ফিনিসিং লাইন
মাথার নিউরনে গুঁজে রাখা স্বপ্নেরা নিজেদের সমস্ত বয়ান
লুকিয়ে রাখতে চায় এবার,
আসলে এ শহরে সব কথা বলে ফেলা বারণ
অথচ এ শহরের কোলাহলের সামনে তোমায় কিছু
বক্তব্য রাখতেই হয়।
একটা ভিড় আড়াল করা চিলেকোঠায় কয়েক দিস্তা
লুকিয়ে রাখা যন্ত্রনা নিয়মিত কলেবর বাড়াতে মগ্ন,
এ শহরে তেমন বৃষ্টি আর নামে কই যে আগুনে পুড়তে থাকা
মনকে স্নিগ্ধ স্নান করিয়ে ধুয়ে দিতে পারে যন্ত্রনা !
কল্পনার ছায়া শরীর এর দাহ সেরে মন অভিমানের পাহাড় থেকে নেমে আসে শব্দহীন দীক্ষিত হয়ে ।
মন উপন্যাসের লেখাগুলো একদিন ঠিক মিলে যাবে ভেবেছিলো ,
ভেবেছিলো ফুটপাতে ছড়িয়ে থাকা নিকোটিন
এর যন্ত্রনা আদ্যোপান্ত নখ দিয়ে খুঁটে নিয়ে নিজের খুঁটে বেঁধে ফেলবে সে ঠিক নিজের মত করে,
অথচ নিজস্ব উপন্যাসটাকে দাউ দাউ করে জ্বলতে দেখে
মনে হলো গল্প নয় সময় সত্যি আর সত্যি সময়ের সাপ লুডো
খেলা... একটা ফিনিসিং লাইন আর একটা সময়ের শুরুয়াতে দাড়ি টানে।
#(ফিনিসিং লাইন The hidden story)
.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন