এক অদ্ভুত বোঝাপড়ার দায় থেকে নিপাট
মুক্ত এখন তুমি ,
আমিও নিঃসঙ্কোচে ভুলে গেছি সেদিন কেন
তোমার চোখে আমার সর্বনাশ দেখে নিজেকে
হত্যা করেছিলাম .....
ভুলে গেছি বলেই হয়তো নিঃশব্দে মুখাগ্নি করি
বকেয়া হিসেবের কেতাবকে ।
আজকাল চতুর্দিকে প্রেমের মধ্যে এক চাতুর্য পূর্ন
আঁতুরঘর লক্ষ্য করি ....আরো লক্ষ্য করি সেখানে চলে অবিরাম স্যাঁতসেঁতে ভেজা শরীরের খেলা .….,
আমার অবশ্য আজকাল যেকোন রকম খেলা দেখতে বেশ ভালোই লাগে ,
কোথাও গল্পের রাজা হিসেব করে তার ও দেবতার মধ্যে এক পুঁজিবাদী অহংকারের তৃপ্ত
দেওয়াল তুলছে কোথাও বা মানুষ সামাজিক থাকার হিসেব কষছে আর অংক মিলিয়ে নেবার
দুস্তর চেষ্টায় নিজেকে নির্ভুল ভেবে তৃপ্ত হচ্ছে ,
ঠিক যেন নাটকের শেষ অংকের এক নিপাট মিথ্যে
মোড়া অসাধারণ তৃপ্তি ,
আর সেই তৃপ্তিতে জন্ম মৃত্যুর পূর্ণতা খুঁজতে চাইছে , নিঃশব্দে দেখি এসব খেলা অথচ রাজা কিংবা তোমার মাঝের পথে পঞ্চভূতের কোনোটাই জুটিয়ে উঠতে পারা হয় না ,
আমিও হয়তো কখনো বলতে চেয়েছি এমন উপহাসের জীবন কেন হে সখা কেন এমন শ্রেষ্ঠতম অপচয় ? জানি না জানি না কোনদিন এসব কথা বলা হয়ে উঠবে কিনা ............
জান তবু আমি মৃত্যু ফলকের নীচে শুয়ে নতুন
ভোরের স্বপ্ন দেখা ছেড়ে দিতে পারিনি
পারিনি ভালোবাসা নামক শব্দটা অবহেলা করতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন