---------------------------
আয়না টা ভাঙার শব্দ আমি পেলাম না,
যার সমস্তটায় আমার নিতান্ত ভালো থাকা
গড়িয়ে নামতো আনন্দধারার মতো তার
চুরমার হয়ে ছিটিয়ে যাওয়ার কষ্ট আমায় জানতে
দিলো না, এমনই হয় হয়তো ছেড়ে যাওয়া আশ্রয় গুলো,
নিশব্দে মিশে হারিয়ে যায় ঝড়ের আঘাতে, হত্যা
হয় আর্তনাদ বিহীন , শেষ যাতনাটুকু কেন বলতে
পার সুজন আমারই প্রাপ্য হয় বরাবর,,
টুকরো টুকরো খড়কুটো জড়ো করে কেবল
যেন তাসের ঘর সাজিয়ে চলেছি আমি আর
বিধাতা খেলার ছলে এক একটা গুটির দানে
ভেঙে গুড়িয়ে দিতে মত্ত,
আজ আর কাঁদতে পারলাম কই যেন এ আমার
অবচতনে জানা কাহিনি,
ফুরিয়ে যেতে চাইনি তাই মুখ থেকে ওঠা রক্ত
গিলে ফেলেছি দিন প্রতিদিন, আলোর দেশে
একদিন ফিরবো এমনটাই তো চেয়েছি,
প্রতিটা যুদ্ধে হেরে গিয়েও বুকের ক্ষতদের
উৎসব দিয়ে যন্ত্রনা ভুলিয়ে আগামীর জন্য
প্রস্তুত করেছি.... তবুও আমার দীর্ঘ সময়ের
আয়নাটা আজ নিঃশব্দে ভেঙে গেল...
আমার জমিন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে
গেল আমাদের একসাথের সুখ দুঃখের
সাতকাহন, মুখ ফিরিয়ে ঝড়ের ক্ষতগুলো
আড়াল করে রাখলো শেষ বেলাতেও,
যেন চলে যাওয়ার আগেও আমার জন্যে রেখে
যাওয়া চিরকুটে এঁকে গেল " আমাদের
কাহিনি ফুরোলো নটে গাছটি মুড়োলো।
আজ ঝড়ের বিকেলে আমার আয়নার
বুকে অসংখ্য কাটাকুটি খেলার সাক্ষর
রেখে কে যেন আমায় বলে গেলো তুমি
ফুরিয়ে যাচ্ছ, আমার আয়নাটা আজ
চুরমার হয়ে গেল কালবৈশাখীর ঝড়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন