----------------------------
উপহার চাইছে কিছু একটা, কিছুটা বিস্ময়,
কিছু উৎসব মুহুর্ত এই মন,
ইদানিং দৈনন্দিন গুলো একঘেয়ে রং চটা
দেওয়াল লিখনের মত অবসাদে ভুগছে হয়তো।
রং তুলি ভিজিয়ে চলেছি কেবলি ঘামে,
ভীষণ ইচ্ছা করছে নাম না জানা কোনো এক
নতুন রঙে আকাশে মেঘ আসুক... অদ্ভুত আনজান
নুপুরের ছন্দে আসুক বৃষ্টির এক একটা ফোঁটা....
আমার আসলে কিছুটা বাঁচার রসদ দরকার শেষ
বারের মত।
এই মৃত সভ্যতায় স্টেশনে স্টেশনে প্রিয়জন হারানোর
শোক ছুড়ে ছুড়ে চলে যাচ্ছে অসময়ের আগ্নতুক
কামরা।
পৃথিবী থেকে হারিয়ে গেছে বহুদিন শান্তি, স্বস্তি,
ক্ষিদের পেটে লাথি মেরে পঙ্গপালের দল
নিসস্ব সংগমে বংশবিস্তারের আগে হয়তো
এটাই শেষবারের মত হৃদয় উপহার পেতে চাইছে
কচি ধানে নবান্নের ঘ্রান , মৃত পৃথিবীতে শেষ
উৎসব হিসেবে থেকে যাক সদ্য জন্মানো
শিশুটার হাসি ।
জানি না কাল কোন শুভেচ্ছার আলো নিয়ে সকাল
আসবে কিনা!
আজকাল খবরের শিরোনামগুলোর দিকে চোখ
রাখতে ভয় পাই,
শুধু একবার শেষমেশ অবাক করা আনকোরা
কোন উৎসব আনন্দের মুহুর্ত হয়ে ছুঁয়ে যাক--
তারপর.... তারপর হয়তো নিয়মিত কোন মৃত্যু শোক,
কান্না, অসহায়তা অশরীরির মত আসবেই... পঙ্গপাল
অথবা মহামারি , নতুন কোনো নামকরনে,
কাঁদাতে চাইবে, পোড়াতে চাইবে ,
অথচ আমরা সকলেই তখন পাথর....।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন