খিদের ভিতর শুধু ঘুম নেই তাই পুরনো আঘাত ফিরে আসে বুকের পাঁচিলে,
প্রহরিবিহীন ঘরে হামেশাই শরিকি বিবাদরা জড়ো হয় ,
আজকাল একে অপরের সাথে কথা হয় কম যেন
আঙুলে আঙুল মেপে রাস্তার পরিধি চিনেছি নিষেধরা , সে বা আমি বারুদের স্তুপ হয়ে জেগে আছি প্রতিদিন এই পৃথিবীতে ।
সে যে মিথের কথা বলে আমি প্রতিবার শুনে হাসি আর তাকে বলি বড় হয়ে ওঠ তাড়াতাড়ি ,
সে হয়তো কোন দিন বুঝবে না আমাদের মত যারা তাদের না বলা ফরিয়াদ কোন ঈশ্বর নামে মহোদয় এর কাছে কোনো দিন পৌঁছায় না এক জন্মে ,
তাই প্রেমের চেয়ে বিরহ লিখে চিরকাল অমর হয়েছে কবি ।
আজ কাল বুকের চেয়ে পেটের প্রদাহ নিয়ে বেঁচে থাকে মানুষ তবু বলে না ভাত নেই তবু সে আর মিছিলে হাঁটতে রাজি নয় দ্বিধা ও বোধের পাশ দিয়ে ইদানিং বড়সড় পরিখা র জন্ম হয়েছে সমস্ত পৃথিবীর মানচিত্রে ,
অথচ আমি ধর্ম , প্রতিবাদ কোনো কিছুর মিছিলে হাঁটতে চাই নি শুধু তোমার দিকেই গেছে আমার প্রতিটা পথ আমার ঘরের ঠিকানা আজও অভিন্ন রয়েছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন