নিখোঁজ সে দিনের গল্প
সময়ের দরজায় দাঁড়িয়েছে সে এক হৃদয় ঘটিত কাহিনি
উত্তরের বারান্দায় মরসুম বদল দেখতে দেখতে তার রহ্যসে
বুঁদ হচ্ছে মন,
ক্রমশ মিথ্যেগুলো স্বপ্নের গায়ের পোশাক খুলে নিচ্ছে।
রুপকথা নিজেরই ভেতর মরে গেছে হঠাৎ একদিন...
যেমনটা তুমি আমার ভেতর।
সত্যিগুলো কাঁচের বয়ামে কেবল কোনো এক জন্মের
ইতিহাসের মত... অথচ অসম্ভব রকম বোবা,
বালি ঘড়ি ছায়াপথ অতিক্রম করে,... অতিক্রম করে হাতের
রেখায় সাজানো গল্পের মাইলফলক,
হ্যাঁ মুখ গুঁজে কাঁদতে থাকা সত্যিগুলো চোখ মুছে সুখের
আয়োজন শিখে নেয়... আর তারপর কোনো এক তারিখে
মৃত্যুর কবিতার বুকে জন্ম নেয় রঙ বেরঙের হাইড্রেনজিয়া,
তুমি ফুলের রঙ বদল দেখে ভেবে নিয়েছো এ নষ্ট হৃদয়ের গল্প হয়তোবা ,
আসলে তুমি কি জানোনা যে মরসুমে আকাশ, বাতাস, গাছেরা বদলে ফেলে নিজেদের চরিত্র ...।
তুমি কি জানো না এ বদলও এক আলোর দিকে হাঁটতে থাকার নাম... বেঁচে থাকার নাম।
এখনো কি সমস্ত প্রশ্নেরা দ্বিধার চৌকাঠ পেরিয়ে যেতে পারেনি?
শুধু জেনো...
ভাঙা যৌতুকে পাওয়া অদৃশ্য কাঁচের আড়ালে ঈশ্বর
একটা মিথ্যে গল্প লিখলেও ইচ্ছার কাছে বহু গল্পে ঈশ্বরও মাথা নিচু করেন কখনো কখনো। ,
বাকিটা না হয় হৃদয়ঘটিত হয়েই থাক বাকি পথটুকু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন