১)আজ-কাল রোজ আকাশ জুড়ে মেঘ আসে
ঈশানী কার্নিশে স্মৃতিরা ঝরে পড়ে
নিয়মকে তোয়াক্কা না করে,
মেয়েটা তূমি কিংবা আমি নয় শুধুমাত্র কারো
আদলে দেখতে হতে পারে... যাকগে সে কথা
মেয়েটা মেঘের হাতছানি দেখতে দেখতে
নগর বন্দর পার হতে থাকে ওর সমস্ত শরীর
চুইয়ে বহুমুখী আলিঙ্গন...সে কিছুই দেখতে পায় না
মেঘ ছাড়া।
২) ছাতার নিচে বিশ্বাসী মুহূর্ত হাঁটছে,
নিয়মের অংক কষে কয়েকটা সিগন্যালে
সময় দাঁড়াবে অপেক্ষা করবে সবুজ চুইয়ে বিশ্বাস
যেন চিরন্তন হয়, আর তারপর শহরের বুকে
সাবধানী গল্পের কানাকানি ফিসফাস কে বুড়ো আঙুল দেখিয়ে পারিজাতে ছবিতে ক্যানভাস ভরে যাবে।
৩)ভিক্ষুক এসে দাঁড়ায় বহমান জীবনের বাসস্ট্যান্ডে
মনের দেওয়ালে বিচ্ছিন্ন প্রতিবাদ ঝুলিয়ে রাখা,
অপেক্ষার দরজা এখন ঠিকানাবিহীন ,
বৃষ্টির জমে থাকা জলে একটা মুখ ভেসে ওঠে
ঠাহর করতে পারি না ভিক্ষুক নাকি রোজকার কিস্তিতে
সেই যাপন ... যে আয়না কিনতে গিয়ে ফিরে আসে কি এক অজানা ভয় কে বুকে নিয়ে।
#সই(ভিজে যাওয়া কয়েকছত্র)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন