক্তিহীন হয়ে, যেমনটা চোখ কখনো বলে না
আজ থেকে আর আলোর ভোর অথবা অন্ধকার দেখব
না.... অথচ দৃষ্টির স্বেচ্ছা মৃত্যু হয়ে যায়,
এ পৃথিবীতে ভালোলাগা কখনো কড়া নেড়ে
আসে না ভালোবাসার দরজায়...
অযথা সোহাগে উপচানো থাকে পান পাত্র, তবু একদিন
ভালোবাসার স্বেচ্ছামৃত্যু যথার্থ বলেই ধরে নেওয়া
হয়।
বদলে যাওয়া ঠোঁট প্রতিটা মুখস্থ চুম্বনে অভ্যস্ত হয়েই
পড়ে.... সময় যে স্বেচ্ছামৃত্যুর নাম দেয় প্রাক্তন,,
চোখের জলে অজস্র নদীর স্রোত তাদের নতুন
নতুন কাহিনি পাড় ভাঙে বদলায় হৃদয়পুরের
মানচিত্র, বদলে যায় চোখ বদলায় হৃদয়,
স্বেচ্ছামৃত্যুর বিস্তীর্ণতা যেন বেঁচে থাকাকে
নাগপাশে জড়িয়ে নেয়। ভুল করে
কোনো সুইসাইড পয়েন্টে "আমাদের" পা
পিছলে পড়ে.... কেউ জানতে পারে না
এটাও একটা স্বেচ্ছামৃত্যুই ছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন