প্লাস্টিকের মুখ আর সাজানো হাসি
দিয়ে সেজেগুজে এ শহর বাঁচতে জানে,
এগিয়ে যাওয়ার আশকারায় ঈশ্বরও চাবি
ঘুরিয়ে দম দিয়ে ছেড়ে দেয় সভ্যতায়।
কাঁচের বয়ামে স্বপ্নের হাইব্রিড চারাগাছ রাখা আর
রাতের বিছানায় ভাংচুর মন স্লিপিং পিলের সাথে
সংগম... নিয়মে বাঁধা রিস্তার মাঝে চীনের পাঁচিল
আর সে পাঁচিলে অন্য বুনো ফুলের হাতছানি দেওয়া হাসি,,
রাস্তায় হেঁটে রোজ যে লোকটা মাথায় ঝুড়ি নিয়ে
ফেরি করে তার চোখে নীল স্বপ্নের অবাধ আনাগোনা
তার কাছে জীবনের মাধ্যম একটাই রেডিওতে জয় জয়
শিব শংকর কাঁটা লাগে না কংকর...
তার কাছে কাছের মানুষ কেবল তার খিদের সংসারের
পোষ্য পেট আর নাকে নোলক পরে তেলচুকচুকে মাথায়
শ্রী হীন সংগী,
আসলে ওই লোকটা হয়তো জানে দিনের শেষে
আমার বলতে ... মানে অভিমানে রাগে রোশে
গালাগালিতে যে বা যারা রোজকার ডালে ভাতে থাকে
হয়তো বা সেখানে কখনো কখনো নুনের কমতি থেকে যায়
সেটুকুই সাথে ও পাশে নিজের,,
...অথচ এ শহরে কাঁচের বয়ামের সম্পর্ক গুলো
আজকাল বোড্ড লোভনীয় আর সুস্বাদু
অথচ এ শহরে সুখের নীড় পারিজাতের ভাড়াটে ঘর
অথচ এ শহরে নকল বিক্রি হয় আসলের থেকেও বেশি
দামে,
অথচ এ শহর ভালবাসার নেশায় নয় বোতোলের
নেশায় বুঁদ হয়ে রাত বিছানায় উগলে দেয় ডিপ্রেশনের
নামে স্বৈরাচারী অনিয়মের পাপ।
আসলে প্লাস্টিকের সম্পর্কে সত্যির বাস হয় না
যেটা হয় সেটার নাম সময় কাটানোর নামে আসলেই
নিজেকে ঠকানো।
#সই(প্লাস্টিকের সম্পর্ক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন